যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন বছরের পরও যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা না হয়, তাহলে তিনি আবারও ইরানে সামরিক হামলা চালানোর দিকে ঝুঁকতে পারেন। ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, ইরানের আলোচকরা একদিকে আলোচনা দীর্ঘায়িত করছেন, অন্যদিকে সংঘাত আরও বাড়িয়ে চলেছেন।
ট্রাম্প বলেন, ‘নির্বাচনের আগের সময়ের তুলনায় তারা এখন আরও বেশি আগ্রাসী।’ ইরানি কর্মকর্তাদের তিনি ‘পেশাদার কথার খেলাপি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, ‘তারা সব সময় কথা বলে। তাদের কাজই শুধু কথা বলা, কিন্তু এসবের কোনো মূল্য নেই।’
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে চ্যালেঞ্জ জানাতে ইরানকে উস্কানিও দেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি আশা করি, তারা সেটা করবে। তাদের নৌবাহিনীর বাকি সদস্যদের মতো তারাও সমুদ্রের তলদেশে চলে যাবে।’ অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বন্ধ করতে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছে ইরান। তেহরানের বক্তব্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্র নিজের প্রতিরক্ষায় যে কোনো উপায় অবলম্বন করতে পারে। যুক্তরাষ্ট্রের অবরোধে দেশটির অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শর্ত পূরণ হলে হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া হবে: তেহরান
ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, যুদ্ধ অবসানের জন্য তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।
এদিকে তেহরানের শর্তগুলো মেনে নিলে দ্রুত হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সমঝোতা হলে দুই ঘণ্টার মধ্যে জলপথটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব কিনা– এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরান ‘খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে’।
তিনি বলেন, ‘ইরান নিজের প্রতিশ্রুতি রক্ষায় অটল রয়েছে। অন্যপক্ষ সংশ্লিষ্ট শর্তগুলো মেনে চললে ইরান যত দ্রুত সম্ভব সেগুলো বাস্তবায়ন করবে।’
একই সঙ্গে তিনি বলেন, তেহরান ‘নিজেদের লক্ষ্য এবং ইরানি জনগণের অধিকার সম্পর্কে সচেতন।’ এসব অধিকার রক্ষার অবস্থান থেকে ইরান সরে আসবে না।
সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছে ইরান
মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইরান। বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রক্ষায় যে কোনো পন্থা অবলম্বনের অধিকার একটি রাষ্ট্রের রয়েছে। তেহরান এই প্রথম স্বীকার করেছে, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নৌ অবরোধ ইরানের অর্থনীতিকে চরমভাবে আঘাত করছে।
বলা হচ্ছে, এই মার্কিন নৌ অবরোধ ইরানকে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত করছে। ইরানিরা বিষয়টি সম্পর্কে অবগত এবং তারা প্রকাশ্যেই তা স্বীকার করছে। কারণ, দেশটির ৮০ শতাংশের বেশি আমদানি ও রপ্তানি হরমুজ প্রণালি অথবা দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর মাধ্যমে হয়ে থাকে।
ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার সংখ্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
এদিকে, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের সক্রিয় দায়িত্বে থাকা ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে সেনাবাহিনীতে এটিই এক বছরে আত্মহত্যার সর্বোচ্চ সংখ্যা। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।
প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যা করা ব্যক্তিদের মধ্যে ১৭ জন গাজা যুদ্ধে নিয়মিত বাহিনী কিংবা রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করেছিলেন। এ বছর সক্রিয় দায়িত্ব ছেড়ে যাওয়ার পর তারা আত্মহত্যা করেন।
এ ছাড়া ২০২৬ সালে পাঁচজন পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর দেশটির নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতা ধারাবাহিকভাবে বেড়েছে। হারেৎজের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন আত্মহত্যা করতেন।
সেনাবাহিনীর পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত সক্রিয় দায়িত্বে থাকা সাতজন সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২। তবে সেনাবাহিনীর প্রকাশিত পরিসংখ্যানে পুরো চিত্র উঠে আসে না। কারণ, সক্রিয় দায়িত্বে না থাকা অবস্থায় যেসব সেনা আত্মহত্যা করেন, তাদের হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয় না বলে জানিয়েছে হারেৎজ।
২০২৬ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু। এ যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। এ ছাড়া গত বছর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে দুটি যুদ্ধ চালিয়েছে। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও কাতারে হামলা এবং সিরিয়ায় প্রায় প্রতিদিন স্থল অভিযান ও গোলাবর্ষণ করেছে।
দীর্ঘ কয়েক দশক ধরে ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি লেবানন ও সিরিয়ার বিভিন্ন ভূখণ্ড দখল করে রেখেছে। জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী এসব ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার কিংবা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দিতে দেশটি অস্বীকৃতি জানিয়ে আসছে।


