উত্তর-পূর্ব ভারতে বন্যা পরিস্থিতি ভয়াবহ: মৃতের সংখ্যা বেড়ে ৪৪

ভারতের উত্তর-পূর্বের বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এর মধ্যে কেবল আসামেই ১৭ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার পর্যন্ত এসব রাজ্যে বন্যা ও ভারী বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য আসাম, যেখানে প্রাণহানি ঘটেছে ১৭ জনের।

অন্যান্য ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে অরুণাচল প্রদেশে ১২ জন, মেঘালয়ে ৬ জন, মিজোরামে ৫ জন, ত্রিপুরায় ২ জন এবং নাগাল্যান্ড ও মণিপুরে ১ জন করে মারা গেছেন। সাত রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই পানিতে ডুবে, ভূমিধস, পানিবন্দি অবস্থায় দুর্ঘটনা ও অন্যান্য কারণে মারা গেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। আসামে অন্তত ২১টি জেলায় ৬ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রহ্মপুত্রসহ কয়েকটি প্রধান নদী এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অরুণাচল প্রদেশে অসংখ্য ঘরবাড়ি, রাস্তা, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিজোরামে ভূমিধস ও বন্যায় ৫ জন মারা গেছেন, যাদের মধ্যে ৩ জন মিয়ানমার থেকে আসা শরণার্থী। গত ১০ দিনে রাজ্যটিতে ৫০০টিরও বেশি ভূমিধস রেকর্ড করা হয়েছে।

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হলেও এখনও বহু মানুষ বিপদে রয়েছেন। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি সামাল দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর