শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যেই আজ বৃহস্পতিবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন একদল শ্রমিক। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছু সময় যান চলাচল ব্যাহত হওয়ার পর মহাসড়কে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বিভিন্ন এলাকার বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্পাঞ্চলে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে।


