Home Blog

মানসিক ক্লান্তি কাটাতে জাপানি পদ্ধতি ‘ফরেস্ট বাথিং’

অফিসে কাজের কাজ, পারিবারিক ঝামেলা, বাচ্চাদের পড়াশোনা -সব মিলিয়ে ব্যস্ত জীবন। কাজের ফাঁকে একটু শ্বাস নেওয়ার সময়ও নেই কারওরই। কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে কখনও কখনও হাঁপ ধরে যায়। ক্লান্তি যখন চরমে পৌঁছায়, তখন ক’দিনের জন্য কোথাও যেতে পারলে শান্তি লাগে। চাইলেই সব সময়  পাহাড়, সমুদ্র  কিংবা ঘন অরণ্যে সপ্তাহের ছুটি কাটানোর সময় মলে না। তাই, ব্যস্ততার ভিড়েই একটুখানি সবুজে ডুব দিয়ে অবসাদ ঝরানোর নতুন পদ্ধতি ‘ফরেস্ট বাথিং’।

ফরেস্ট বাথিং কী?
ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর বর্তমানের যান্ত্রিকতা মানুষকে অনেকটা খাঁচাবন্দি করে ফেলেছে। এই অস্বস্তি থেকে মুক্তি দিতেই আশির দশকে জাপানে শুরু হয়েছিল এক অভিনব চর্চা। ১৯৮২ সালে জাপানের ফরেস্ট্রি এজেন্সি প্রথম ‘শিনরিন-ইয়োকু’ বা ফরেস্ট বাথিংয়ের ধারণা আনে। জাপানি ভাষায় এর অর্থ বনের জলে স্নান। তবে এখানে পানির ছিটেফোঁটাও নেই। রয়েছে কেবল গাছের ছায়া, পাতার মর্মর আর বুনো মাটির সুগন্ধ।

যেভাবে কাজ করে এই থেরাপি
ফরেস্ট বাথিং মানে কিন্তু কোনও কঠিন পাহাড়ি ট্র্যাকিং বা ফিটনেস এক্সারসাইজ নয়। এর মূল শর্ত হল সমস্ত ডিভাইসের থেকে দূরে থাকা। পকেটের মোবাইল ফোনটা বন্ধ করে বা বাড়িতে রেখেই এই পথে হাঁটতে হয়। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মতে, প্রকৃতির দৃশ্য, শব্দ আর গন্ধের এই সচেতন অভিজ্ঞতা মানুষের মনের সমস্ত চাপ এক নিমেষে দূর করে দিতে পারে। এতে মন শান্ত হয়। চিন্তাগুলো পরিষ্কার হতে শুরু করে।

ইন্দ্রিয়ের দরজায় কড়া নাড়ে প্রকৃতি
বাড়ি কাছাকাছি কোনও পার্ক, লেকধারের চত্বর কিংবা বড় গাছঘেরা কোনও শান্ত রাস্তা খুঁজে নিন। খুব আস্তে আস্তে সেই পথ ধরে হাঁটুন। পাতার ফাঁক দিয়ে নেমে আসা রোদের ঝিলিক দেখুন। বুক ভরে মাটির গন্ধ নিন। গাছের পাতায় হাওয়ার মৃদু আওয়াজ শুনুন। প্রকৃতির এই ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করুন। দেখবেন মনে এক হালকা অনুভূতি হচ্ছে।

ব্যস্ত শহরের বুকে এক টুকরো অরণ্য
দূরে কোথাও যাওয়ার কোনও দরকার নেই। বাড়ির ধারেকাছে কোনও গাছের তলায় কয়েকটা মিনিট চুপ করে বসে থাকুন। কোনও লক্ষ্য নেই, গন্তব্যও নেই। শুধু সময়ের হিসেব ভুলে প্রকৃতির কোলে নিজেকে সমর্পণ করুন। এই সহজ অভ্যাসটিই আপনার ভেতরের আধ্যাত্মিক সংযোগকে জাগিয়ে তোলে। মন হবে শান্ত।

রূপপুর থেকে জানুয়ারিতে ১১০০-১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। প্রথম ধাপে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। পরে কিছু পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা সন্তোষজনক হলে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে আগামী জানুয়ারির মধ্যে ১১০০ থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। এ সময় কেন্দ্রটি থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিকাল ৩টা ৪৫ মিনিটে উৎপাদনের পরিমাণ ছিল ৩৫০ মেগাওয়াট বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক এ কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রটির ট্রায়াল রান বা পরীক্ষামূলক পরিচালনার নতুন ধাপ শুরু হলো।

প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন ও জেনারেটরের কার্যক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো পরীক্ষা করা হবে।

পরমাণু শক্তি কমিশন জানায়, প্রতিটি ধাপের পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর আবার জাতীয় গ্রিডে যুক্ত করে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, মঙ্গলবার প্রথমবারের মতো গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা করা হয়েছে। এ সময় জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ করে পরীক্ষা চালানো হয়। সর্বোচ্চ ৩৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সবকিছু ঠিকঠাকভাবে চলায় বর্তমানে উৎপাদন কমিয়ে ৩০০ মেগাওয়াট পর্যন্ত এনে স্থিতিশীল অবস্থায় রাখা হয়েছে। আরও কিছু পরীক্ষা বাকি রয়েছে। দুই-এক দিন এভাবে চালানোর পর পরবর্তী পরীক্ষাগুলো করা হবে। এরপর ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।

জানুয়ারির মধ্যে ১১০০ থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “এগুলো সবকিছু কিন্তু ন্যাশনাল গ্রিডেই যাবে। ন্যাশনাল গ্রিডে আস্তে আস্তে সব যাবে।”

মানুষের ঘরে কবে বিদ্যুৎ পৌঁছাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবারের সফল পরীক্ষা বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখন ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে জানুয়ারির দিকে ১১০০ থেকে ১২০০ মেগাওয়াটে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে সোমবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক কবীর হোসেন বলেছিলেন, গ্রিড সিনক্রোনাইজেশন মূলত একটি পরীক্ষা। এর মাধ্যমে জাতীয় গ্রিড বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ গ্রহণ করতে পারছে কি না, তা যাচাই করা হয়। প্রথমবারের মতো এ পরীক্ষা চালানোর সময় পাঁচ বা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। পরীক্ষার ফলের ভিত্তিতে পরবর্তী সময়ে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১১ অক্টোবর রূপপুরের প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। ওই দিন বিকাল ৩টা ৩৪ মিনিটে এ প্রক্রিয়া শুরু হয়েছিল। পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া শুরুর এ পর্যায়কে বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। এ পর্যায়ে চুল্লির ভেতরে পারমাণবিক জ্বালানি থেকে নিয়ন্ত্রিতভাবে তাপ উৎপন্ন হতে শুরু করে।

২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা

কানাডায় ২০২৭ সালে নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে অতিরিক্ত আরও ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি বা পিআর) সুযোগ দিতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। এ উদ্যোগের আওতায় অগ্রাধিকার পাবেন কানাডায় কর্মরত অভিবাসী, তাদের পরিবারের সদস্য এবং মানবিক বিবেচনায় থাকা নির্দিষ্ট শ্রেণির আবেদনকারীরা।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) প্রকাশিত ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় এ বিশেষ উদ্যোগের কথা বলা হয়েছে। এতে দুটি পৃথক শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ করে মোট ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ এ উদ্যোগ শুধু ২০২৭ সালের জন্য কার্যকর হবে। এটি নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রার অতিরিক্ত।

কর্মজীবীদের জন্য ১ লাখ সুযোগ
বিশেষ উদ্যোগের প্রথম শ্রেণিতে কুইবেকের বাইরে কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ইতিমধ্যে কর্মরত সর্বোচ্চ ১ লাখ মানুষ এবং তাদের যোগ্য পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী নির্বাচন করা হবে।

এ কর্মসূচির আওতায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির (পিএনপি) মাধ্যমে স্থায়ী বসবাসের যোগ্য কর্মীদের পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট অভিবাসন কর্মসূচিতে আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিরাও সুযোগ পেতে পারেন।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে নতুন ব্যবসা উদ্যোগ কর্মসূচি, স্বনিয়োজিত ব্যক্তিদের কর্মসূচি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের পরীক্ষামূলক কর্মসূচি এবং গৃহভিত্তিক পরিচর্যা কর্মী কর্মসূচি।

মানবিক বিবেচনায় আরও ১ লাখ
বিশেষ উদ্যোগের দ্বিতীয় শ্রেণিতে মানবিক ও পারিবারিক বিবেচনায় সর্বোচ্চ ১ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এ তালিকায় রয়েছেন কানাডায় বসবাসরত হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাস কর্মসূচির অপেক্ষমাণ আবেদনকারী, ইউক্রেনীয় নাগরিকদের পরিবার পুনর্মিলন কর্মসূচির আবেদনকারী, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় নীতিগতভাবে অনুমোদন পাওয়া ব্যক্তিরা এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তানেরা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাসের পথের অপেক্ষমাণ আবেদনগুলো নিষ্পত্তি করে সর্বোচ্চ ৩২ হাজার মানুষকে এবং ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১৮ হাজার ৮০০ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া মানবিক বিবেচনায় নীতিগতভাবে অনুমোদন পাওয়া সর্বোচ্চ ১২ হাজার ৬০০ আবেদনকারী এবং কানাডায় বসবাসরত নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সর্বোচ্চ ৪৫ হাজার স্বামী-স্ত্রী ও নির্ভরশীল সন্তান এ উদ্যোগের আওতায় আসতে পারেন।

নিয়মিত লক্ষ্যমাত্রার বাইরে বিশেষ উদ্যোগ
২০২৭ সালে কানাডার নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮০ হাজার। এর বাইরে অতিরিক্ত ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের মূল লক্ষ্য, নতুন করে বিদেশ থেকে বিপুলসংখ্যক অভিবাসী আনার পরিবর্তে কানাডায় আগে থেকেই বসবাস ও কর্মরত এবং দেশটির অর্থনীতি ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেওয়া। এর ফলে দীর্ঘদিনের আবেদনজট কমবে, কর্মজীবীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর হবে এবং পরিবার পুনর্মিলনের সুযোগ বাড়বে বলে আশা করছে সরকার।

তবে এটি নতুন কোনো অভিবাসন কর্মসূচি নয়। একইভাবে সবার জন্য নতুন করে আবেদন গ্রহণের ঘোষণাও দেওয়া হয়নি। নির্দিষ্ট কর্মসূচিতে আগে থেকে আবেদন করা কিংবা ঘোষিত যোগ্যতার আওতায় থাকা ব্যক্তিদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য এ অতিরিক্ত সুযোগ রাখা হয়েছে। যোগ্য আবেদনকারীদের আলাদা করে আবেদন করতে হবে না; সরকারের নির্ধারিত প্রক্রিয়ায় তাদের আবেদন বিবেচনা করা হবে।

কানাডায় দীর্ঘদিন ধরে কাজ করে জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলা হাজারো অভিবাসী পরিবারের জন্য সরকারের এ উদ্যোগ স্থায়ী বসবাসের স্বপ্ন পূরণের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ‘সেভেন আপ’, ভিনির হ্যাটট্রিক

০

জাপানের কাছে হারের ক্ষত দারুণভাবেই মুছল ব্রাজিল। ৩-২ গোলে হেরে সমালোচনার মুখে পড়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার সিঙ্গাপুরকে পেয়ে মেতে উঠল গোল উৎসবে। স্বাগতিকদের জালে একে একে সাতবার বল পাঠিয়েছে কার্লো আনচেলত্তির দল। আর সেই গোল উৎসবের মধ্যমণি ভিনিসিয়ুস জুনিয়র। মাত্র ২১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

মঙ্গলবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৭-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। ভিনিসিয়ুসের তিন গোলের পাশাপাশি একটি করে গোল করেছেন এন্দ্রিক ও রায়ান। অন্য দুটি গোল এসেছে এস্তেভাও উইলিয়ান ও অ্যালানের শট থেকে।

ম্যাচের শুরু থেকেই সিঙ্গাপুরের ওপর চড়াও হয় ব্রাজিল। নবম মিনিটেই প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়ুস। মাঝমাঠে সিঙ্গাপুর অধিনায়ক হারিস হারুনের ভুল পাস থেকে বল পেয়ে আক্রমণ সাজান ব্রুনো গিমারেস। তার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনি।

এরপর ব্যবধান দ্বিগুণ করতে সময় নেন মাত্র ছয় মিনিট। এন্দ্রিকের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ১৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান তারকা। আর ২১ মিনিটে এস্তেভাও উইলিয়ানের ক্রস থেকে সহজ ফিনিশিংয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ব্রাজিল। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে স্কোরলাইন ৪-০ করেন এন্দ্রিক। প্রথমার্ধে আরও দুবার সিঙ্গাপুরের জালে বল পাঠিয়েছিল ব্রাজিল। তবে ফাউল ও অফসাইডের কারণে গোল দুটি বাতিল হয়ে যায়।

বিরতির পরও ব্রাজিলের আক্রমণের ধার কমেনি। ৫১ মিনিটে এস্তেভাওয়ের নেওয়া শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। তাতে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। এর এক মিনিট পর পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। কিন্তু ফারহান জুলকিফলির শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ৬৫ মিনিটে দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে ব্রাজিলের ষষ্ঠ গোলটি করেন রায়ান। ৭৪ মিনিটে অ্যালানের শট সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমির গায়ে লেগে জালে ঢুকলে স্কোরলাইন দাঁড়ায় ৭-০।

ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সিঙ্গাপুরের সামনে। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। ফলে নিজেদের মাঠে কোনো গোল ছাড়াই ম্যাচ শেষ করতে হয় স্বাগতিকদের।

এর আগে একই মাঠে জাপানের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি ভিনিসিয়ুস। তবে সিঙ্গাপুরের বিপক্ষে এবার তার হ্যাটট্রিকেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। সমালোচনার জবাবও দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই রাতে, ভারতের দশম নাকি পাকিস্তানের প্রথম সাফ ফাইনাল

০

এক হাজার টাকার টিকিট এক লাফে কমিয়ে ২০০ টাকা করেও সেভাবে সাড়া পাচ্ছে না সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। অনলাইনে টিকিট কেনার তোড়জোড় নেই। জাতীয় স্টেডিয়ামের সামনের বুথেও টিকিটের জন্য কোনো লাইন নেই। টিকিটের প্রতি দর্শকের অনাগ্রহী হওয়ার কারণটা সবারই জানা। নিজ আঙিনার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই হামজা চৌধুরী-শমিত সোমের বাংলাদেশ। তারপরও দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা লড়াই নিয়ে কিছুটা উন্মাদনা আছে। সেটি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই বলেই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত রেকর্ড দশম ট্রফির সামনে। বিপরীতে নিজেদের ফুটবল ইতিহাসে সাফের প্রথম শিরোপার হাতছানি পাকিস্তানের। জাতীয় স্টেডিয়ামে আজকের ফাইনালে দুদল মুখোমুখি হবে রাত ৮টায়।

সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার টানা তৃতীয়বার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়তে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে, পাকিস্তানের সামনে অপেক্ষা করছে ইতিহাস গড়ার সুযোগ। এর আগে কখনও সাফের ফাইনালে খেলেনি দলটি। এবার প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা। তবে ফাইনালের আগে দুই দলের পথচলা ছিল দুই রকম। গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্লু টাইগার্সরা। যদিও শেষ দিকে দুই গোল করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। এবার তাই সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্য থাকবে তাদের।

সেমিফাইনালে ভারত ২-১ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর পাকিস্তান শিবিরে আত্মবিশ্বাসের পারদ এখন বেশ উঁচুতে। নকআউট পর্বে বিদেশে খেলা কয়েকজন ফুটবলার দলে যোগ দেওয়ায় পাকিস্তানকে আগের চেয়ে শক্তিশালী মনে করছেন ভারতের কোচ নওশাদ মুসাও।

সোমবার ফাইনাল-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেন, ‘দেখুন, প্রতিটি ম্যাচই শেখার একটি মাধ্যম। আর আপনি যদি পাকিস্তান দলকে দেখেন, আমাদের বিপক্ষে যে দলটি খেলেছিল এবং বাংলাদেশের বিপক্ষে যে দলটি খেলেছে– দুটো সম্পূর্ণ আলাদা দল। আমাদের জয়ের পর আমাকে এই প্রশ্ন করা হয়েছিল এবং আমি সংবাদমাধ্যমকে বলেছিলাম, আমরা যে পাকিস্তান দলের বিপক্ষে খেলেছি, সেটি তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড ছিল না। আমি তখনই বলেছিলাম, ওই খেলোয়াড়রা ফিরে এলে তারা ভিন্ন এক দলে পরিণত হবে। আর অবশ্যই আমরা তাদের নিয়ে বিশ্লেষণ করছি; তারা কীভাবে খেলে এবং কী কী করে, তা আমরা পর্যবেক্ষণ করছি। তাই নিশ্চিতভাবেই আগামীকাল আপনারা একটি রোমাঞ্চকর ম্যাচ দেখতে পাবেন।’

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা সোমবার

০

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভাটি আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় মালিক পক্ষ ন্যূনতম মজুরি প্রস্তাব দেবেন এবং এ বিষয়ে আলোচনা হবে। আজ মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিক পক্ষের ন্যূনতম মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। এ বিষয়ে মালিকপক্ষের প্রস্তুতিও ছিল। তবে অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। পরে জানা গেছে, মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের দুই প্রতিনিধির একজন মো. আনোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়েছে।

এর আগে মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৯ নভেম্বর মালিক ও শ্রমিক পক্ষের ন্যূনতম মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। ওই দিনের সভায় শ্রমিক পক্ষ তাদের প্রস্তাব জমা দেয়। তারা ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব করে। তবে মালিক পক্ষ মজুরির প্রস্তাব না দিয়ে সাত কর্মদিবস সময় চেয়েছিল। মজুরি বোর্ড সাত কর্মদিবসের পরিবর্তে চার কর্মদিবসের মধ্যে মজুরি প্রস্তাব দেওয়ার জন্য সময় বেঁধে দেয়।

মজুরি বাড়ানোর দাবিতে গত দুই সপ্তাহ ধরে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। হাজিরা দিয়ে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। সড়কে বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন তারা। এই প্রেক্ষিতে ১ নভেম্বর মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

এর মধ্যে দুটি বৈঠক হয়েছে বোর্ডের। ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম বৈঠকেই শ্রমিক পক্ষের প্রতিনিধির দাবি মেনে আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে সম্মত হয় বোর্ড। শ্রমিকদের দাবি মেনে নিলেও শ্রম অসন্তোষ বন্ধ হয়নি।

এতে উৎপাদন ও রপ্তানি চরমভাবে ব্যাহত হয়। অনেক কারখানা মালিক শ্রম আইনের ১৩/১ ধারায় কারখানা বন্ধ রাখতে বাধ্য হন। রোববার এই ধারায় ১০৪টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে সোমবার ১৩২টি কারখানা বন্ধ ছিল।

গোপালগঞ্জ নিয়ে সরকারের বক্তব্য হতাশাব্যঞ্জক: জামায়াত আমির

০

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের প্রতি ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের কোনো কোনো জায়গায় যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের। এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য হতাশাব্যঞ্জক। অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এ দেশে হবে না।

সোমবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এসব কথা বলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় নির্বাহী পরিষদের সদস্যসহ কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি আমাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য আমাদের কাজ করে যেতে হবে।

জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। বরাবরই বলছি, সংসদে আমাদের অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে, ইনশাআল্লাহ।

বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। স্পষ্ট কথা, জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায়  ইতোমধ্যে সংসেদ নোটিশ দিয়েছি। যদি নোটিশের বিষয়গুলোয় সংসদে জবাব না পাই, তবে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে।

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

০

উপমহাদেশের রাজনীতির কিংবদন্তি, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৯৬ বছর বয়সে মারা যান তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কৃষক-শ্রমিক, মেহনতি মানুষ ও অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সোচ্চার ছিলেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানবিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ভাসানী অনুসারীরা আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবেন। টাঙ্গাইলের সন্তোষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানাবেন।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা ভাসানীর আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাঁকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এক বাণীতে মজলুম জননেতার অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি পালন করবে বিএনপি। দেশের অন্যান্য স্থানেও সামাজিক ও রাজনৈতিক উদ্যোগে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’র আয়োজন করা হয়েছে।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের সয়া ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। সিরাজগঞ্জে জন্ম হলেও তাঁর জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। কৈশোর থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। পরবর্তী সময়ে কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, জমিদারিপ্রথার বিরুদ্ধে আন্দোলন এবং শোষণ-বৈষম্যের প্রতিবাদে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সরকারি কর্মকর্তাদের কেউ আ.লীগের সঙ্গে যুক্ত কি না, নজরদারিতে রাখা হচ্ছে: তথ্য উপদেষ্টা

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা না। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন।’

তবে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।’

সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততা কীভাবে নজরদারি করা হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে রাজি হননি উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের “মেকানিজম” আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে।’

তবে কোন প্রক্রিয়ায় বা কোন সংস্থার মাধ্যমে এ তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

রাজধানী ঢাকার পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতে অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসার বাথরুমে আট বছরের শিশুটিকে আটকে রেখে ধর্ষণের পর হত্যা করা হয়। লাশ গুমের উদ্দেশ্যে ছুরি দিয়ে শিশুটির মাথা বিচ্ছিন্ন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধবিচ্ছিন্ন করা হয়। পরে মরদেহ বাথরুমের একটি বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।

এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। মামলায় সোহেল রানা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় দেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ শিশুটির উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় মামলাটির রায় ঘোষণা করা হয়েছিল।

পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন ধার্য করা হয়েছে।

শিশুটির বাবা পরিবারের সদস্যদের নিয়ে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একই বাসার অন্য একটি ফ্ল্যাটে সাবলেটে থাকতেন আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি বাসা থেকে বের হয়। এ সময় একই ভবনের ভাড়াটে কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন। সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠাতে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান মা। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙেন। ভেতরে সোহেলের শয়নকক্ষের মেঝেতে শিশুর মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমে একটি বালতিতে মাথা পাওয়া যায়।