কক্সবাজারের ডলফিন বিচে শুরু হয়েছে জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও মহিলা উন্মুক্ত)। বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় শুক্রবার সৈকতে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি নাছিমা চৌধুরী শিরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন সাদ্দাম প্রধান অতিথিকে এবং যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা লিংকন বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিচ ভলিবল উপ-কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম মুকুল, উপ-কমিটির সম্পাদক ও ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. ইমরান হায়দার কাঞ্চনসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।
এবারের আসরে ১৭টি সংস্থা, বাহিনী, ক্লাব, জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৪টি পুরুষ এবং ১২টি নারী দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, কক্সবাজার জেলা, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা, বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম, নীলসাগর স্পোর্টিং ক্লাব, এলিট স্পোর্টিং ক্লাব, ঢাকা স্পোর্টিং ক্লাব, মাল্টিফ্যাবস স্পোর্টিং ক্লাব ও তিতাস ক্লাব।
প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নীলসাগর গ্রুপ। হসপিটালিটি পার্টনার ডিভাইন ইকো রিসোর্ট ও হোটেল সিলভার বে, পার্টনার অ্যাকশনএইড এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে একুশে টেলিভিশন। আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।


