পাঁচতলা ভবনটির ভেতরে ঢুকতেই ধ্বংসযজ্ঞের চিহ্ন। কোথাও পোড়া আসবাবের ছাই, কোথাও ভাঙা চিকিৎসা সরঞ্জাম। ভবনের কোনো জানালা-দরজার কাচ অক্ষত নেই। ফ্রিজ, ওষুধ, কাগজপত্র, বিভিন্ন জিনিসের পোড়া ছাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগুনে টাইলস পর্যন্ত খসে পড়েছে।
গোপালগঞ্জ শহরের থানাপাড়ার এই ভবনে ছিল আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। গতকাল সোমবার সেখানে গিয়ে প্রতিষ্ঠানটির পরতে পরতে ধ্বংসের চিহ্ন চোখে পড়ে। গত ১৮ ও ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৩০ শয্যার হাসপাতালে তাণ্ডব চালান। পাঁচতলা ভবনের চারটি তলায় হাসপাতালের কার্যক্রম চলত। পঞ্চম তলায় এখনও কার্যক্রম শুরু হয়নি। হাসপাতালটি মালিকানায় ছিলেন সদর আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) ডা. কেএম বাবর।
গতকাল হাসপাতালের প্রথম তলায় ঢুকতে বাম পাশে চোখে পড়ে কেএম বাবরের বসার কক্ষ। সেখানে সব ভাঙচুর ও আগুনে ভস্মীভূত। কক্ষটি পার হওয়ার পর স্টোররুম, আল্ট্রাসনোগ্রামের কক্ষ, ২টি ওয়াশরুম, ডাক্তারদের ৩টি চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টার। সবই আগুনে ধ্বংস হয়ে গেছে। ভাঙচুর করা ফ্রিজ, ওষুধ, কাগজপত্র, বিভিন্ন জিনিসের ছাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কক্ষে কক্ষে।
দ্বিতীয় তলায় দুটি অপারেশন থিয়েটার। অপারেশন টেবিল ও অপারেশন লাইট মারাত্মক ক্ষতিগ্রস্ত। অন্যান্য যন্ত্রপাতি, ওষুধ ও মালপত্র ব্যবহারের অনুপযোগী হয়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে। এই তলার আটটি কেবিন ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। শয্যা ও আসবাব পুড়ে গেছে।
তৃতীয় তলায় ওয়ার্ড ও কেবিন মিলে আটটি কক্ষের সব ধ্বংস করা হয়েছে। চতুর্থ তলায় সবচেয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। এসি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবন থেকে পোড়া গন্ধ এখনও দূর হয়নি।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ডা. কেএম বাবর ও তাঁর স্ত্রী গাইনি চিকিৎসক রাবেয়া খাতুন প্রতিদিন প্রায় ১২০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র দিতেন। পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগে সব শ্রেণি-পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হতো। নামমাত্র মূল্যে এখানে সিজারিয়ানসহ বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করা হতো। প্রতি মাসে অন্তত ২০০ রোগীর অস্ত্রোপচার করা হতো।
বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়া কবির হোসেন, হালিমা বেগম, মারুফা আক্তার, পপি খানম, জান্নাতুল ফেরদৌসী জানান, তারা ডা. বাবর ও তাঁর স্ত্রীর কাছ থেকে চিকিৎসাসেবা পেয়েছেন। ব্যবস্থাপত্র দেওয়ার জন্য তারা টাকা নেননি। ছোটখাটো কাটাছেঁড়ার চিকিৎসাও বহির্বিভাগে বিনামূল্যে পেয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা হালিমা বেগম বলেন, হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানান তিনি।
জানতে চাইলে ডা. কেএম বাবর বলেন, ‘আমার হাসপাতাল ভেঙেছে, তাতে দুঃখ নেই। কিন্তু সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এতে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। এমন কর্মকাণ্ডে গোপালগঞ্জের উন্নয়নে ব্যাঘাত ঘটবে।’ তিনি বলেন, ‘জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধ চলাকালেও হাসপাতালে হামলা করা হয় না। হামলা হলে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। এতে মানবতা বিপন্ন হয়ে পড়ে। আমার হাসপাতাল থেকে সব দল ও শ্রেণি-পেশার মানুষ সেবা পেয়েছেন। আমি সাধারণ মানুষের সেবা ও রাজনীতির গুণগত মান পরিবর্তনের জন্য কাজ শুরু করেছিলাম।’
১৪ বছর ধরে চিকিৎসা দিচ্ছেন স্বামী-স্ত্রী
সংসদ সদস্য ডা. কেএম বাবর জানান, ২০১২ সাল থেকে তিনি ও তাঁর স্ত্রী চেম্বারে রোগী দেখছেন। তারা কোনো রোগীর কাছ থেকে ব্যবস্থাপত্র দেওয়ার জন্য টাকা নেননি। ২০২০ সালে শহরের থানাপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি।
ডা. বাবর জানান, গত বছর শহরের থানা ঘাটের পূর্ব পাশে ৯ শতাংশ জমিতে নবনির্মিত ভবনে হাসপাতালটি স্থানান্তর করা হয়। ভবনের প্রতিটি তলার আয়তন ৩ হাজার ২০০ বর্গফুট। তাঁর স্ত্রী ডা. রাবেয়া খাতুন হাসপাতালটি পরিচালনা করতেন। তিনি প্রতিদিন ৫০ জন রোগী দেখতেন। পাশাপাশি তিনি (ডা. বাবর) ৬০ থেকে ৭০ জন রোগী দেখতেন। তারা রোগীদের কাছ থেকে কোনো ভিজিট নিতেন না। বহির্বিভাগেও বিনামূল্যে চিকিৎসাসেবা দিতেন।
দুই দফা হামলা, ভাঙচুর ও আগুন
গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ১০-২০ নেতাকর্মী চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা হাসপাতালের নিচতলায় ঢুকে অভ্যর্থনাকক্ষ, চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার ও এমপি বাবরের কক্ষে ভাঙচুর চালান। এরপর বিভিন্ন আসবাব বাইরে বের করে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে সেদিন তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার ওয়ার্ড বা কেবিনে প্রবেশ করেননি।
সেদিন দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা চার নারী রোগী আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে যান। তাদের একজন ওই দিন দুপুর ১২টায় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। আট ঘণ্টা বয়সী নবজাতককে নিয়ে ওই প্রসূতি হাসপাতাল ত্যাগ করেন।
পরদিন বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালে হামলা চালান আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা প্রথমে হাসপাতাল ভবনের সব তলায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। পরে প্রতিটি তলায় আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিস বা কেউ আগুন নেভাতে যায়নি।
ফায়ার সার্ভিস যা বলল
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মালেক আলী সরদার বলেন, তারা আগুনের খবর পেয়েছিলেন। তবে নিরাপত্তার অভাবে গাড়ি বা অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে যেতে পারেননি। ফায়ার স্টেশনের বাইরে লাঠিসোটা নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। গাড়ি বের করার কোনো সুযোগ ছিল না।


