ইরানে বোমা হামলা না করতে ইসরায়েলকে ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে বোমা হামলা চালানো থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে একই অনুরোধ করার পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এও তিনি এই বার্তা দেন। ট্রাম্পের এই সতর্কবার্তা এমন এক সময় এলো, যখন এর কয়েক ঘণ্টা আগেই তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

ট্রাম্প তার পোস্টে স্পষ্ট ভাষায় লিখেছেন: “ইসরায়েল, বোমা ফেলো না। যদি ফেলো, তা হবে একটি বড় ধরনের চুক্তিভঙ্গ। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!”  মঙ্গলবার একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে  এএফপি, অ্যাক্সিওস এবং আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের অনুরোধের জবাবে নেতানিয়াহু জানান, তিনি হামলা বাতিল করতে পারবেন না, কারণ ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এই হামলা “অত্যাবশ্যক”। তবে নেতানিয়াহু এও জানিয়েছেন যে, হামলাটি সীমিত পরিসরে পরিচালিত হবে এবং একাধিক লক্ষ্যবস্তু নয়, বরং কেবল একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা আগে তিনি জানিয়েছিলেন যে, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েল এই প্রস্তাবে রাজি বলে জানালেও ইরান জানিয়েছিল, ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও একই পদক্ষেপ নেবে।

তবে এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। অন্যদিকে, তেহরান নতুন করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই ট্রাম্পের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর