প্রাণনাশের হুমকির পর বাড়িতে আগুন, অভিযোগ নুসরাতের

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন দুর্ঘটনা থেকে নাকি নাশকতা, এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সংসদে দুই দফা বিতর্ক হয়েছে; যা এক পর্যায়ে হট্টগোলে রূপ নেয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে বিরোধী দলের অভিযোগ পেট্রোল বোমা হামলা হয়েছে ওই বাড়িতে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তা নাকচ করে বলেন, পেট্রোল বোমার আলামত মেলেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। জবাবে বিরোধী দল বলে, সরকারি দল দায়মুক্তি দিচ্ছে আওয়ামী লীগকে।

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংসদে তাঁর বক্তব্যে দাবি করছিলেন, চারটি পেট্রোল বোমা মেরে (ওই বাড়িতে) আগুন লাগানো হয়েছে।
নাহিদের বক্তব্যের প্রেক্ষাপটে প্রাথমিক তদন্তের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে। এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে সংসদ সদস্য বা তাঁর বাবা-মা বসবাস করতেন না। নুসরাতের বাবা-মা সেখান থেকে ২০ মিটার দূরের একটি তিনতলা বাড়িতে থাকেন। তিনি বলেন, এই বাড়িতে দুটি ছাগল থাকত। এ কথা বলার পরই এনসিপির সংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখানে যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, যদি ফ্যাসিবাদীর দোসররা কোনোভাবে এখানে জড়িত হয়ে থাকে, তাও খুঁজে বের করা হবে।

নুসরাতের ক্ষোভ প্রকাশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এমপি নুসরাত তাবাসসুম। গতকাল সন্ধ্যার আগে নিজের ফেসবুক পেজে এক পোস্টে প্রশ্ন তোলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’

নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘বাচ্চাসহ ৬-৭ জন মানুষ, একাধিক গবাদি পশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্রমন্ত্রী!! পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!! আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারো বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েক গুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’

সংবাদ সম্মেলনে ​আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

এর আগে এমপি নুসরাত অভিযোগ করেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নুসরাতের বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এই হামলাকে পরিকল্পিত নাশকতা দাবি করে এমপি নুসরাত বলেন, ‘সন্ত্রাসী আওয়ামী লীগের লোকজন সামাজিক মাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে উল্লাস করছে। এভাবে আগুন দিয়ে ও ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ এমন অসংখ্য ঘটনা দেখেছে, যার ফলেই আগস্টের মতো গণঅভ্যুত্থান ঘটেছে। যারা আমাদের দমিয়ে রাখার চেষ্টা করছে, তাদের মুখে চুনকালি পড়েছে।’

​হামলার প্রেক্ষাপট তুলে ধরে নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাত ৯টার দিকে এবং এর আগে-পরে তাঁকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করা হয়েছিল। এসব হুমকির ঘটনায় গত মঙ্গলবার রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি এই ঘটনার মাত্র তিন ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সতর্কবার্তা ও উল্লাস প্রকাশ করেছিল। এরপরই আমার বাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়া হলো।’

​থানায় মামলা 

এ ঘটনায় এমপি নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। এতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি এবং সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ আটজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

রাজধানীতে এনসিপির মশাল মিছিল

এনসিপি গতকাল সন্ধ্যায় রাজধানীতে মশাল মিছিল করেছে। বাংলামটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত এ মিছিল করা হয়। এর আগে বাংলামটরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন এনসিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকারের দুর্বলতায় আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের সুযোগ পেয়েছে। সরকার যদি কঠোর পদক্ষেপ নিত, আওয়ামী লীগের দল হিসেবে বিচার করত, তাহলে অগ্নিসন্ত্রাস, খুন ও মানুষ পোড়ানোর রাজনীতি করার সুযোগ পেত না।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর