পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কমে বেড়েছে শীতের অনুভূতি। মেঘলা আকাশের কারণে টানা দুই দিন সূর্যের দেখা মেলেনি। তবে বুধবার সকালে সূর্যের আলো ছড়িয়ে পড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।
বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সর্বনিম্ন ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শীতের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। এর সঙ্গে ভোরের শীতল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হয়। এতে ভোগান্তিতে পড়েন সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ। পরে সূর্যের আলো ছড়িয়ে পড়লে কিছুটা স্বস্তি ফেরে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সোমবারের তুলনায় বুধবার দিন ও রাতের তাপমাত্রা কমেছে। সকাল পর্যন্ত ঘন কুয়াশা ছিল। টানা দুই দিন আকাশ মেঘলা থাকার পর বুধবার সকালে সূর্যের হালকা তাপ ভূপৃষ্ঠে পৌঁছায়।


