ভারতের কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশের দ্বন্দ্বে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যানডম হাউস ইন্ডিয়া। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভারতে বইটির প্রকাশক তারা নয়।
সম্পাদনা-সংক্রান্ত বিষয়ে মতভেদের কারণে পেঙ্গুইন পিছিয়ে এসেছে–ভারতীয় সংবাদমাধ্যমের এমন গুঞ্জন অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, লেখক সম্পাদনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় বইটি প্রকাশ না করার বিষয়ে যে জল্পনা চলছে, তা প্রকৃত পরিস্থিতি নয়। তবে বইটি প্রকাশ করতে পেঙ্গুইন আগ্রহী ও উৎসুক ছিল উল্লেখ করে তারা জানায়, বাণিজ্যিক আলোচনার গোপনীয়তার স্বার্থে লেখক সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
পেঙ্গুইন সরে দাঁড়ানোর পর ভারতে বইটি প্রকাশ ও বিতরণের স্বত্ব পেতে আগ্রহী হয়ে উঠেছে কয়েকটি শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, খ্যাতনামা প্রকাশনা সংস্থা হার্পারকলিন্স চুক্তিটি চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে বইটি প্রকাশের দায়িত্ব পেয়েছে পেঙ্গুইন র্যানডম হাউসের আমেরিকান সহযোগী প্রতিষ্ঠান আলফ্রেড এ নফ। প্রতিষ্ঠানটির মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সোনিয়া গান্ধী জানিয়েছেন, আগামী ১০ নভেম্বর বিশ্বজুড়ে বইটি প্রকাশ হবে।
বইয়ের প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, তাঁর পরিবারকে নিয়ে অতীতে অনেক লেখা হলেও খুব কম লেখাই তাদের মানবিক ভুলত্রুটিগুলো সঠিকভাবে উল্লেখ করতে পেরেছে। বইটি তাদের সেই মানবিক বিষয়গুলো তুলে ধরবে। বইটিতে ১৯৮৪ সালে সোনিয়ার শাশুড়ি ইন্দিরা গান্ধীর নির্মম হত্যাকাণ্ড, রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত হওয়া এবং সাত বছর পর তাঁরও খুন হওয়ার ঘটনাগুলো বিস্তারিত উঠে এসেছে।


