বিরোধের জেরে বন্ধুকে হত্যা কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড

কুয়েতে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত। বিরোধের জেরে বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে সাজা দেওয়া হয় তাঁকে।

গতকাল বুধবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আদালত গত মঙ্গলবার ওই রায় দেন। ওই ব্যক্তিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

কৌঁসুলিরা জানান, নিহত ব্যক্তি আসামির স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। আসামি বারবার অনুরোধ করা সত্ত্বেও সেগুলো ডিলিট করতে অস্বীকৃতি জানান ওই ব্যক্তি।

আসামি আদালতে বলেন, তাঁর বন্ধু তাঁর স্ত্রীর সম্মতি ছাড়াই তাদের বাড়িতে বেড়াতে গিয়ে ছবিগুলো তুলেছিলেন। তাঁর স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করার পর তিনি বন্ধুকে বারবার ছবিগুলো মুছে দেওয়ার অনুরোধ করেন।

আসামি বলেন, তাঁর বন্ধু ছবিগুলো ডিলিট করেননি। বরং পরে আরও ছবি পোস্ট করেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায়। এই বিরোধের জেরে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বন্ধুকে হত্যার পরিকল্পনা করেন।

আইনজীবীদের দেওয়া তথ্যানুসারে, আসামি একটি ছুরি দিয়ে হত্যার পরিকল্পনা করেন এবং তাঁর বন্ধু কর্মস্থলে আছেন নিশ্চিত হওয়ার পর বাইরে কাছেই একটি জায়গায় অপেক্ষা করতে থাকেন। পরে আসামি তাঁর ওপর হামলা চালান এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বারবার ছুরিকাঘাত করেন। আদালতের কার্যক্রম চলাকালে আসামি অভিযোগ স্বীকার করেন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর