ভারতের বিনোদন, ব্যবসা, বিজ্ঞান, খেলাধুলা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন—এমন উদীয়মান ব্যক্তিদের স্বীকৃতি দিতে প্রথমবারের মতো ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সাময়িকী টাইম। এই তালিকায় জায়গা পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, পরিচালক আরিয়ান খান, সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ ও সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।
তালিকায় আরও রয়েছেন পরিচালক পায়েল কাপাডিয়া, থেজা রিও, অভিনেতা জিতেন্দ্র কুমার, সামান্থা রুথ প্রভু, আলি ফজল, সাই পল্লবী, ইশান খট্টর, নয়নতারা, ভিকি কৌশল, বেদাং রায়না ও জাহান কাপুর। বিনোদনজগতের বাইরে বিভিন্ন ক্ষেত্রের উদীয়মান ব্যক্তিদেরও স্বীকৃতি দিয়েছে সাময়িকীটি।
সংগীতাঙ্গন থেকে তালিকায় স্থান পেয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, দিলজিৎ দোসাঞ্জ, অরিভু, ফাহিম আবদুল্লাহ, ইশান ঘোষ, জসলিন রয়্যাল ও প্রতীক কুহাদ। এ ছাড়া রয়েছেন স্কাইরুটের সহপ্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও প্রযুক্তি কর্মকর্তা পবন কুমার চান্দনা।
তালিকা প্রকাশ উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর মুম্বাইয়ে আয়োজন করা হবে ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া গালা’। অনুষ্ঠানে আলিয়া ভাট, পবন কুমার চান্দনা, পায়েল কাপাডিয়া, আরিয়ান খান ও থেজা রিওসহ তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ সংগীত পরিবেশনা করবেন ফাহিম আবদুল্লাহ।
গত বছর নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় আরিয়ান খানের। অন্যদিকে থেজা রিও তাঁর প্রথম সিনেমা ‘অ্যাংহ’-এর জন্য পরিচিতি পেয়েছেন। ২০২৬ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্ল্যাটফর্ম পুরস্কার জিতেছে।
পরিচালক পায়েল কাপাডিয়া ২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার জন্য গ্রাঁ প্রি জিতে ইতিহাস গড়েন। এটি ছিল তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। সিনেমাটির জন্য গোল্ডেন গ্লোবের সেরা পরিচালকের পুরস্কারের মনোনয়নও পেয়েছিলেন তিনি।


