জিরা-এলাচের বেড়েছে, কমছে শীতের সবজির দাম

নিত্যপণ্যের বাজারে কয়েকটি মসলা পণ্যের দর বেড়েছে। বিশেষ করে সপ্তাহ দুয়েকের ব্যবধানে জিরার কেজিতে ৪০ থেকে ৫০ টাকা এবং এলাচের কেজিতে ২০০ টাকার মতো দর বেড়েছে। শীতের সবজির সরবরাহ বাড়তে থাকায় সবজি ও ডিম-মুরগির বাজারে কিছুটা কমতির দিকে রয়েছে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। তাদের ভাষ্য, বিশ্ববাজারে দর বৃদ্ধি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কয়েকটি মসলার দাম বেড়েছে।

গতকাল খুচরা পর্যায়ে মানভেদে জিরার কেজি বিক্রি হয়েছে ৫৪০ থেকে ৬০০ টাকায়। দুই সপ্তাহ আগে দর ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। সেই হিসাবে কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। সবচেয় বেশি দর বেড়েছে এলাচের। ১৫ থেকে ২০ দিন আগে মানভেদে এলাচের কেজি বিক্রি হয়েছে ৪৩০০ থেকে ৫২০০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৪৬০০ থেকে ৫৫০০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ৩০০ টাকা। মাস দেড়েকের ব্যবধানে লবঙ্গের কেজিতে ৫০ টাকার মতো বেড়েছে। প্রতি কেজিতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা। এছাড়া এক মাসের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে ২০ টাকার মতো। বর্তমানে প্রতি কেজি দেশি আদা ১২০ থেকে ১৫০ এবং আমদানি করা আদা ১৬০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। পেঁয়াজের বাজারে তেমন পরিবর্তন নেই। মান ও বাজারভেদে প্রতি কেজি কেনা যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকা দরে।

কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈম সমকালকে বলেন, এলাচ আর জিরার দাম বেশি বেড়েছে। পাইকারি বাজারে বাড়ার কারণে খুচরায় বাড়ছে। তাঁর ভাষ্য, পাইকারি ব্যবসায়ীরা তাদের জানিয়েছেন বিশ্বাজারে মসলার দাম এবং ট্রাকের ভাড়া বেড়েছে। এ কারণে তাদের দাম বাড়াতে হচ্ছে। তবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক বছরের ব্যবধানে জিরা, এলাচ ও আদার দাম কমেছে যথাক্রমে ১১, ১ ও ৫ শতাংশ। অন্যদিকে লবঙ্গের দর বেড়েছে ‍তিন শতাংশের বেশি। টিসিবির তথ্য বলছে, এক বছরে পেঁয়াজের দাম ৫৭ শতাংশ কমেছে।

বাজারে চালের দামও কিছুটা বাড়তি দেখা গেছে। প্রতি কেজি সরু চাল ৭০ থেকে ৮৫ টাকা এবং মাঝারি ধরনের চাল ৫৫ থেকে ৬৪ টাকা দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এই দুই জাতের চালের কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে। তবে মোটা চালের দাম অপরিবর্তিত দেখা গেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। ছোলার দাম কিছুটা বেশি। এক মাসের ব্যবধানে ১০ শতাংশের মতো দর বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে।

বাজারে শীতের নানা পদের সবজি দেখা গেছে। সরবরাহ বাড়ার কারণে দাম কমতে শুরু করেছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি শিম ৫০ থেকে ৭০, পটোল, মুলা ও ঢ্যাঁড়শ ৪০ থেকে ৫০, উচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করছেন ছোট ব্যবসায়ীরা। তবে বেগুনের দর বেশি দেখা গেছে, প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এবার অনেকটা স্বাভাবিক ফুল ও বাঁধাকপির দাম। মাঝারি আকারের প্রতি ফুল ও বাঁধাকপি কেনা যাচ্ছে ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে। তুলনামূলক কম দাম দেখা গেছে কাঁচামরিচের। খুচরা বাজার থেকে প্রতি কেজি কেনা যাচ্ছে ৭০ থেকে ১২০ টাকা দরে। সবজির দর কমার কারণে ডিম-মুরগির বাজার স্থিতিশীল। ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকায়।

এছাড়া ব্রয়লার মুরগির কেজি গত সপ্তাহের মতো ১৭০ থেকে ১৮৫ এবং সোনালি জাতের মুরগি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর