দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই রাতে, ভারতের দশম নাকি পাকিস্তানের প্রথম সাফ ফাইনাল

এক হাজার টাকার টিকিট এক লাফে কমিয়ে ২০০ টাকা করেও সেভাবে সাড়া পাচ্ছে না সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। অনলাইনে টিকিট কেনার তোড়জোড় নেই। জাতীয় স্টেডিয়ামের সামনের বুথেও টিকিটের জন্য কোনো লাইন নেই। টিকিটের প্রতি দর্শকের অনাগ্রহী হওয়ার কারণটা সবারই জানা। নিজ আঙিনার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই হামজা চৌধুরী-শমিত সোমের বাংলাদেশ। তারপরও দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা লড়াই নিয়ে কিছুটা উন্মাদনা আছে। সেটি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই বলেই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত রেকর্ড দশম ট্রফির সামনে। বিপরীতে নিজেদের ফুটবল ইতিহাসে সাফের প্রথম শিরোপার হাতছানি পাকিস্তানের। জাতীয় স্টেডিয়ামে আজকের ফাইনালে দুদল মুখোমুখি হবে রাত ৮টায়।

সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার টানা তৃতীয়বার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়তে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে, পাকিস্তানের সামনে অপেক্ষা করছে ইতিহাস গড়ার সুযোগ। এর আগে কখনও সাফের ফাইনালে খেলেনি দলটি। এবার প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা। তবে ফাইনালের আগে দুই দলের পথচলা ছিল দুই রকম। গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্লু টাইগার্সরা। যদিও শেষ দিকে দুই গোল করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। এবার তাই সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্য থাকবে তাদের।

সেমিফাইনালে ভারত ২-১ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর পাকিস্তান শিবিরে আত্মবিশ্বাসের পারদ এখন বেশ উঁচুতে। নকআউট পর্বে বিদেশে খেলা কয়েকজন ফুটবলার দলে যোগ দেওয়ায় পাকিস্তানকে আগের চেয়ে শক্তিশালী মনে করছেন ভারতের কোচ নওশাদ মুসাও।

সোমবার ফাইনাল-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেন, ‘দেখুন, প্রতিটি ম্যাচই শেখার একটি মাধ্যম। আর আপনি যদি পাকিস্তান দলকে দেখেন, আমাদের বিপক্ষে যে দলটি খেলেছিল এবং বাংলাদেশের বিপক্ষে যে দলটি খেলেছে– দুটো সম্পূর্ণ আলাদা দল। আমাদের জয়ের পর আমাকে এই প্রশ্ন করা হয়েছিল এবং আমি সংবাদমাধ্যমকে বলেছিলাম, আমরা যে পাকিস্তান দলের বিপক্ষে খেলেছি, সেটি তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড ছিল না। আমি তখনই বলেছিলাম, ওই খেলোয়াড়রা ফিরে এলে তারা ভিন্ন এক দলে পরিণত হবে। আর অবশ্যই আমরা তাদের নিয়ে বিশ্লেষণ করছি; তারা কীভাবে খেলে এবং কী কী করে, তা আমরা পর্যবেক্ষণ করছি। তাই নিশ্চিতভাবেই আগামীকাল আপনারা একটি রোমাঞ্চকর ম্যাচ দেখতে পাবেন।’

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর