রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জন্মভূমি প্রতিবেদকঃ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা টেক্সাস, জর্জিয়া, ওহাইও, আইওয়া ও নেভাদার গভর্নর পদে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। এর মধ্য দিয়ে ১৬ বছর পর যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি রাজ্যের গভর্নর পদ দলটির নিয়ন্ত্রণে আসছে। অ্যাসোসিয়েটেড প্রেস ও ডিসিশন ডেস্ক এইচকিউর বেসরকারি ফলাফল ও বিজয়ী ঘোষণার ভিত্তিতে সংবাদমাধ্যম স্টেটলাইন এ তথ্য জানিয়েছে। শেষ খবর পাওয়া হিসাব অনুযায়ী, ডেমোক্র্যাটরা ২৮টি এবং রিপাবলিকানরা ২০টি রাজ্যের গভর্নর পদ পেতে যাচ্ছে। তখনো আলাস্কা ও কানসাসে বিজয়ী ঘোষণা করা হয়নি। ফলে এই হিসাব আনুষ্ঠানিকভাবে প্রত্যয়িত চূড়ান্ত ফল নয়। মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে দেশটির ৫০টি রাজ্যের মধ্যে ৩৬টিতে গভর্নর পদে ভোট হয়। নির্বাচনের আগে রিপাবলিকানদের হাতে ছিল ২৬টি এবং ডেমোক্র্যাটদের হাতে ২৪টি গভর্নর পদ। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৬টি পদের সীমা এবার অতিক্রম করেছে ডেমোক্র্যাটরা।
এবারের অন্যতম বড় পরিবর্তন এসেছে টেক্সাসে। সেখানে তিন মেয়াদের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট রাজ্য আইনপ্রণেতা জিনা হিনোহোসা। এর মধ্য দিয়ে তিন দশকের বেশি সময় পর টেক্সাসের গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটিক পার্টি। হিনোহোসা হতে যাচ্ছেন রাজ্যটির প্রথম লাতিনা গভর্নর। চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা অ্যাবট পরাজয় মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জর্জিয়ায় রিপাবলিকান ব্যবসায়ী রিক জ্যাকসনকে হারিয়েছেন আটলান্টার সাবেক মেয়র কিশা ল্যান্স বটমস। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো রাজ্যের গভর্নর পদে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী হতে যাচ্ছেন। একই সঙ্গে তিনি হবেন জর্জিয়ার প্রথম নারী গভর্নর। তাঁর জয়ে দুই দশকের বেশি সময় পর রাজ্যটির শীর্ষ নির্বাহী পদে ফিরছে ডেমোক্র্যাটরা। ওহাইওতে রিপাবলিকান বিবেক রামাস্বামীকে পরাজিত করেছেন চিকিৎসক ও ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টন। ২০০৬ সালের পর এই প্রথম রাজ্যটির গভর্নর নির্বাচনে জয় পেলেন কোনো ডেমোক্র্যাট। অ্যাক্টন ওহাইওর প্রথম নির্বাচিত নারী গভর্নরও হতে যাচ্ছেন। আইওয়ায় রিপাবলিকান ব্যবসায়ী জ্যাক লানকে হারিয়েছেন ডেমোক্র্যাট রব স্যান্ড। দুই মেয়াদের এই রাজ্য নিরীক্ষক বিদায়ী রিপাবলিকান গভর্নর কিম রেনল্ডসের স্থলাভিষিক্ত হবেন। রেনল্ডস এবার পুনর্র্নিবাচনে অংশ নেননি। স্যান্ডের জয়ে ২০১১ সাল থেকে চলা রিপাবলিকানদের গভর্নর পদে নিয়ন্ত্রণের অবসান হচ্ছে।
নেভাদাও রিপাবলিকানদের কাছ থেকে ডেমোক্র্যাটদের দখলে যাওয়া পাঁচ রাজ্যের তালিকায় রয়েছে। পাশাপাশি মেইন, মিশিগান ও উইসকনসিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গভর্নর নির্বাচনেও নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দলটি।
নিউইয়র্কে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ব্রুস ব্লেকম্যানকে হারিয়ে গভর্নর ক্যাথি হোকুল পুনর্র্নিবাচিত হয়েছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ। উইসকনসিনে ডেমোক্র্যাট ডেভিড ক্রাউলি, ক্যালিফোর্নিয়ায় একই দলের জেভিয়ার বেসেরা এবং ফ্লোরিডায় রিপাবলিকান বায়রন ডোনাল্ডসকে বিজয়ী ঘোষণা করেছে ফক্স নিউজ। এসব ফল কার্যকর হলে রাজ্য পর্যায়ে ডেমোক্র্যাটদের প্রশাসনিক অবস্থান আরও শক্তিশালী হবে। তবে গভর্নর পদে জয়কে সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার নিয়ন্ত্রণ পাওয়ার সমার্থক হিসেবে দেখা যাবে না; আইন প্রণয়ন ও নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আইনসভার দলীয় অবস্থানও গুরুত্বপূর্ণ।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর