নবান্ন উৎসব কালাইয়ে বসেছে শতবর্ষী মাছের মেলা, ৪২ হাজার টাকায় বিক্রি ২৬ কেজির কাতলা

বাংলা পঞ্জিকা অনুযায়ী অগ্রহায়ণ মাস চলছে। নতুন ধান ঘরে তোলার আনন্দে গ্রামবাংলায় চলছে নবান্ন উৎসব। পিঠা-পায়েসের আয়োজন আর স্বজনদের আপ্যায়নের পাশাপাশি এই উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। পাঁচশিরা বাজারে প্রায় ১০৬ বছরের পুরোনো এ মেলায় এবার ২৬ কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয়েছে ৪২ হাজার টাকায়। অনীল চন্দ্র শীল নামের এক ব্যবসায়ী ওই মাছটি ক্রয় করেন।

বুধবার ভোর ৪টা থেকে শুরু হওয়া এই মেলায় সকাল থেকেই ক্রেতাদের ভিড় জমে। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে মাছ কিনতে আসেন বিভিন্ন বয়সী মানুষ। তাদের মধ্যে ছিলেন দূরদূরান্ত থেকে আসা আত্মীয়স্বজনরা।

স্থানীয়দের কাছে নবান্নের এই মাছের মেলা কেবল কেনাবেচার আয়োজন নয়, বরং পারিবারিক মিলনমেলাও। প্রচলিত রীতি অনুযায়ী, এদিন জমাতারা (মেয়ের জামাই) নিজেদের সামর্থ্য অনুযায়ী বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যান। তাদের আকৃষ্ট করতে মেলার দোকানগুলোতে সাজিয়ে রাখা হয় বোয়াল, রুই, মৃগেল, কাতলা, চিতল, সিলভার কার্প, পাঙ্গাস, ব্রিগেট ও আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ। নদী, দীঘি ও পুকুরে বেড়ে ওঠা দেশি প্রজাতির তাজা মাছের পাশাপাশি ছিল বড় আকারের মাছের সমাহার।

এবার মেলায় ২০ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। স্থানীয় মাছ ব্যবসায়ীরা মেলার আয়োজন করেন। এ উপলক্ষে গত এক সপ্তাহ ধরে মাইকিং করে প্রচার চালানো হয়। আয়োজকদের দাবি, গত বছরের তুলনায় এবার ক্রেতার উপস্থিতি ও মাছের বিক্রি দুটোই বেড়েছে। তবে ক্রেতাদের কেউ কেউ মাছের দাম আগের বছরের তুলনায় বেশি বলে অভিযোগ করেছেন।

মেলায় মাছ কিনতে আসেন নাটোর জেলা থেকে আসা কালাই উপজেলার আঁওড়া গ্রামের জামাই সাজ্জাদুল বারী। তিনি বলেন, মেলার দিন আসার আগেই শ্বশুর দাওয়াত করেছেন। যত ব্যস্ততাই থাকুক, এদিন মেলায় আসি। জামাই-মেয়েদের ঘিরেই মূলত এই আয়োজন হওয়ায় একটি মাছ কেনা রীতির অংশ। এবার ১৫ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছি। দাম কিছুটা বেশি হলেও মেলায় আসতে পেরে ভালো লাগছে।

মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম, নজরুল ইসলাম ও উজ্জ্বল চন্দ্র জানান, বাংলা পঞ্জিকা অনুযায়ী অগ্রহায়ণের প্রথম দিন প্রতিবছর এ মেলা বসে। এবার বিভিন্ন প্রজাতির বড় মাছ সংগ্রহ করেছেন তারা। মেলায় কাতলা, রুই ও মৃগেল প্রতি কেজি ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং বোয়াল ও চিতল ১ হাজার ৩০০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। মাঝারি আকারের মাছের দাম ছিল প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা। তাদের ভাষ্য, এবার ক্রেতা ও বিক্রি বেশি হওয়ায় মাছ নিয়ে বিপাকে পড়তে হয়নি; মোটামুটি লাভও হয়েছে।

আঁওড়া মহল্লার বাসিন্দা আব্দুল মজিদ বলেন, এ দিনের জন্য মেয়ে-জামাই, নাতি-নাতনি ও আত্মীয়স্বজনেরা অপেক্ষা করে থাকেন। বাপ-দাদার আমল থেকে এই রীতি দেখে আসছেন তিনি। কষ্ট হলেও পরিবারের সদস্যদের জন্য আয়োজন করতে হয়। এবার মেলা থেকে ১৯ হাজার টাকায় ১১ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছেন। মাছ কিনে তিনি ও তার নাতি-নাতনিরা খুশি।

পাঁচশিরা বাজারের ইজারাদার আব্দুল লতিফ বলেন, এ মেলার নির্দিষ্ট কোনো আয়োজক নেই। প্রতিবছর নবান্ন উৎসব উপলক্ষে মাছ ব্যবসায়ীরাই মেলার আয়োজন করেন এবং মাইকিং করে প্রচার চালান। এদিন বাজারে মাছের আমদানি যেমন বেশি হয়, বিক্রিও হয় প্রচুর।

কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম বলেন, মেলায় ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। বড় মাছ দেখে মাছচাষিদের আগ্রহ বাড়ছে। তার ধারণা, এবার মেলায় অন্তত সোয়া কোটি টাকার মাছ কেনাবেচা হবে। মৎস্য বিভাগ সব সময় চাষিদের মাছ চাষের বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। ভবিষ্যতে এ মেলার পরিধি আরও বাড়বে বলে তিনি আশাবাদী।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর