কোন ধরনের পাত্রে মধু সংরক্ষণ ভালো

0
5

মধুর স্বাস্থ্যগুণের কথা কমবেশি সবারই জানা। অনেকেই ওজন কমাতে বা খাবারে মিষ্টতা বাড়াতে মধু বেছে নিচ্ছেন। এটি এমন একটি প্রাকৃতিক উপাদান যা বছরের পর বছর ভালো থাকে।  কিন্তু ভুল পাত্রে মধু রাখলে এর স্বাদ ও গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। কী ধরনের পাত্রে মধু সংরক্ষণ করা ভালো তা জানানো হয়েছে ‘এই সময়ে’র এক প্রতিবেদনে।

কাচের জার

মধু রাখার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কাচের জার। মধুর সাথে কাচের জারের কোনও রাসায়নিক বিক্রিয়া ঘটে না। এ কারণে মধুর প্রাকৃতিক স্বাদ, গন্ধ এবং গুণাগুণ দীর্ঘ সময় অটুট থাকে। তবে মধু রাখার কাচের জারটি যেন এয়ার টাইট হয় সে ব্যাপারে লক্ষ্য রাখুন। তা না হলে মধুর আর্দ্রতা নষ্ট হয়ে যেতে পারে।

প্লাস্টিকের পাত্র 
মধু কখনওই প্লাস্টিকের পাত্রে রাখা উচিত নয়। কারণ এ ধরনের পাত্রে থাকা রাসায়নিক উপাদান মধুতে মিশে যাওয়ার ঝুঁকি থাকে। এই মধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

ধাতব পাত্র
মধু সামান্য অ্যাসিডিক প্রকৃতির। লোহা, তামা বা অ্যালুমিনিয়ামের মতো ধাতব পাত্রে মধু রাখা ঠিক নয়। এর সঙ্গে মধুর বিক্রিয়া ঘটে স্বাদ বদলে যায়। এর পাশাপাশি এতে থাকা ক্ষতিকর ধাতব কণা মধুর সঙ্গে মিশে যাওয়ার ঝুঁকি থাকে। তবে স্টেইনলেস স্টিলে মধু রাখতে পারেন।

মাটির পাত্র
আগেকার দিনে অনেকেই মাটির পাত্রে মধু রাখতেন। এই পাত্রে মধু রাখা নিরাপদ। তবে খেয়াল রাখতে হবে যেন পাত্রটি এয়ার টাইট হয়। বাতাসের সংস্পর্শে এলে মধু নষ্ট হয়ে যেতে পারে। মধুর ঘনত্বও কমে যেতে পারে।

মধু সংরক্ষণের নিয়ম
ঘরের তাপমাত্রাতেই মধু বছরের পর বছর ভালো থাকে। ফ্রিজে রাখার দরকার পড়ে না। কিন্তু সূর্যালোক সংস্পর্শে এলে বা আর্দ্রতার কাছাকাছি থাকলে মধুর গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। এ কারণে শুকনো ও সূর্যালোক থেকে দূরে ঘরের এমন জায়গায় মধুর জার রাখা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here