নববর্ষের প্রথম প্রহরে জন্মগ্রহণ করে সালমা আক্তারের চতুর্থ সন্তান। আগের তিন ছেলেসহ এবার চার ছেলের জননী হয়েছেন তিনি।
কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় শিশুটি। সুস্থ সন্তানের খবরে শিশুর সৌদী প্রবাসী বাবা শাহিন মিয়া বেশ উচ্ছ্বসিত।
এ দম্পতির বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা গ্রামে। পরিবারের সদস্যরা জানান, ভোরে সালমাকে দেবিদ্বার উপজেলা সদরের ‘দেবিদ্বার আল ইসলাম’ নামের প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুর জন্ম হয়। মিষ্টি খাওয়ানোর মধ্য দিয়ে দিনটিকে উদযপান করেছেন তারা।
সালমার ভাই মো. তামিম বলেন, শুভ দিনে ভাগিনার জন্ম হয়েছে। এতে আমরা আনন্দিত। ২/১ দিনের মধ্যে তার সুন্দর নাম রাখা হবে।
প্রবাসী শাহিন মিয়া মুঠোফোনে বলেন, ‘আজ দেশে থাকলে আরো ভালো লাগতো। আমাদের ৩টি ছেলে সন্তান রয়েছে। নতুন বছরে এ ছেলের জন্ম স্মরনীয় হয়ে থাকবে।’ তিনি ছেলের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
বিশেষজ্ঞ সার্জন ডা. মহিম ইবনেসিনা জানান, ওই প্রসূতি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। তাই সিজারিয়ান অপারেশনের পর নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন।
হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসান জানান, ভোরে স্বজনরা ওই প্রসূতিকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। শারীরিক অবস্থা বিবেচনায় কিছু সময় স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করা হয়। পরে পরিবারের সন্মতি নিয়ে সিজারিয়ান অপারেশন করা হয়।




