কয়েক দিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ছিল কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের। কনটেন্ট তৈরি, অভিনয় ও চিত্রনাট্য লেখার ব্যস্ততার মধ্যেই চলছিল তাঁর সময়। তবে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন এই তরুণী।
গুরুতর লিভার জটিলতায় আক্রান্ত কারিনাকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার বিকেলে ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন তাঁর বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা ও আর্থিক চাপে ভেঙে পড়া কায়সার হামিদ বলেন, “মাত্রই ভিসা হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে নিতে আসবে। এখানে হাসপাতালের অনেক বিল, আবার এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও বড় অঙ্কের টাকা লাগছে। আম্মার আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি, একটা জমির বায়নাও করছি। আজকের মধ্যেই সব শেষ করতে হবে।”
একজন অসহায় বাবার কণ্ঠে তখন স্পষ্ট হয়ে উঠছিল উদ্বেগ আর দুশ্চিন্তা। মেয়ের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওকে নিরাপদে সেখানে পৌঁছানো। দ্রুত চিকিৎসা শুরু করতে পারলে হয়তো একটা আশার জায়গা থাকবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”
কারিনার শারীরিক অবস্থার এখনো তেমন উন্নতি হয়নি বলেও জানান তিনি। তবে চিকিৎসকেরা আপাতত তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। কায়সার হামিদ বলেন, “অবস্থা অপরিবর্তিত। তবে প্রেশারটা নিয়ন্ত্রণে আছে।”
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই কারিনার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তাঁর ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে পরিস্থিতি জটিল হয়ে গত শুক্রবার লিভার ফেইলিউর হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এই সংকটের মধ্যেই বড় হয়ে উঠেছে চিকিৎসার ব্যয়। এর আগে কায়সার হামিদের এক ভাই দীর্ঘদিন ব্রেন ক্যানসারের চিকিৎসা নিয়েছেন। সেই সময়ও পরিবারের বিপুল অর্থ ব্যয় হয়েছিল। এখন মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে জমি বিক্রির সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও নিয়মিত ছিলেন। তাঁর কাজের মধ্যে রয়েছে ‘ইনটান্টশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের কারণে তরুণ দর্শকদের কাছেও আলাদা জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।




