কুমিল্লায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে কুমিল্লার মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত প্রাক্তন স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তবে পারিবারিক কলহের জেরে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে সুমাইয়া আক্তার নামে আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বিচ্ছেদের পর থেকে মেয়ে সুমাইয়াকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ মিয়া। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া বেগম। নিহতের পরিবারের সদস্যদের দাবি, মেয়েকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া এদিন দুপুরে সুখিয়া বেগমকে ছুরিকাঘাত করেন। পরে ঘটনাস্থলে মরদেহ ফেলে পালিয়ে যান তিনি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মুঠোফোনে জানান, শরিফকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর