গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মা-বাবার মৃত্যুর একদিন পর মেয়ে তানিশার (১৬) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল পুরো পরিবার।
এর আগে গত বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় লাল চান মিয়া (৬০) ও তাঁর স্ত্রী নাছিমা বেগমের (৫০) মৃত্যু হয়। তাদের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার কুলিপাড়া গ্রামে। পরদিন কুলিপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, গত বুধবার ভোরে রান্নার প্রস্তুতির সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাদের মধ্যে লাল চান মিয়া ও তাঁর স্ত্রী নাছিমা বেগম চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে মারা যান। এরপর গতকাল শুক্রবার তাদের মেয়ে তানিশা মারা যায়।


