সেমিতে ব্যাটিং ধস, পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারল না যুবারা। ব্যাটিংয়ে চরম বিপর্যয়ে পড়ে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ১৬৯ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় তুলে নেয় পাকিস্তান। তাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে।

বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ব্যক্তিগতভাবে ওপেনার আব্দুল্লাহ আল মুহি ছাড়া আর কেউ ‍বলার মতো কিছু করতে পারেননি। তার ব্যাটে এসেছে ৫০ রান। টপ অর্ডারের ব্যর্থতায় ১০০ রান হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যুবারা। দলটির সর্বোচ্চ রানের জুটি ছিল মাত্র ৪৩ রানের।

গত ম্যাচে সেঞ্চুরি করা আহসান আল মুমিন এদিন ফিরেছেন মাত্র ১ রান করে। অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল করেন ১৭ রান। শেষদিকে আল রাফির ২০ ও রাকিবুল হোসেনের ২৬ রানের ইনিংসে দেড়শ ছোঁয়ার আশা জাগলেও তা পূরণ হয়নি। ৩১.৪ ওভারে ১৩৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল রিজওয়ানউল্লাহ। তিনি একাই নেন পাঁচ উইকেট। মোহাম্মদ সায়েমের শিকার দুটি।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার হায়াম খান ও উসমান খান। উদ্বোধনী জুটিতেই জয়ের পথ সহজ করে ফেলেন তারা। দলীয় ১২৩ রানে রবিউল ইসলাম অনিকের বলে ফরিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হায়াম। ৬৯ রানের ইনিংসে আটটি চার ও একটি ছক্কা মারেন তিনি।

এরপর উসমান খানের সঙ্গে যোগ দেন আব্দুল কাদীর। বাকি কাজটুকু সারেন দুজন মিলে। উসমান ৬৪ এবং কাদীর ৮ রানে অপরাজিত থাকেন। ২১.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ৯ উইকেটের জয়ে নিশ্চিত হয় তাদের ফাইনাল, আর সেমিফাইনাল থেকেই শেষ হয় বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর