৩৩ বছর পর ফের আলোচনায় ‘খলনায়ক’-এর সিকুয়েল। নতুন ছবির নাম ‘খলনায়ক রিটার্নস’। আর সেই প্রত্যাবর্তনেই বদলে যাওয়া রূপে ধরা দিলেন সঞ্জয় দত্ত। তার আইকনিক ‘বাল্লু বলরাম’ চরিত্রে।
১৯৯৩ সালের সুপারহিট ছবির পর দীর্ঘ বিরতি। তবে সময়ের সঙ্গে চরিত্রও যেন হয়েছে আরও কঠোর, আরও রুক্ষ। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে টিজার শেয়ার করেছেন সঞ্জয়। সেখানে ক্লান্ত অথচ ভয়ংকর এক বাল্লুর ঝলকেই তৈরি হয়েছে উত্তেজনা।
টিজারের ক্যাপশনে ইঙ্গিত দিয়েছেন, কিছু গল্প শেষ হয় না, নতুন করে শুরু হয়। পোস্টারেও একই আবহ। পোস্টারে এলোমেলো চুল, চোখে প্রতিশোধের আগুন, গলায় শিকল আর হাতে চুরুট—সব মিলিয়ে এক অন্ধকার, তীব্র প্রত্যাবর্তনের আভাস।
টিজারের এক দৃশ্যে দেখা যায়, বাল্লু কাউকে ১০ অক্টোবর রাত ১০টায় জেল ভাঙার কথা মনে করিয়ে দিচ্ছে। এরপর ধূমপানের ফাঁকে ভেসে ওঠে সেই ডায়ালগ—‘নায়ক নেহি, ‘খলনায়ক হুঁ ম্যায়’, যা পুরনো স্মৃতিকে নতুন করে উসকে দেয়।
এই সিক্যুয়েলের পেছনের গল্পও কম চমকপ্রদ নয়। সঞ্জয়ের কথায়, জেল জীবনের সময়ই তাঁর মাথায় আসে ‘খলনায়ক’-এর নতুন কাহিনি। সহবন্দীদের মতামত নিয়ে তৈরি হয়েছিল গল্পের ভিত্তি। পরে সেই ভাবনাই শেয়ার করেন পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে, যিনি প্রথম ছবির নির্মাতা।
পরিচালক নিজেও জানিয়েছেন, চিত্রনাট্য প্রায় প্রস্তুত। তবে বাকি কাস্ট এখনও চূড়ান্ত হয়নি।
নব্বইয়ের দশকে মুক্তিপ্রাপ্ত ‘খলনায়ক’ ছিল ব্লকবাস্টার হিট সিনেমা, যেখানে সঞ্জয়ের পাশাপাশি অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখেই এবার নতুন প্রজন্মের জন্য তৈরি হচ্ছে ‘খলনায়ক রিটার্নস’।
সব মিলিয়ে, পুরনো নস্টালজিয়া আর নতুন গল্পের মিশেলে আবারও বড় পর্দায় ‘খলনায়ক রিটার্নস’-এর রাজত্ব দেখার অপেক্ষায় দর্শক।




