ইসরায়েলের সামরিক হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা ভয়াবহ পরিবেশদূষণের শিকার হয়েছে। উপত্যকার ৯৯ শতাংশের বেশি এলাকার বাতাস, মাটি ও পানিতে ছড়িয়ে পড়া বিষাক্ত পদার্থ জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে। এর প্রভাব কয়েক প্রজন্ম পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিইওবিএস)। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৭৮ শতাংশ ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী ধাতু, বিস্ফোরকের অবশিষ্টাংশ, ধ্বংসপ্রাপ্ত ভবনের অ্যাসবেস্টস, ডাইঅক্সিন এবং জীবাণুদূষণের ঝুঁকি শনাক্ত হয়েছে। ২০২৬ সালের জুলাইয়ে গাজার ৭৯টি ভূগর্ভের পানির কূপের নমুনা পরীক্ষা করে ১৯ শতাংশে মলজাতীয় কোলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ২০২১ সালে এ ধরনের দূষণের হার ছিল ২ শতাংশ।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাব অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসাবশেষ তৈরি হয়েছে।
শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের বাধা
এদিকে, গাজায় হামাসের নিরস্ত্রীকরণের উদ্যোগে ইসরায়েলের বাধার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বোর্ড অব পিসের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবাম। গত শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন না। ইসরায়েল প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রসর না হলে বোর্ড দায়িত্ব জাতিসংঘের কাছে ফিরিয়ে দিতে পারে।
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বেড়েছে ৩৫০ শতাংশ। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এসব হামলার ঘটনা বেড়েছে বলে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল (পিএইচআরআই)।
প্রতিবেদনে তথ্য দেওয়া চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, দায়িত্ব পালনের সময় হামলা, অস্ত্রের মুখে হুমকি, নির্যাতন ও অপমানজনক তল্লাশির শিকার হতে হচ্ছে তাদের।
পশ্চিম তীরে শরণার্থী শিবিরে অভিযান, বহু ফিলিস্তিনি আটক
অধিকৃত পশ্চিম তীরের আলবিরেহ শহরের আলআমারি শরণার্থী শিবিরে গতকাল সোমবার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আনাদোলু জানিয়েছে, শিবিরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে ফিলিস্তিনিদের বাড়িঘরে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন তরুণকে আটক করা হয়। এর আগে গত রোববার জেরুজালেমের হিজমা শহরের কাছে অন্তত ১৮ ফিলিস্তিনি শ্রমিককে আটক করে ইসরায়েলি বাহিনী।


