সিডনিতে বুয়েটিয়ানদের মিলনমেলা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের বনভোজন ও মিলনমেলা। সম্প্রতি ওয়েস্টার্ন সিডনির বিংগারাবি পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৬০০ জন।

ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় বসবাসরত বুয়েটিয়ানদের উদ্যোগে এ আয়োজন করা হয়। তবে আয়োজনে শুধু স্থানীয়রাই নন, সিডনির বিভিন্ন প্রান্ত থেকে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা যোগ দেন। ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ভ্যাপসা গরম উপেক্ষা করে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের স্ত্রী-সন্তান ও পরিবারের অন্য সদস্যদের অংশগ্রহণে দিনভর চলে আড্ডা, স্মৃতিচারণ ও আনন্দ-উচ্ছ্বাস। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সদস্যদের মধ্যে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়। প্রবাসে বসবাসরত বুয়েটিয়ানদের পারস্পরিক সম্পর্ক ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করার উপলক্ষ হয়ে ওঠে এ মিলনমেলা।

বনভোজনে শিশু-কিশোর থেকে শুরু করে বড়দের জন্য ছিল নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। পরিবারের সব বয়সী সদস্যের অংশগ্রহণের সুযোগ থাকায় অনুষ্ঠানটি কেবল প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয়েছিল এক প্রাণবন্ত পারিবারিক উৎসবে।

BeFunky collage%20(10) 1793438634

আয়োজক কমিটির সদস্যদের মতে, প্রায় ৬০০ মানুষের এ আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা ছিল বড় চ্যালেঞ্জ। প্রতিটি কার্যক্রম সময়মতো শেষ করা, খাবার পরিবেশনা ও সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। খাবার বিতরণের জন্য রাখা হয়েছিল একাধিক পরিবেশনকেন্দ্র। ফলে দীর্ঘ সারি এড়িয়ে অংশগ্রহণকারীদের মধ্যে খাবার বিতরণ করা সম্ভব হয়।

আয়োজকদের ভাষ্য, দীর্ঘদিনের প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, পারস্পরিক সহযোগিতা এবং স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমের ফলে বড় পরিসরের এ আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে সিডনিতে বসবাসরত বুয়েটিয়ান ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর