Home Blog

শীতের শুরুতে চুলের যত্নে ৫ ভুল নয়

হালকা শীত পড়লেই মাথার চুল আগের চেয়ে বেশি পরিমাণে পড়তে শুরু করে। ফ্লোর, ওয়াশরুম এমনকি জামা কাপড়েও চুল পড়ে থাকে। কারণ শীতে চুল ও মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। এতে বাড়ে চুলকানি ও খুশকির সমস্যা। তাই চুল ভালো রাখতে এই সময়ে কিছু ভুল করা যাবে না।

খুব গরম পানিতে চুল ধোওয়া 
শীতের সকালে গরম পানিতে গোসল করতে ভালো লাগলেও চুলের জন্য অতিরিক্ত গরম পানি একেবারেই ভালো নয়। এতে মাথার ত্বকের স্বাভাবিক তেল কমে গিয়ে ত্বক আরও শুষ্ক হয়ে পড়তে পারে। তাই চুল ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করুন। প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। চুল ও মাথার ত্বকের ধরন বুঝে শ্যাম্পু করার অভ্যাস তৈরি করুন।

মাথার ত্বকেরও যত্ন না নেওয়া 
শীতে অনেকের মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। শুরু হয় চুলকানি, খুশকি এবং চামড়া ওঠার সমস্যা। তাই চুলের পাশাপাশি স্ক্যাল্পের যত্ন নেওয়াও জরুরি। নিজের মাথার ত্বকের উপযোগী মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। চুলকানি হলে নখ দিয়ে মাথা চুলকাবেন না। আবার মাথায় সাদা সাদা খোসা উঠলেই তেল মাখতে শুরু করবেন না। কারণ শুষ্ক স্ক্যাল্প আর খুশকি দেখতে একই রকম হলেও দুটির যত্নের পদ্ধতি আলাদা হতে পারে।

ভেজা চুল আঁচড়ানো
গোসলের পর ভেজা চুল খুব সহজেই জট পাকিয়ে যায়। তখন চিরুনি দিয়ে জোরে আঁচড়ালে চুল ছিঁড়ে যেতে পারে। তাই বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন এবং ধীরে ধীরে জট ছাড়ান। পাশাপাশি হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা অন্যান্য হিট স্টাইলিং যন্ত্রের ব্যবহার কমান। অতিরিক্ত তাপে চুল আরও রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে।

কন্ডিশনার ব্যবহার না করা
অনেকেই শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করেন না। এতে চুল রুক্ষ হয়ে যায়। চুলের মাঝের অংশ থেকে আগা পর্যন্ত কন্ডিশনার লাগালে কোমল থাকবে চুল। চুল খুব বেশি জট পাকালে লিভ-ইন কন্ডিশনারও কাজে আসতে পারে। মাঝে মধ্যে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। তবে একসঙ্গে অনেক রকম প্রোডাক্ট ব্যবহার না করে চুলের ধরন বুঝে প্রয়োজনীয় জিনিস বেছে নিন।

খাবার ও অভ্যাসেও নজর না দেওয়া
সঠিক খাদ্যভ্যাসের অভাবেও চুল ঝরে। শুধু বাইরে থেকে যত্ন নিলেই চুল ভালো থাকবে, এমনটা নয়। খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। প্রতিদিনের ডায়েটে পর্যাপ্ত প্রোটিন ও শাকসবজি রাখুন। পর্যাপ্ত পানি পান করুন এবং ঠিকমতো ঘুমান। চুল ভেঙে যাওয়ার সমস্যা থাকলে খুব শক্ত করে চুল বাঁধবেন না। বিশেষ করে কপালের কাছের চুলে টান পড়ে এমন হেয়ারস্টাইল এড়িয়ে চলুন।

প্রথমবার অস্কারজয়ী রাসেল ক্রোর বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া

০

প্রথমবারের মতো হলিউডের অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তাদের একসঙ্গে দেখা যাবে ‘ব্লুফ্লাই’ নামে একটি সায়েন্স ফিকশন ও অ্যাকশন-থ্রিলার সিনেমায়। নিমরোদ আনতাল পরিচালিত ছবিটির শুটিং শুরু হয়েছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এতে আরও অভিনয় করছেন মাইকেল চিকলিস ও ড্যানিয়েল ম্যাকফারসন। সিনেমাটিতে মাইলা রিস নামে জাতিসংঘের একজন অনুবাদকের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

অন্যদিকে রাসেল ক্রোকে দেখা যাবে বেনি নামে সাবেক এক পাইলটের ভূমিকায়। কঙ্গোর গভীর জঙ্গলে একটি রহস্যময় সামরিক উড়োজাহাজ উদ্ধারের গোপন অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। সেই অভিযানে যুক্ত হন মাইলা ও বেনি। কিন্তু অভিযান যত এগোয়, ততই সামনে আসতে থাকে অজানা বিপদ ও রহস্য। একপর্যায়ে তাদের লড়তে হয় বেঁচে থাকার জন্য।

প্রিয়াঙ্কার জন্য চরিত্রটি বেশ আলাদা। এর আগে ‘সিটাডেল’, ‘দ্য ব্লাফ’-এর মতো কাজে অস্ত্র হাতে অ্যাকশন দৃশ্যে দেখা গেছে তাঁকে। তবে এবার তাঁর প্রধান শক্তি অস্ত্র নয়, ভাষা।

613643397 18574179028041483 4013786339657186420 n 1795342128

সম্প্রতি ‘হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, চরিত্রটির প্রতি আগ্রহ তৈরির অন্যতম কারণ জাতিসংঘের অনুবাদকদের কাজ। প্রায় ১৫ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করার সুবাদে বিভিন্ন জাতিসংঘের অনুবাদকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে তাঁর। যুদ্ধবিধ্বস্ত এলাকায় তাদের সাহসিকতা ও দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে মুগ্ধ করেছে।

প্রিয়াঙ্কার ভাষায়, অনুবাদকের কাজ কেবল একটি ভাষার শব্দ অন্য ভাষায় রূপান্তর করা নয়; বরং বক্তার বক্তব্যের অন্তর্নিহিত অর্থ ও উদ্দেশ্যও যথাযথভাবে তুলে ধরা। তাই চরিত্রটির প্রতি সুবিচার করতে চান তিনি। এ জন্য সোয়াহিলি, জুলু ও লিঙ্গালা-আফ্রিকার এই তিন ভাষার সংলাপ শেখার প্রস্তুতি নিচ্ছেন ভাষা প্রশিক্ষকের কাছে। নিজের ভাষা ও সংস্কৃতির ভুল উপস্থাপন নিয়ে সচেতন প্রিয়াঙ্কা মনে করেন, পর্দায় অন্য সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রেও যথেষ্ট দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

অ্যাকশন দৃশ্যে অস্ত্র হাতে অভিনয় প্রসঙ্গে মজা করে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমার হাতে অস্ত্র থাকলে আমাকে ভালোই দেখায়।’ তবে ‘ব্লুফ্লাই’-এ তিনি ভাষার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করতে চান। চরিত্রটির মধ্যে এক ধরনের কোমলতা ও মানবিক দিক খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

659015889 18597746443041483 6051197752408917132 n 1795342141

এদিকে বর্তমানে প্রিয়াঙ্কার হাতে রয়েছে আরও কয়েকটি বড় আয়োজন। দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় ফিরছেন তিনি। এসএস রাজামৌলির পরিচালনায় মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে ‘বারাণসী’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এতে মান্দাকিনি চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

আগামী ৭ এপ্রিল ২০২৭ ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া অরল্যান্ডো ব্লুমের বিপরীতে ‘রিসেট’ নামে একটি সারভাইভাল থ্রিলারেও অভিনয় করার কথা রয়েছে তাঁর। অন্যদিকে রাসেল ক্রোকে সামনে দেখা যাবে ‘আনঅ্যাবোম্বার’, ‘দ্য ওয়েট’ ও ‘বিলিয়ন ডলার স্পাই’ সিনেমায়। এ ছাড়া অ্যামাজন এমজিএমের ‘হাইল্যান্ডার’ সিনেমার নতুন সংস্করণেও অভিনয় করছেন তিনি। ফলে ‘ব্লুফ্লাই’ ছাড়াও দুই তারকার হাতেই রয়েছে ব্যস্ত সময়ের কাজ।

এক্সপ্লেইনার স্বর্ণের দরপতন আরও দীর্ঘ হচ্ছে, কেন কমছে দাম?

এক বছরের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখছে স্বর্ণ। নিরাপদ ও মূল্যবান এই ধাতুর দাম বৃদ্ধি ২০২৫ সালে ৫৩ বার নতুন রেকর্ড গড়েছিল। কিন্তু চলতি বছর তা ক্রমাগত কমছে। গত জানুয়ারিতে রেকর্ডকৃত সর্বোচ্চ দামের তুলনায় স্বর্ণের দাম এখন প্রায় এক-তৃতীয়াংশ কম।

এমন পরিস্থিতি স্বর্ণে বিনিয়োগকারীদেরকে দোলাচলের মধ্যে ফেলে দিয়েছে। লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান সুকি কুপার। তাঁর মতে, বছরের শুরুতে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করায় দাম রেকর্ড উচ্চতায় উঠেছিল। এখন ভিন্ন কিছু কারণ একসঙ্গে কাজ করায় দাম কমছে।

গত ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ৫৮৯ দশমিক ৩৮ ডলার। যা সর্বকালের সর্বোচ্চ। গত বুধবার প্রতি আউন্সের দাম ৩ হাজার ৮০০ ডলারের নিচে নেমে আসে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম দাম এত নিচে নামে।  রোববার তা আরও কমে ৩ হাজার ৫৩৬ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে।

আগে কেন বেড়েছিল?
২০২২ সাল থেকে স্বর্ণের প্রকৃত চাহিদা বাড়তে থাকে। গয়না, কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের কেনাকাটা বাড়ায় দাম নিচে নামার ঝুঁকি কমে যায়। এরপর স্বর্ণসমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরা স্বর্ণ কেনার দিকে ঝুঁকেন। ইটিএফ হলো এমন একটি তহবিল, যেখানে অনেক বিনিয়োগকারী একসঙ্গে স্বর্ণ কিনে রাখেন।

২০২৫ সালে ইটিএফে স্বর্ণের মজুত প্রায় ৮০০ টন বাড়ে। ফলে বাজারে অতিরিক্ত স্বর্ণ কমে গিয়ে দাম চড়া হয়। ওই বছর ডলারের মানও দুর্বল ছিল। বন্ডের সুদ কম ছিল এবং বিশ্বজুড়ে ঋণ নিয়ে উদ্বেগ ছিল। ফলে অনেকে ডলার বা বন্ডে বিনিয়োগের চেয়ে স্বর্ণ কিনে রাখাকে নিরাপদ মনে করেন। এই চাহিদার কারণে চলতি বছরের শুরুতে দাম রেকর্ড উচ্চতায় ওঠে।

এখন কেন কমছে?
বাজারে স্বর্ণের সাধারণত দুটি রূপ আছে। কখনো এটি গয়না বা শিল্পে ব্যবহারের পণ্য হিসেবে কাজ করে। আবার কখনো বিনিয়োগকারীদের কাছে ডলার বা বন্ডের বিকল্প- অর্থাৎ মুদ্রার মতো নিরাপদ সম্পদে পরিণত হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সুকি কুপারের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমানে স্বর্ণ মূলত ‘মুদ্রার মতো’ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। সে ভূমিকার কারণেই দাম কমছে।

কুপার জানান, গত জানুয়ারিতে রেকর্ডের পর থেকেই দামে পতনের শঙ্কা কাজ করছিল। ফলে বিনিয়োগকারীরা নতুন করে স্বর্ণ কিনবেন কি না তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে আলোচনা শুরু হয়। অন্যদিকে ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে বাজারে নগদ অর্থের ওপর চাপ তৈরি হয়। তখন অনেক বিনিয়োগকারী দ্রুত স্বর্ণ বিক্রি করতে শুরু করেন।

সুকি কুপার জানান, স্বর্ণ সহজে বিক্রি করা যায়। তাই বাজারে চাপ পড়লে বিনিয়োগকারীরা প্রথমেই স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ তোলেন। এতে স্বর্ণের দাম কমতে থাকে।

সুদ ও ডলারের ভূমিকা
স্বর্ণ নিজে থেকে কোনো সুদ বা লাভ দেয় না। কিন্তু বন্ড, সঞ্চয় বা মানি মার্কেট ফান্ড থেকে সুদ পাওয়া যায়। সুদের হার কম থাকলে বন্ডের লাভও কম হয়। তখন স্বর্ণ বেশি আকর্ষণীয় মনে হয়। কিন্তু সুদ বাড়লে বন্ড থেকে ভালো আয়ের সুযোগ তৈরি হয়।

চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর দিকে ঝুঁকেছে। মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফিন্যান্সিয়াল অ্যাডভাইজিংয়ের আর্থিক উপদেষ্টা ইভান মিলস বলেন, শেয়ার, বন্ড ও প্রচলিত বিনিয়োগের মিশ্রণ অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। তাই বিনিয়োগকারীরা মনে করছেন, স্বর্ণ ধরে রাখাটা আর লাভজনক নয়।

যেমন- সুদের হার কম থাকার সময় কেউ ১ লাখ টাকার বন্ড কিনলে লাভ কম পাবেন। তখন তার কাছে স্বর্ণ কিনে রাখাটাই নিরাপদ মনে হতে পারে। কিন্তু ব্যাংক বা বন্ডে যখন সুদের হার বাড়ে তখন অনেকে মজুতকৃত স্বর্ণ বিক্রি করে বন্ডের দিকে ঝোঁকেন। ওই সময় স্বর্ণের দাম কমে যায়।

এছাড়া, ডলার শক্তিশালী হলেও স্বর্ণের দাম চাপে পড়ে। কারণ স্বর্ণের আন্তর্জাতিক বাজার মূলত ডলারে নির্ধারিত হয়। ডলার শক্ত হলে অন্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে যায়। এতে চাহিদা কমার পরিপ্রেক্ষিতে স্বর্ণের দাম চাপে পড়ে।

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল চায় বাংলাদেশ

০

২০৩১ বিশ্বকাপের গ্রুপ পর্বের পাশাপাশি অন্তত একটি সেমিফাইনাল আয়োজনের আশা করছে বাংলাদেশ। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এ নিয়ে চেষ্টা চালাচ্ছেন তারা।

ভারত ও বাংলাদেশ যৌথভাবে ২০৩১ বিশ্বকাপ আয়োজন করবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো কেবল বাংলাদেশে হতে পারে। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘যৌথ আয়োজনের সিদ্ধান্ত আগে থেকেই নির্ধারিত। এখানে আমার কিংবা আমার বোর্ডের কোনো অবদান নেই। তবে আমি চেষ্টা করেছি, অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে আয়োজন করা যায়।’

সেমিফাইনাল পাওয়া নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমি খুবই আশাবাদী, এ রকম কিছু একটা হবে। আইসিসি যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, তখন বিষয়টি পরিষ্কার হবে। একটি সেমিফাইনাল বাংলাদেশে আনতে পারলে সেটা খুব ভালো অর্জন হবে।’

টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুটি অটোরিকশার চালকসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা।

রোববার সকালে কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযান ও অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা এ অভিযান চালান। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বিজিবির প্রাথমিক ধারণা, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল। চক্রটি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

উদ্ধার হওয়া আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ এবং এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

অভিযানের বিস্তারিত, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য জানাতে রোববার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিবি।

ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ হামলায় স্থাপনাটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে হামলায় কিছু ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

তবে কোন শিল্প স্থাপনায় হামলা হয়েছে কিংবা সেটি কোথায় অবস্থিত, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

এর আগে দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সম্ভাব্য হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বাহরাইনে হামলার পর দেওয়া এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দেশটির আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এ অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন ও লঙ্ঘনের জবাবে এ অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর দেশটির মহাকাশ বাহিনী ওই ঘাঁটিগুলোতে অভিযান চালায়।

এর আগে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনে মার্কিন বাহিনীর ব্যবহৃত শেখ ইসা ও জুফাইর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।

আইআরজিসির ভাষ্য, ইরানের আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি দেশটির হেঙ্গাম দ্বীপের একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে আছড়ে পড়ে। এতে সেখানে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ইরনা। ওই সংবাদমাধ্যমটির দাবি, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বারবার ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে একাধিক হামলার ঘটনা ঘটেছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে সেখানে তিনটি ড্রোন হামলা হয়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও তেহরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাহরাইন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানকে নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে বাধ্য করার দাবি জানিয়েছে।

গত ১১ মার্চ গৃহীত ওই প্রস্তাবে উপসাগরীয় দেশগুলো ও জর্ডানে ইরানের হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানানো হয়েছিল।

এদিকে ইরানের হামলার পর বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসিম মোহাম্মদ আলবুদাইউই।

তিনি বলেন, বাহরাইনের নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা, স্থাপনা, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি মোকাবিলায় পরিষদ ঐক্যবদ্ধ রয়েছে।

বাহরাইন এ হামলা মোকাবিলায় যেসব পদক্ষেপ নেবে, সেসবের প্রতিও জিসিসি সমর্থন জানাবে বলে উল্লেখ করেন তিনি।

আজ শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা

০

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের লক্ষ্যে আজ রোববার শুরু হতে যাচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা ফি-তে মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

গতকাল শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও শিল্পসচিব আব্দুন নাসের খান। সভাপতিত্ব করবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির জানান, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে নিরলস কাজ করে যাচ্ছে। মেলার উদ্বোধনী দিনে বর্ষসেরা বিভিন্ন শ্রেণিতে আটজন সফল উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। এবারের মেলায় সারাদেশের প্রায় সাড়ে ৩০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, যার মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। মেলায় হস্তশিল্প, পাটজাত, চামড়াজাত, পোশাক, প্রসাধনী ও কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যসহ নানা দেশীয় সামগ্রী প্রদর্শিত হবে।

এছাড়া অগ্রাধিকারভিত্তিক ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচি এবং বিভিন্ন ক্লাস্টারের পণ্য মেলায় স্থান পাবে। আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে সিটি ব্যাংক। সহযোগী পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক। এছাড়া গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে থাকবে সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক ও লংকা বাংলা ফাইন্যান্স। সিলভার স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স।

সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর দায় রয়েছে: গোলাম পরওয়ার

০

গোপালগঞ্জ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চালানো নাশকতারোধে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায় রয়েছে।

নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে আজ শনিবার রাজধানীতের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এ কথা বলেছেন জামায়াত সেক্রেটারি। সমাবেশের পর দলটি কয়েক হাজার নেতাকর্মী বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

নাশকতারোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াত এ কর্মসূচি করলেও, এসব মিছিল সমাবেশ মূলত ছিল আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার বিরুদ্ধে শোডাউন। গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগ দা, রড নিয়ে গাছপালা কেটে রাস্তাঘাট অবরোধ করছে, বাড়িঘরে আগুন দিচ্ছে, হাসপাতাল ভাঙচুর করছে। গত এক সপ্তাহে তারা যা দেখিয়েছে, এর চেয়ে বড় জঙ্গিবাদ আর হতে পারে না।

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্যের যে আহ্বান জানিয়েছেন- এর জবাবে গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য তৈরি হবে না। গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে। সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেন জামায়াত সেক্রেটারি। তিনি বলেছেন, সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না; সরকারি দলের এমপিদের নিরাপত্তা দিতে পারেন না, তাদের পালিয়ে বেড়াতে হয়; সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা যায় কি-না প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের খবর শুভ নয়। এরাই বিএনপি সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে। সরকারকে একদলীয় সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধ করতে হবে। গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার করলে জামায়াত অতীতের মত ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে, সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জামায়াতের পক্ষ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তাই, জামায়াতসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানায়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি বলেন, যারা এ দেশে গণহত্যা চালিয়ে পালিয়েছে তাদের সন্ত্রাস বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুনের পরও স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক! ভারত থেকে ৯ বছর ‘ট্রেনিং নিয়ে’ দেশে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি নিজেদের পতন ডেকে আনছে।

আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে কোনো অপশক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। জনগণপ্রতিহত করবে।

ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন হলেও তাদের এমপি-মন্ত্রীদের বাড়িতে কেউ আগুন দিতে সাহস পায়নি। বিএনপি নিজের এমপিদের রক্ষা করতে পারছে না,  জনগণকে কীভাবে রক্ষা করবেন?

সভাপতির বক্তব্যে দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করার ফলে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, মোবারক হোসেন, দলীয় সংসদ সদস্যরা, ডাকসু ভিপি আবু সাদিক কায়েমসহ কেন্দ্রীয় নেতারা।

ইউনিয়ন পরিষদে ভোট প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ল

০

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা হারানোর ঝুঁকিতে পড়বেন প্রার্থীরা। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা বাড়িয়ে বিধিমালা সংশোধন করা হয়েছে। এখন লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে কমিশন।

গতকাল শনিবার ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, গত ৩ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশ হয়েছিল। সেখানে প্রার্থিতা বাতিলের বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করা হয়নি। এজন্য ইসি গত ১১ নভেম্বর প্রার্থিতা বাতিলের বিষয়টি স্পষ্ট করে আচরণ বিধিমালা হালনাগাদ করে প্রকাশ করেছে। এক্ষেত্রে বিধামালার বিধি ৩২-এর উপবিধি ১ ও ২ সংশোধন করা হয়েছে।

ইসি কর্মকর্তারা আরও বলেছেন, আগের বিধান অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের কোনো লিখিত অভিযোগ এলে কমিশনের কাছে যদি মনে হতো প্রার্থিতা বাতিলের মতো অভিযোগ, তাহলে কমিশন তদন্তের নির্দেশ দিতে পারত। এখন অভিযোগটি প্রার্থিতা বাতিল হওয়ার মতো কিনা, তা আর বিবেচনা করতে হবে না। এক্ষেত্রে বিধিমালা কেউ লঙ্ঘন করলেই কমিশন ব্যবস্থা নিতে পারবে।

বিধিতে আগে বলা যা ছিল
কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিল: (১) এই বিধিমালার অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত রিপোর্টের ভিত্তিতে কমিশনের কাছে প্রতীয়মান হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন এবং এ কারণে তিনি নির্বাচিত হওয়ার অযোগ্য হতে পারেন, তাহলে কমিশন বিষয়টি তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে।

(২) উপ-বিধি (১) অনুযায়ী তদন্ত রিপোর্ট পাওয়ার পর কমিশন যদি সন্তুষ্ট হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট বা তাঁর নির্দেশে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন এবং এ কারণে ওই প্রার্থী চেয়ারম্যান বা সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হতে পারেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশের মাধ্যমে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।

সংশোধিত বিধিতে যা আছে
কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিল: (১) এই বিধিমালার অন্যান্য বিধানে যা-ই থাকুক না কেন, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত রিপোর্টের ভিত্তিতে কমিশনের কাছে প্রতীয়মান হলে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্তের নির্দেশ দিতে পারবে।

(২) উপ-বিধি (১) অনুযায়ী তদন্ত রিপোর্ট পাওয়ার পর কমিশন যদি নিশ্চিত হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট, বা তাঁর নির্দেশে বা তাঁর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশের মাধ্যমে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।

ইসি ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে সাত জেলায় ফসলের ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সাত জেলায় আমন ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কেটে রাখা ধান তুলতে পারেননি কৃষক, কোথাও কাটার আগেই হেলে পড়েছে। এর সঙ্গে বিভিন্ন সবজিরও ক্ষতি হয়েছে।  আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে উঠতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কমতে শুরু করায় শীতের অনুভূতি বাড়বে। তবে এই বৃষ্টির পরপরই শীতের স্থায়ী আগমন ঘটছে না।

মেহেরপুরে ১৫০০ হেক্টর জমির ফসল নষ্ট 
মেহেরপুরে পাকা আমন ধান, সবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া দমকা হাওয়া ও বৃষ্টি চলে গতকাল পর্যন্ত। জেলার অন্তত এক হাজার ৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৈরী আবহাওয়া আরও দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী শাহনেওয়াজ বলেন, দমকা হাওয়া ও বৃষ্টিতে এখন পর্যন্ত অন্তত দেড় হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

মাগুরায় ১৯১ হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত
মাগুরার চার উপজেলায় ১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমন ধান, সরিষা, মসুর, পেঁয়াজ ও শীতকালীন শাক-সবজির ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত ১৯১ হেক্টর জমির মধ্যে ১১৮ হেক্টর আমন ধান, ৩২ হেক্টর সরিষা, ১৫ হেক্টর মসুর, আট হেক্টর পেঁয়াজ এবং ১৮ হেক্টর শীতকালীন শাক-সবজি রয়েছে। তবে মাঠপর্যায়ের কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ আরও বেশি।

রাজশাহীতে ৩২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
রাজশাহীর বিভিন্ন উপজেলায় দুদিনের বৃষ্টিতে পানি জমে মাঠে কেটে রাখা আমন ধান ডুবে গেছে। এ ছাড়া জমিতে পাকা ধানের বেশির ভাগই হেলে পড়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান বলেন, ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলার বিভিন্ন কৃষিজমি ঘুরে দেখা যায়, জেলার গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর, দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলার বিল ও নিচু জমির পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। কোনো কোনো জমিতে কেটে রাখা ধান ক্ষেতেই শুকাতে দেওয়া হয়েছিল। টানা বৃষ্টিতে এসব জমিতে পানি জমে যাওয়ায় ধান ডুবে গেছে। এ ছাড়াও না কেটে পাকা ধান বৃষ্টি ও দমকা হাওয়ায় হেলে পড়েছে।

জয়পুরহাটের চাষিরা চিন্তিত
হঠাৎ বৃষ্টিতে জয়পুরহাটের চাষিরা পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন। আগাম জাতের আলুচাষিরাও বিপাকে। নিচু জমিতে পানি জমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা। দ্রুত বৃষ্টি বন্ধ না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার ৭০ হাজার ৯০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। কিছুদিন আগে অসময়ে বৃষ্টির কারণে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। প্রায় অর্ধেক ধান কাটা হয়েছে। ফাঁকা জমিতে চাষিরা আগাম জাতের আলু রোপণ করেছে। বৃষ্টির কারণে আলু থেকে চারা না গজানোর আশঙ্কা করছেন চাষিরা।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা বলেন, বৃষ্টিতে কৃষক বেকায়দায় পড়েছেন। পাকা ধান কেটে রাখায় তা পানিতে তলিয়ে গেছে। আলু রোপণের ক্ষেত্রে বৃষ্টির পানি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি আরও দু-এক দিন থাকলে কৃষকরা বড় ধরনের বেকায়দায় পড়বেন।

চুয়াডাঙ্গায় ৬৮ মিলিমিটার বৃষ্টি
চুয়াডাঙ্গায় বৈরী আবহাওয়া দুশ্চিন্তার ছায়া ফেলেছে কৃষকদের। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত হওয়া বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ধান ভিজে গেছে। এতে সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় দিশেহারা কৃষক। চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. জামিনুর ইসলাম জানান, গত বৃস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শৈলকুপায় পানির নিচে পাকা ধান 
ঝিনাইদহের শৈলকুপায় দুই দিনের বৃষ্টিতে পানির নিচে পাকা আমন ধান। ক্ষতি হয়েছে সবজিসহ পেঁয়াজের বীজতলার। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২ হাজার ২০০ হেক্টর জমির পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে ৮০০ হেক্টরের পেঁয়াজের বীজতলা। উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরগঞ্জে হেলে পড়েছে পাকা ধান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে পাকা আমন ধানক্ষেত হেলে পড়েছে। সেই সঙ্গে সদ্য রোপণ করা আলুসহ অন্যান্য রবি ফসলের ক্ষেতে পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পর থেকে এই বৃষ্টি শুরু হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, উপজেলায় ১০ হেক্টর জমির ধান হেলে পড়েছে।

কালীগঞ্জে ক্ষেতেই নষ্ট হচ্ছে ধান
তিন দিনের বৃষ্টিতে ক্ষেতেই নষ্ট হচ্ছে আমন ধান। ক্ষেতে কেটে রাখা ধানক্ষেতের ধানগুলো এখন পানির ওপর ভাসছে। অপরদিকে যে জমিগুলোর ধান এখনও কাটা হয়নি সেগুলো নুয়ে পড়েছে। এমন অবস্থায় কৃষকেরা আমন নিয়ে পড়েছেন মহাবিপাকে।

বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কাটতে শুরু করেছে। তবে আগামী দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে উঠতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কমতে শুরু করায় শীতের অনুভূতি বাড়বে। তবে এই বৃষ্টির পরপরই শীতের স্থায়ী আগমন ঘটছে না। আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করলে শীতের অনুভূতি বাড়বে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়। আজ রোববার দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা আরও কমে আসতে পারে।

(নিজস্ব প্রতিবেদক, অফিস, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর)