নারী ফুটবলে নতুন চমক চাঁদপুর স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের নারী ফুটবলে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন দল। সেই পথচলায় নতুন করে আলোচনায় চাঁদপুর স্পোর্টিং ক্লাব। নারী ফুটবলে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করার স্বপ্ন নিয়ে দল গড়তে যাচ্ছে ইলিশের জন্য বিখ্যাত এই জেলা।

ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া মেয়েদের লিগে শুধু অংশগ্রহণ নয়, মাঠের পারফরম্যান্স দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় চাঁদপুরের এই ক্লাবটি। এরই মধ্যে ঋতুপর্ণা চাকমা, কৃষ্ণা রানী সরকার, শিউলি আজিম, মোসাম্মত সাগরিকা ও উমহেলা মারমার মতো জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ফুটবলারের সঙ্গে কথা পাকাপাকি করেছে ক্লাবটি।

শুধু অভিজ্ঞদেরই নয়, উদীয়মান ফুটবলারদের দিকেও নজর তাদের। বিদেশি ফুটবলার হিসেবে আফ্রিকান দেশ উগান্ডা থেকে খেলোয়াড় আনতে চান বলে গতকাল সমকালকে নিশ্চিত করেছেন চাঁদপুর স্পোর্টিং ক্লাবের ম্যানেজার মারুফ হাসান সিকদার, ‘আমরা শুধু অংশ নিতেই নয়, একটা আলোড়ন সৃষ্টি করতে চাই। সেই জন্য জাতীয় দলের তারকা ফুটবলারের সঙ্গে উদীয়মানদের দিকে নজর। একই সঙ্গে ভালো মানের বিদেশি এনে দলকে শক্তিশালী করতে চাই, যেন শিরোপার জন্য লড়াই দিতে পারি।’

একসময় নারী ফুটবল ছিল নির্দিষ্ট কিছু দলের আধিপত্যে। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে সেই চিত্র। নতুন দলগুলোর অংশগ্রহণে বাড়ছে প্রতিযোগিতা, তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনারই আরেকটি নাম চাঁদপুর স্পোর্টিং ক্লাব। চাঁদপুরের ফুটবলে নতুন স্বপ্নের নাম হয়ে উঠতে চায় ক্লাবটি। দলটির লক্ষ্য প্রতিভাবান নারী ফুটবলারদের নিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তোলা।

নিয়মিত অনুশীলন, দলীয় সমন্বয় এবং ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়াতে চায় তারা। এরই মধ্যে ফুটবলারদের জন্য আবাসস্থলও ঠিক করে ফেলেছে চাঁদপুর স্পোর্টিং ক্লাব। দল গোছানো শেষ হলে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন লিগ শুরুর তারিখ চূড়ান্ত করলে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে ক্লাবটি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর