শনিবার ঢাকা ব্যাংক পিএলসি রাজধানীর গুলশান অ্যাভিনিউতে তাদের ১১৮তম শাখা ‘গুলশান অ্যাভিনিউ শাখার’ উদ্বোধন করেছে। এ উপলক্ষে হেনা সুবাস্তু স্পেস স্কাইলাইন অ্যাভিনিউতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উচ্চমর্যাদাসম্পন্ন গ্রাহকদের জন্য আরও আধুনিক, সহজ, ব্যক্তিকেন্দ্রিক এবং উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এই শাখাটি চালু করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির সম্মানিত প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক এবং বর্তমান এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব এ.টি.এম. হায়াতুজ্জামান খান এবং ঢাকা ব্যাংকের চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ জনাব আব্দুল্লাহ আল আহসান, জনাব আমির উল্লাহ এবং প্রফেসর বিলকিস আরা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ। তিনি বলেন, এই উদ্যোগ ব্যাংকের উন্নয়নের বিবর্তনের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ‘পিপল, প্রসেস অ্যান্ড টেকনোলজি’—এই তিনটি মূল ভিত্তিকে কেন্দ্র করে পরিবর্তনের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ-উপযোগী, গ্রাহককেন্দ্রিক এবং উদ্ভাবননির্ভর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠায় ঢাকা ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
টেকনো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েদ মনজুরুল হক, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, ফজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক, স্টার্লিং গ্রুপ, জহর রিজভি, চেয়ারম্যান, এলায়েন্স হোল্ডিংস, সাকিফ আরিফ তাবানি, ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস চেয়ারম্যান, খাদিম সিরামিক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত মোহাম্মদ আউয়ালও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁরা সমাজে বৃহত্তর আস্থা, উদ্ভাবন এবং ক্ষমতায়ন প্রসারের লক্ষ্যে ঢাকা ব্যাংকের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নেটওয়ার্কিং সেশন ও নতুন শাখা পরিদর্শনের ব্যবস্থা করা হয়।




