শীতের শুরু থেকেই ত্বকের অবস্থা নাজেহাল হতে থাকে। তাই বাড়তি যত্ন প্রয়োজন। এবারের শীতে ত্বকের যত্ন শুরু করুন গ্লিসারিন দিয়ে। এটি অনেক নামিদামি প্রসাধনীকেও টেক্কা দিতে পারে। মূলত গ্লিসারিন হলো উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক যৌগ। এটি একটি ‘হিউমেকট্যান্ট’—অর্থাৎ এমন একটি উপাদান যা বাতাস এবং ত্বকের ভিতর থেকে জলীয় বাষ্প বা আর্দ্রতা টেনে এনে ত্বকের বাইরের স্তরকে সজীব রাখে। ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতার জন্যই শীতে ত্বকের যত্নের প্রসাধনীতে গ্লিসারিন বিশেষ ভাবে জায়গা করে নিয়েছে।
ত্বকের উপরিভাগের আর্দ্রতা বৃদ্ধিতে ল্যাক্টিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, প্রোপিলিন গ্লাইকল, বিউটিলিন গ্লাইকলের চেয়েও গ্লিসারিন সবচেয়ে কার্যকর উপাদান।
উপকারিতা
ত্বকের বাইরের স্তরকে আর্দ্র ও সজীব রাখে গ্লিসারিন। ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তরকে উন্নত করে। বাইরের ধুলোবালি বা ত্বকে জ্বালাপোড়া সৃষ্টিকারী উপাদানের হাত থেকে রক্ষা করে। ত্বকের যে কোনও ক্ষত দ্রুত নিরাময়েও সাহায্য করে গ্লিসারিন। ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে নরম ভাব ফিরিয়ে আনে এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার উপশম করতে পারে। তাই শীতের শুরু থেকে গ্লিসারিন ব্যবহার করলে ত্বক হবে সতেজ ও কোমল।
সরাসরি ব্যবহারে সতর্কতা
সরাসরি বা ঘন গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে সমস্যা হতে পারে। তাই সরাসরি গ্লিসারিন না মেখে এমন প্রসাধনী ব্যবহার করুন, যেখানে গ্লিসারিন একটি উপাদান হিসেবে রয়েছে।
কীভাবে ব্যবহার করা উচিত?
গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহারের করতে পারেন। গোলাপজল ত্বককে আর্দ্র রাখে ও রোমকূপ সঙ্কুচিত করতে সাহায্য করে।


