নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী

জন্মভূমি প্রতিবেদকঃ নিউইয়র্ক-প্রবাসে জীবনযাত্রার ব্যস্ততা, পরিবর্তিত পারিবারিক কাঠামো এবং ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর বাস্তবতায় হোমকেয়ার সেবা এখন নিউইয়র্কের অভিবাসী কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ এক নির্ভরতার জায়গা। বিশেষ করে প্রবীণ, অসুস্থ ও দৈনন্দিন জীবনযাপনে অন্যের সহায়তার প্রয়োজন হয়, এমন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করা গোল্ডেন এজ হোমকেয়ার (GOLDEN AGE HOMECARE) সফলভাবে পার করেছে এক দশক। এক দশকের এই সেবাযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উদযাপনে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।
৮ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের ইস্ট এলমহার্স্টে অবস্থিত লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন। অনুষ্ঠানে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশকের কার্যক্রম, সাফল্য, সেবার পরিধি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ নেওয়াজ এক দশকের পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সেবাকর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা, তাঁদের পরিবার এবং দীর্ঘদিনের শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাহ নেওয়াজ বলেন, দদশ বছর একটি প্রতিষ্ঠানের জন্য শুধু সময়ের হিসাব নয়, এটি মানুষের আস্থা অর্জনের একটি দীর্ঘ যাত্রা। আমরা যখন গোল্ডেন এজ হোমকেয়ারের কার্যক্রম শুরু করি, তখন আমাদের লক্ষ্য ছিল প্রবীণ ও অসুস্থ মানুষ যেন নিজেদের ঘরে থেকে প্রয়োজনীয় সেবা, সম্মান ও যত্ন পান। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি।’
তিনি আরও বলেন, দএকটি পরিবারের প্রবীণ সদস্য যখন অসুস্থ হয়ে পড়েন, তখন শুধু ওই ব্যক্তি নন, পুরো পরিবারই উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। আমরা সেই পরিবারের পাশে দাঁড়াতে চাই। একজন মানুষ যেন নিজের পরিচিত পরিবেশে, নিজের ভাষায় কথা বলে এবং নিজের সংস্কৃতির সঙ্গে সংযোগ বজায় রেখে যত্ন পান, সেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে কর্মীদের অবদানের কথা উল্লেখ করে শাহ নেওয়াজ বলেন, দআজকের এই অর্জন আমার একার নয়। আমাদের প্রতিটি কর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সম্মিলিত আস্থার ফল এই দশ বছরের পথচলা। প্রতিদিন যাঁরা মানুষের বাড়িতে গিয়ে সেবা দিয়ে আসছেন, তাঁরাই গোল্ডেন এজ হোমকেয়ারের প্রকৃত শক্তি।’
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, দআমরা শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাইনি; চেয়েছি মানুষের প্রয়োজনের সময় নির্ভরতার একটি জায়গা তৈরি করতে। আগামী দিনগুলোতেও সেবার মান, জবাবদিহি এবং মানুষের আস্থা ধরে রাখাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। আজকের এই দশম প্রতিষ্ঠাবার্ষিকী যেমন আনন্দের, তেমনি আগামী দিনের প্রতি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।’
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট রানু আমেনা নেওয়াজ দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান। তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং গোল্ডেন এজ হোমকেয়ারের আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক সাদিয়া নেওয়াজ। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। গোল্ডেন এজ হোমকেয়ারের সঙ্গে দীর্ঘ পথচলায় সবার সহযোগিতা, ভালোবাসা ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রতিষ্ঠানের এক দশকের এই অর্জন সবার সম্মিলিত প্রচেষ্টা ও সমর্থনের ফল বলেও উল্লেখ করেন সাদিয়া নেওয়াজ।
দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রন্টি দাস, কবির বকুল, প্রীতম হাসান, শাহ মাহবুব, রানু নেওয়াজ, বাদশা বুলবুল, অনিক রাজ ও রিজিয়া পারভীনসহ আরও অনেকে। শিল্পীদের সংগীত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উপস্থিত অতিথিরা উপভোগ করেন তাঁদের পরিবেশনা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতৃবৃন্দ ফুল দিয়ে গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ এবং রানু নেওয়াজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁদের এই ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিষ্ঠানের এক দশকের পথচলার প্রতি কমিউনিটির সমর্থন ও সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য হালাল খাবারের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন বুলবুল হাসান। অনুষ্ঠানটির শব্দ ও সাউন্ড ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সাউন্ড গিয়ার ও স্যাম। সংগীত, শুভেচ্ছা বিনিময় এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পরিণত হয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক আনন্দঘন মিলনমেলায়।
নিউইয়র্কে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণদের দীর্ঘমেয়াদি পরিচর্যা এবং নিজ বাড়িতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের চাহিদাও বাড়ছে। কর্মব্যস্ত জীবনে পরিবারের প্রবীণ ও অসুস্থ সদস্যদের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা অনেক পরিবারের জন্যই বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যেসব পরিবারের সদস্যরা কর্মজীবনে ব্যস্ত, সেখানে পেশাদার হোমকেয়ার সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন তাই কেবল একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রযাত্রা উদযাপনের উপলক্ষ নয়; এটি প্রবাসে নিজেদের কমিউনিটির প্রবীণ ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের জীবনযাত্রাকে সহজ করা এবং সেবামূলক কর্মকাণ্ডে অভিবাসী উদ্যোক্তাদের অংশগ্রহণের এক দশকের গল্প। নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পর্ক, সেবার অভিজ্ঞতা এবং মানুষের আস্থাকে সঙ্গে নিয়ে গোল্ডেন এজ হোমকেয়ার এখন এগিয়ে যেতে চায় পথচলার দ্বিতীয় দশকে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর