হুথিদের ছোড়া দুই ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিত করল সৌদি নেতৃত্বাধীন জোট

ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শনিবার ভোরে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জোটের এক্সে দেওয়া পোস্টে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি সৌদি আরবের খামিস মুশাইত এবং ড্রোন দুটি রাজধানী রিয়াদের দিকে যাচ্ছিল। সৌদির দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় জোটটি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে রাতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ খামিস মুশাইত ও আবহা এলাকায় সতর্কবার্তা জারি করেছিল। তবে রিয়াদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।

ইয়েমেনের জনবহুল অঞ্চলগুলোর নিয়ন্ত্রণে থাকা হুতিরা জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর দেশটির ওপর হামলা চালিয়ে আসছে। আঞ্চলিক সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে চাপ রয়েছে। এর মধ্যে লোহিত সাগর দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানির বিকল্প পথও ঝুঁকিতে পড়েছে। এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের সামরিক কর্মকর্তারা বৈঠক করেন।

গত মাসে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তিটির লক্ষ্য হিসেবে যৌথ প্রতিরোধ সক্ষমতা ও সামরিক সহযোগিতা জোরদারের কথা বলা হয়েছে।

শনিবার সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান জানান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে রিয়াদে সৌদির ওপর হামলা মোকাবিলায় যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর