ইরানের প্রস্তাবের পর যুদ্ধ বন্ধে কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করেছেন। তাদের মধ্যে ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। দোহার মাধ্যমে ওয়াশিংটনের কাছে তেহরানের একটি প্রস্তাব পাঠানোর পর দুই নেতার ফোনালাপ হলো।

আমিরের দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ট্রাম্পের ফোন পেয়েছেন শেখ তামিম। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতারের নেওয়া কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে তারা কথা বলেন। আমির সংলাপ অব্যাহত রাখা, বিরোধ নিষ্পত্তি ও উত্তেজনা না বাড়ানোর জন্য কূটনৈতিক পন্থার গুরুত্ব তুলে ধরেন।

বৃহস্পতিবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। এতে সাতটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো পূরণ না হলে তেহরান আলোচনায় বসবে না।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাতে তিনি রাজি হননি।

কূটনৈতিক তৎপরতা চললেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে। এ বিষয়ে শিগগিরই জানা যাবে।

সাংবাদিকরা ইরানের পারমাণবিক প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করতে পারবে না।’

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর