শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শুক্রবার সকালে মাগুরার নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিগত স্বৈরাচারের সময় বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতিসহ অর্থনীতি ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে। শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ একটি পলাতক শক্তি। তারা নানা জায়গায় বলে বেড়াচ্ছে, কারও আশীর্বাদ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। কিন্তু শেখ হাসিনাকে দেশে আনার জন্য বর্তমান তারেক রহমানের সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছে।’

শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে দেশে আনা হবে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি মামলায় তার ফাঁসির রায় হয়েছে, আরও অনেক মামলা পেন্ডিং (বিচারাধীন ) রয়েছে। আমরা চাই শেখ হাসিনা দেশে আসুক। আইন তার নিজস্ব গতিতে চলবে।’

এ সময় বিএনপিকে ভয় দেখানোর কিছু নেই উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, কামারবাড়ির বিড়াল যেমন হাতুড়ির ঠকাঠকিতে ভয় পায় না, তেমনি আওয়ামী লীগের ঠকাঠকিতেও আমরা ভয় পাই না। বিএনপিকে ভয় দেখানোর কোনো কারণ নেই। বিএনপি কোনো পলাতক শক্তি নয়।

কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মুতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ জেলা ও উপজেলা পর্যায় থেকে আসা ক্রীড়াপ্রেমীরা।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর