দুধের সঙ্গে কলা মিশিয়ে খাওয়া অনেকেরই পছন্দের। কেউ সকালে, কেউ বা বিকালের নাশতায় এই খাবার খান। কেউ আবার কলা দিয়ে মিল্কশেক তৈরি করে খেতে ভালোবাসেন। কিন্তু প্রশ্ন হলো, দুধের সঙ্গে কলা একসঙ্গে খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য উপকারী? এ নিয়ে বিভিন্ন তথ্য জানানো হয়েছে ‘টিভিনেইনে’র এক প্রতিবেদনে।
দুধের সঙ্গে কলা খাওয়ার উপকারিতা
১. দুধ ও কলা একসঙ্গে খেলে শরীর কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট পায়। ফলে এটি একটি শক্তিদায়ক খাবার হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে ব্যায়ামের পর এটি খাওয়া ভালো।
২. যারা স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে চাইছেন, তারা খাদ্যতালিকায় এই খাবার রাখতে পারেন। কারণ দুটিতে একসঙ্গে পর্যাপ্ত ক্যালরি ও পুষ্টি পাওয়া যায়। তবে ওজন বাড়ার জন্য সারাদিনের মোট ক্যালরি গ্রহণ খরচের তুলনায় বেশি হতে হবে।
৩. দুধের প্রোটিন পেশির বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি দুধ ও কলা খেলে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যেতে পারে।
৪. দুধে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৫. দুধের প্রোটিন এবং কলার ফাইবার পেট কিছুটা বেশি সময় ভরা রাখতে পারে। এ কারণে মাঝেমধ্যে স্বাস্থ্যকর নাশতা হিসেবে এটি খাওয়া যেতে পারে।
দুধের সঙ্গে কলা খেলে কি কোনও ক্ষতি হয়?
অনেকের ধারণা, দুধ ও কলা একসঙ্গে খেলে শরীরে বিষক্রিয়া হয় বা হজমের সমস্যা তৈরি হয়। কিন্তু এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে কারও কারও শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তাদের দুধ খেলে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে। আবার যারা হজমজনিত সমস্যায় ভুগছেন তারা বেশি পরিমাণে দুধ-কলা খেলে পেটে ভারী ভাব হতে পারে। এছাড়া দুধ, কলা, চিনি ও মধু দিয়ে বড় গ্লাস মিল্কশেক তৈরি করলে ক্যালরির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। ডায়াবেটিস থাকলে কলা ও দুধের পরিমাণ সীমিত রাখা জরুরি। অতিরিক্ত চিনি মেশানো একেবারেই উচিত নয়।
দুধ ও কলা খাওয়ার সঠিক নিয়ম
একটি মাঝারি আকারের পাকা কলা এবং এক গ্লাস দুধ দিয়ে শুরু করতে পারেন। অতিরিক্ত চিনি বা মিষ্টি সিরাপ মেশানোর প্রয়োজন নেই। সকালের নাশতা হিসেবে অথবা ব্যায়ামের পরে এটি খেতে পারেন। যাদের দুধ খেলে পেটের সমস্যা হয়, তারা ল্যাকটোজমুক্ত দুধ ব্যবহার করতে পারেন। প্রতিদিনের খাদ্যতালিকায় অন্যান্য ফল, শাকসবজি, ডাল ও প্রোটিনের উৎসও রাখতে হবে।
রাতে দুধের সঙ্গে কলা খাওয়া কি ভালো?
অনেকেই মনে করেন, রাতে দুধের সঙ্গে কলা খাওয়া উচিত নয়। কিন্তু সুস্থ মানুষের ক্ষেত্রে রাতে এই দুটি খাবার একসঙ্গে খাওয়ার কোনো সাধারণ নিষেধাজ্ঞা নেই। তবে রাতে বেশি পরিমাণে খেলে কারও কারও পেট ভারী লাগতে পারে। তাই ঘুমানোর ঠিক আগে না খেয়ে কিছুটা আগে খাওয়া ভালো।


