বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

0
6

আজ রোববার ফাইনাল ম্যাচ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর পর্দা নামছে।   ফাইনাল ম্যাচকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আর্জেন্টিনার ভক্তরা ব্যতিক্রমী আয়োজনে মেতে উঠেছেন। ম্যাচটি রাঙিয়ে তুলতে কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর সদস্যরা।

পবনাপাড় গ্রামের কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে আজ সকাল থেকেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শত শত সমর্থক একজোট হয়ে প্রিয় দলের পক্ষে স্লোগান দিচ্ছেন। এই ক্লাব চত্বরে খেলা উপভোগের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে বড় একটি স্বাস্থ্যবান গরু কিনে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ফাইনাল খেলাকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ৩ শতাধিক স্পটে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী পৃথক পৃথক ভূরিভোজের আয়োজন করেছে। বিভিন্ন গ্রামের ক্লাবে ক্লাবে ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য বড় বড় ডিজিটাল পর্দা (প্রজেক্টর) স্থাপন করা হয়েছে। বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠন ছাড়াও সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে চলছে উপাদেয় খাবারের নানা আয়োজন।

আর্জেন্টিনার ভক্ত বরকতউল্লাহ বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী গত ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষেও এমন বড় ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারা ও ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারও প্রিয় দলের ফাইনাল ম্যাচ উপলক্ষে আমরা ১ লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আছি তারা তো বটেই, তা ছাড়া এলাকার এতিম ও অসহায় মানুষের জন্যও আজ রাতে বিশেষ খাবারের আয়োজন করেছি।

উপজেলা যুবদলের সদস্য সচিব ও আর্জেন্টিনার সমর্থক মান্নান শেখ বলেন, আমরা আর্জেন্টিনার ফাইনাল খেলা উপভোগ উপলক্ষে কান্দি ইউনিয়নের আর্জেন্টিনার সমর্থকেরা মিলে মোট ১২টি স্থানে প্রায় ৮ হাজার লোকের দুপুরের ও রাতের খাবারের আয়োজন করেছি। আমরা সবাই মিলে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগ করব। এখানে দূর-দূরান্ত থেকে যারা খেলা দেখতে আসবে, তাদের সবার জন্যই আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here