দক্ষিণ ভারতীয় তারকা ইয়াশ অভিনীত ছবি ‘টক্সিক’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটিতে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে তার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
এসব বিতর্কের জবাব দিয়েছেন অভিনেতা। তার দাবি, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও সেখানে কোনো ধরনের অশালীনতা রাখা হয়নি।
সম্প্রতি ‘টক্সিক’-এর বিভিন্ন দৃশ্য নিয়ে কথা বলেন ইয়াশ। সিনেমার একটি দৃশ্যে তাকে পোশাকহীন অবস্থায় দেখা যায়। এ নিয়ে অভিনেতা বলেন, ‘অশালীনতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, সিনেমায় আমি চুম্বন পর্যন্ত করিনি। সবকিছুরই একটা নির্দিষ্ট সীমা থাকে, আমরা সেটি মেনেই কাজ করেছি।’
ইয়াশ ও কিয়ারা আদভানি
ঘনিষ্ঠ দৃশ্যগুলো পর্দায় কীভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইয়াশ । তার মতে, কোনো দৃশ্যকে নান্দনিক ও গ্রহণযোগ্যভাবে দর্শকের সামনে তুলে ধরার দায়িত্ব নির্মাতার।
এদিকে সিনেমাটির ‘তাবাহি’ গান প্রকাশের পর কিয়ারা আদভানিকে নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য শুরু হয়েছে। এ বিষয়ে সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন ইয়াশ। তার ভাষ্য, গানটিতে দর্শকরা কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশ দেখেছেন। পুরো সিনেমায় তার অভিনয় আরও বেশি নজর কাড়বে বলে মন্তব্য করেন তিনি।
সমালোচনা প্রসঙ্গে ইয়াশ বলেন, ‘একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। তবে তা নিয়ে না ভেবে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে হয়। শেষ পর্যন্ত মানুষ কাজেরই মূল্যায়ন করে। হয়তো আমরা সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আছি।’
ইয়াশ ও কিয়ারা আদভানি
নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে ‘টক্সিক’ নির্মিত হয়েছে বলে জানান ইয়াশ। সিনেমাটিকে উদার মন নিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করার অনুরোধ করেছেন এই কন্নড় তারকা।


