শরীয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের পর এবার প্রচলিত ধারার পদ্মা ব্যাংককে রেজল্যুশন আইনের আওতায় নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। অবশ্য কোন উপায়ে ব্যাংকটি নিষ্পত্তি করা হবে এখনও সিদ্ধান্ত হয়নি। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে জানাবে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, পদ্মা ব্যাংক বন্ধ না করে কীভাবে চালানো যায় তা নিয়ে ভাবা হচ্ছে। ব্যাংকটিতে নতুন মূলধন জোগান, অন্য ব্যাংকের সঙ্গে একীভূত বা অন্য কোন উপায়ে নিষ্পত্তি করা হবে সে বিষয়ে শিগগির সিদ্ধান্ত হবে। পুরো বিষয় অবহিত করে আগামী এক মাসের মধ্যে একটি রূপরেখা দেবে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত পদ্মা ব্যাংকের ৫ হাজার ৫৩৯ কোটি টাকা ঋণের মধ্যে ৪ হাজার ৯৩৩ কোটি টাকা বা ৮৯ দশমিক শূন্য ৬ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। ক্রমপুঞ্জীভূত লোকসানসহ ব্যাংকটি বড় অঙ্কের দেনায় পড়েছে। গত বছর শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ২২৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সমকালকে বলেন, পদ্মা ব্যাংক রেজল্যুশনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। তবে কীভাবে হবে আগামী এক মাসের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
গত অন্তর্বর্তী সরকার ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫’ জারি করে। সেখানে পুরোনো মালিকদের ফেরার সুযোগ রেখে গত এপ্রিলে আইন আকারে পাস হয়। তবে বিভিন্ন পক্ষের চাপে পুরোনো মালিকদের ফেরার সুযোগ আবার বন্ধ হয়েছে। রেজল্যুশনের আওতায় আসা ব্যাংকের খারাপ অবস্থার জন্য দায়ীরা আর মালিকানায় ফিরতে পারবেন না।
ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫ এর আলোকে শরীয়াহভিত্তিক পরিচালিত এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূতকরণ করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর মোট ঋণের ৮৪ শতাংশের বেশি খেলাপিতে পরিণত হয়েছে। আর মূলধন ঘাটতি রয়েছে দেড় লাখ কোটি টাকার বেশি। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার দেওয়া হবে। এর বাইরে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক ধার হিসেবে দিয়েছে ৩৬ হাজার কোটি টাকা।


