গোপালগঞ্জ সদর উপজেলার বিসিক ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগে এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
আটক কিশোর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের মো. সিদ্দিক মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকার মধুমতি বেকারিতে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিসিক ব্রিজ মোড় সংলগ্ন মধুমতি বেকারির দ্বিতীয় তলায় ২০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে নিয়ে গিয়ে নির্যাতন করে। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা শফিকুলকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ভিকটিম শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায় এবং অভিযুক্তকে আটক করে।
এ ঘটনায় শিশুটির মা সাংবাদিকদের বলেন, আমার ছেলে বাসা থেকে পাশেই তার দাদার বাড়িতে যাচ্ছিল। এ সময় বিসিক ব্রিজের ওপর থেকে তাকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে বেকারি কর্মচারী বেকারির দোতলায় নিয়ে যায়। সেখানে আমার ছেলের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। আমি তার কঠোর শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, শিশু নির্যাতনের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। খবর পেয়ে শুক্রবার (২৯ মে) সন্ধ্যার আগে পুলিশ ঘটনাস্থলে যায়। অসুস্থ শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় এবং ঘটনার মূল অভিযুক্তকে (১৫) আটক করা হয়।
তিনি আরও জানান, আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।




