Home Blog Page 142

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় আল খারিজ শহরের সোলাইমান আল হাবিব হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ নিয়ে একই হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ালো। নিহত মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিনি এক সন্তানের বাবা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি নিহত হন এবং মামুনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নিহতের বাবা শহীদ সওদাগর ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তার মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।

মামুনের মামাতো ভাই শাওন মড়ল বলেন, ‘ভাইকে বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। এখন আমাদের একটাই দাবি, সরকারের সহযোগিতায় যেন দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।’

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলায় নিহত অপর দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছিল। তারা হলেন— কিশোরগঞ্জের কটিয়াদির বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেন। মামুনের মৃত্যুতে এই হামলায় প্রাণ হারানো বাংলাদেশির সংখ্যা এখন তিনজন।

ইসরায়েলে গুচ্ছ বোমা হামলা ইরানের, দুজন নিহত

ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা যুক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটি বলছে, জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে চালানো ওই হামলায় তেল আবিবের একটি আবাসিক এলাকায় অন্তত দুজন নিহত হয়েছেন। এলাকাটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছাকাছি অবস্থিত। চলমান যুদ্ধে ইসরায়েলে নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় খোররামশাহর-৪ ও কদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। দুটি ক্ষেপণাস্ত্রই কয়েক স্তরের ওয়ারহেড (বিস্ফোরক যুক্ত অংশ) বহনে সক্ষম।

এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে এগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন। ইসরায়েলের অভিযোগ, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা গোলা) আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে ইরান। আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে, চলমান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি রুখে দেওয়া। সে অভিযানেই দেশটির সাবেক সর্বোচ্চ নেতাসহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন।

 

বগুড়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩, কয়েকজন আশঙ্কাজনক

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলে

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা গুরুতর ছিল।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মর্তুজা নূর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

 

হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঈদের সকাল শুরু হোক নবাবি সেমাই দিয়ে, জানুন রেসিপি

ঈদের সকাল শুরু হয় বিভিন্ন ধরনের মিষ্টি খাবার মুখে দিয়ে। এবারের ঈদে প্রিয়জনদের জন্য বাসায় নবাবি সেমাই রান্না করুন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী সীমা পুষ্প। 

উপকরণ: সেমাই দেড় কাপ, ঘি ২ টেবিল চামচ, দুধ ১ লিটার, কনডেন্সড মিল্ক ১/২ কাপ, চিনি ২-৩ টেবিল চামচ, কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ, এলাচ গুঁড়া ১/৪ চা চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, কাজু বাদাম ২ টেবিল চামচ, পেস্তা বাদাম ১ টেবিল চামচ, মালাই বা ক্রিম ১/৪ কাপ।

গৎবাঁধা চরিত্রে অভিনয় করার কোনো মানে নেই: ববিতা

ঈদ মানেই আনন্দ, স্মৃতি আর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর বিশেষ উপলক্ষ। এই আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এতে অতিথি হয়ে হাজির হয়েছেন নন্দিত অভিনেত্রী ববিতা।

এই আয়োজনে উঠে আসবে তাঁর ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প। অনুষ্ঠানে গল্প, গান, হাসি-ঠাট্টা আর খুনসুটিতে জমে উঠে প্রাণবন্ত আড্ডা। যেখানে অভিনেতা শফিউল আলম বাবুর সঙ্গে স্মৃতিচারণে অংশ নেন ববিতা। আড্ডায় তিনি শোনাবেন অভিনয়জীবনে নায়িকা হয়ে ওঠার গল্প, বলবেন ঈদ উদযাপন ও বিভিন্ন সিনেমার স্মরণীয় অভিজ্ঞতার কথাও। এ পর্বের প্রযোজনায় রয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে ববিতা বলেন, ‘বেশ বিরতির পর কোনো টেলিভিশন চ্যানেলে ঈদ আড্ডায় অংশ নিয়েছি। জীবনের নানা বিষয় অনুষ্ঠানে আলোচনা হয়েছে। প্রাণ খুলে কথা বলেছি। আশা করছি, অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে’।

এ আয়োজন ছাড়াও সম্প্রতি তিনি চ্যানেল আইয়ের একটি দীর্ঘ আলপচারিতায় আয়োজনে অংশ নিয়েছেন। সম্প্রতি চ্যানেল আইয়ের রেকর্ডিং শেষ হয়েছে। সাক্ষাৎকার গ্রহণ করেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। ‘বরেণ্য ববিতা’ শিরোনামে নির্মিত এই বিশেষ সাক্ষাৎকারটি শিগগিরই চ্যানেল আইতে প্রচার হবে। এতে তাঁর শৈশব, কৈশোর, চলচ্চিত্রে আসার গল্প, অভিনয়জীবনের নানা স্মৃতি এবং ব্যক্তিজীবনের অজানা অনেক বিষয় উঠে আসবে বলে জানা গেছে। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায়।

এই সময়ে উৎসব আয়োজনের অনুষ্ঠানে অংশ নিলেও সিনেমায় একেবারেই অনিয়মিত ববিতা। ভালো গল্পের সিনেমার প্রস্তাব পেলে অভিনয় করবেন তিনি।

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘একজন প্রকৃত শিল্পীর কোনো অবসর নেই। অভিনয়তো করতেই চাই। আমার কাছে সে রকম গল্প আসতে হবে। যে ধরনের সিনেমা আমি করতে চাই, সে রকম সিনেমার প্রস্তাব এ সময়ে কোনো নির্মাতা নিয়ে আসতে পারেননি। মনের মতো ভালো চরিত্র না পেলে গৎবাঁধা চরিত্রে অভিনয় করার কোনো মানে নেই।’

১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে ববিতার জন্ম। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি এক অনন্য নাম। ষাটের দশকের শেষদিকে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর অভিনয়ের বৈচিত্র্য, সাবলীলতা ও গভীরতা তাঁকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে স্থায়ী আসন এনে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও আলো ছড়িয়েছেন।

খ্যাতিমান নির্মাতা জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য সম্মাননা।

ভিনিসিয়াস নৈপুণ্যে সিটিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রিয়াল

চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুর প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটির ইতিহাস গড়া হলো না ইতিহাদে। ঘরের মাঠে ফিরতি লেগে শুরুর দিকেই লাল কার্ড দেখেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক। ১০ জন নিয়ে ফেরার চেষ্টা করলেও শেষ ষোলো থেকে বিদায় হতে হলো সিটিকে। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি।

যদিও অফসাইডের কারণে সিটির দুটি গোল বাতিল হয় আর রিয়ালের একটি। নিশ্চিত গোল বাঁচাতে গোল-লাইনে হ্যান্ডবল করে ২০ মিনিটে লাল কার্ড দেখেন সিটি মিডফিল্ডার বের্নার্দো সিলভা। দুই লেগ মিলিয়ে সিটিকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল রিয়াল।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন আর্লিং হলান্ড। পরে আরেক গোলে ব্যবধান গড়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পাঁচ মৌসুমের মধ্যে চতুর্থবার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিল রিয়াল।

ম্যাচে ৪৭ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে সিটি। রিয়ালের ১৪ শটের সাতটি লক্ষ্যে ছিল।

ম্যাচের প্রথম মিনিট পূর্ণ না হতেই বড় সুযোগ পেয়ে যান প্রথম লেগে হ্যাটট্রিক করা ফেদে ভালভার্দে। মাঝমাঠের বাঁ দিক থেকে ভিনিসিয়াসের ক্রস ডি-বক্সের বাইরে ফাঁকায় পান তিনি। কিন্তু দুর্বল শটে হতাশ করেন উরুগুয়ের তারকা। বল সহজেই ঠেকান এগিয়ে আসা গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

একটু পরই মুহূর্তের ব্যবধানে ডাবল সেভে জাল অক্ষত রাখেন থিবো কোর্তোয়া। হায়ান শেহকি ও রদ্রির শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক।

সপ্তদশ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ভিনিসিয়াসের নেওয়া জোরাল শট পোস্টে লেগে ফিরে আসে। সিটি যদিও বল ক্লিয়ার করতে পারেনি। বক্সের ভেতরেই অন্য পাশ থেকে ভিনিসিউসের শট বের্নার্দো সিলভার হাতে লাগলে পেনাল্টির আবেদন করে রিয়ালের খেলোয়াড়রা।

লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও, ভিএআরে দীর্ঘ পরীক্ষার পর মনিটরে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি, একই সঙ্গে সিটি অধিনায়ক সিলভাকে সরাসরি লাল কার্ড দেখান তিনি।

প্রথম লেগে পেনাল্টিতে ব্যর্থ হলেও, এবার আর ভুল করেননি ভিনিসিয়াস। গোল হজমের পর চতুর্থ অফিসিয়ালের গায়ে হাত রেখে হলুদ কার্ড দেখেন সিটির কোচ গুয়ার্দিওলা।

২৪তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পান ভিনিসিয়াস। বক্সের ভেতর থেকে এবার শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

পরের মিনিটে দুরূহ কোণ থেকে হলান্ডের শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বল বক্সের ভেতর থেকে উড়িয়ে মারেন ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী রদ্রি।

৪১তম মিনিটে ম্যাচে সমতা টানে সিটি। জটলার ভেতর দিয়ে আসা বলে কাছ থেকে হলান্ড ঠিকমতো পা ছোঁয়াতে না পারলেও, তা গড়িয়ে জালে জড়ায়। গত ১১ ফেব্রুয়ারির পর এই প্রথম জালের দেখা পেলেন নরওয়ের তারকা। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি কোর্তোয়া। তার বদলি নামেন আন্দ্রি লুনিন।

৫০তম মিনিটে হলান্ডের নিচু শট ঠেকান ইউক্রেইনের এই গোলরক্ষক। কয়েক মিনিট পর হলান্ডকে তুলে নেন কোচ। ৬৩তম মিনিটে জেরেমি ডোকু রিয়ালের জালে বল পাঠালেও, অফসাইডের কারণে গোল মেলেনি।

চোট কাটিয়ে ৬৯তম মিনিটে মাঠে ফেরেন কিলিয়ান এমবাপে। ব্রাহিম দিয়াজের বদলি নামেন এই ফরাসি তারকা। ৭৮তম মিনিটে কাছ থেকে হেডে রিয়ালের জালে বল পাঠান ডিফেন্ডার রায়ান আইত-নুরি, তবে তিনিও পরিষ্কার অফসাইডে ছিলেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ভিনিসিয়াস জালে বল পাঠালেও, অফসাইডের কারণে গোল হয়নি। একেবারে শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোলে দলের আরেকটি জয় নিশ্চিত করেন তিনি। দুর্দান্ত খেলে ম্যান অব দ্য ম্যাচের কৃতিত্ব নিজের করে নেন।

প্রতিশ্রুত জাহাজ অনিশ্চিত বিকল্প খুঁজছে সরকার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রতিশ্রুত জ্বালানি তেলবাহী জাহাজগুলোর আগমন অনিশ্চিত হয়ে পড়ায় দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষায় বিকল্প উৎসের দিকে ঝুঁকছে সরকার। বিদ্যমান চুক্তির বাইরে গিয়ে সরাসরি ক্রয়, জি-টু-জি সমঝোতা এবং উন্মুক্ত দরপত্র– সব পদ্ধতিই এখন সক্রিয়ভাবে বিবেচনায় আনা হয়েছে।

সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বর্তমানে আমদানিকৃত জ্বালানি তেলের ৫০ শতাংশ সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করে। জি-টু-জি চুক্তির আওতায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত তেল এনে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে (ইআরএল) পরিশোধন করা হয়। এসব উৎসের মধ্যে রয়েছে– সৌদি আরামকোর অ্যারাবিয়ান লাইট ক্রুড এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মুরবান ক্রুড।

কিন্তু ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভূরাজনৈতিক অস্থিরতা পরিস্থিতি পাল্টে দিয়েছে। ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে বাংলাদেশগামী জাহাজের সময়সূচি ভেঙে পড়েছে।

জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী, মার্চ মাসে ১৭টি এলসি খোলা হলেও এখন পর্যন্ত মাত্র ছয়টি পার্সেল দেশে এসেছে। চারটি পার্সেল অপেক্ষায় এবং বাকি সাতটির কোনো নিশ্চয়তা নেই। এপ্রিলের ক্ষেত্রেও একই চিত্র। ১৫টি এলসির বিপরীতে মাত্র তিনটি সরবরাহ নিশ্চিত হয়েছে। ফলে প্রতিশ্রুত জাহাজের ওপর নির্ভরতা এখন বড় ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে সরকার জরুরি ভিত্তিতে নতুন উৎস থেকে তেল আমদানির সিদ্ধান্ত নিচ্ছে। ইতোমধ্যে দুবাইভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান পেট্রোগ্যাস ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ টন ডিজেল এবং ২৫ হাজার টন অকটেন আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। প্রতি ব্যারেলে প্ল্যাটস দামের সঙ্গে তিন ডলার প্রিমিয়ামে এই তেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে, যা বিদ্যমান জি-টু-জি বা উন্মুক্ত দরপত্রের তুলনায় কম বলে বিবেচনা করছে সংশ্লিষ্টরা। এই আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার ৪৬ কোটি টাকা।

এর পাশাপাশি ভারত থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান চুক্তি অনুযায়ী বছরে এক লাখ ২০ হাজার টন ডিজেল সরবরাহ নিশ্চিত থাকলেও প্রয়োজনে আরও ৬০ হাজার টন অতিরিক্ত আনার সুযোগ রয়েছে। পাইপলাইনের মাধ্যমে ইতোমধ্যে দুটি চালানে ১০ হাজার টন ডিজেল এসেছে। নতুন প্রস্তাবে মার্চে ২০ হাজার টন এবং এপ্রিলে ২৫ হাজার টন ডিজেল আনার পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া সমুদ্রপথে চারটি জাহাজে আরও এক লাখ ২০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব বিবেচনায় রয়েছে।

একই সঙ্গে আফ্রিকা ও যুক্তরাষ্ট্র থেকেও জ্বালানি আমদানির সম্ভাবনা যাচাই করা হচ্ছে। বাজারে বিভিন্ন আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান প্রস্তাব দিচ্ছে, তবে তাদের সক্ষমতা, গুণগত মান ও দামের বিষয়টি যাচাই-বাছাই করছে বিপিসি। রাশিয়ার কাছেও জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে অপরিশোধিত তেল আমদানির বিঘ্ন সবচেয়ে বড় উদ্বেগ। কারণ ইআরএলের উৎপাদন এই কাঁচামালের ওপর নির্ভরশীল। অপরিশোধিত তেল সময়মতো না এলে দেশীয় উৎপাদন কমে যাবে এবং তখন বাধ্য হয়ে বেশি দামে পরিশোধিত তেল আমদানি করতে হবে। হরমুজ সংকটে অপরিশোধিত তেলের তিনটি জাহাজের আগমনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগও নেওয়া হয়েছে। বাংলাদেশগামী জাহাজ যাতে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে, সে জন্য ইরানের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। ইরান ইতিবাচক আশ্বাস দিলেও বাস্তবে ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন, সরবরাহকারীরা প্রাথমিক সম্মতি দিলেও বাস্তবে নির্ধারিত সময়ে তেল সরবরাহ করতে পারছে না। ফলে চুক্তির বাইরে সরাসরি ক্রয়, বিশেষ অনুমোদনে আমদানি এবং উৎস বৈচিত্র্য সব কৌশল একসঙ্গে কাজে লাগাতে হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে দামের চেয়ে সরবরাহ নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ। ডিজেল দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৭০ শতাংশ, যা পরিবহন, কৃষি ও শিল্প খাতে অপরিহার্য। ফলে সরবরাহ ব্যাহত হলে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
জানতে চাইলে জ্বালানি সচিব সাইফুল ইসলাম সমকালকে বলেন, এপ্রিলের জন্য প্রায় তিন লাখ টন ডিজেল আমদানির চেষ্টা চলছে। কোন দেশ থেকে আমদানি করা হবে জানতে চাইলে তিনি বলেন, সম্ভাব্য সব উৎস থেকেই জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। যেখান থেকে পাওয়া যাবে, সেখান থেকেই কেনা হবে। প্রয়োজনে ডিপিএমে (ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড) কেনা হবে।

এক দশকে কর্মক্ষম অর্ধেক তরুণ কাজ পাননি

গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করা তরুণদের প্রায় অর্ধেক কাজ পাননি বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। তিন দিনের সফর শেষে মঙ্গলবার ঢাকা ত্যাগ করার আগে এক বিবৃতিতে বাংলাদেশকে কর্মসংস্থানে জোর দেওয়ার সুপারিশ করেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানায়, সফরকালে জোহানেস জাট অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং কোন কোন ক্ষেত্রে বিশ্বব্যাংক গ্রুপ সহায়তা জোরদার করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।
জোহানেস জাট জানান, গত এক দশকে এক কোটি ৪০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করেছে। তবে কর্মসংস্থান তৈরি হয়েছে মাত্র ৮৭ লাখের। অর্থাৎ বিপুলসংখ্যক কর্মক্ষম যুবক কাজের বাইরে থেকে গেছে। তরুণীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন।

বিবৃতিতে জাট বলেন, সরকার বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, যা বিশ্বব্যাংক গ্রুপের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে যুবক ও নারীদের জন্য চাকরি সৃষ্টিতে সহায়তা বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক অনিশ্চয়তা বাড়তে থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির পথে অনেক মৌলিক প্রতিবন্ধকতা আছে। এগুলো দূর করতে হবে। এজন্য দীর্ঘদিনের অপেক্ষমাণ সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কার দ্রুত বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।

বিশ্বব্যাংক জানায়, সদস্য দেশগুলোতে প্রবৃদ্ধিকে স্থানীয় কর্মসংস্থানে রূপান্তর করতে তারা কাজ করছে। এ জন্য ভৌত ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বেসরকারি খাতে বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাধীনতার পরপরই বাংলাদেশের পাশে দাঁড়ানো উন্নয়ন অংশীদারদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম। সংস্থাটি এ পর্যন্ত বাংলাদেশকে ৪৬ বিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে অনুদান, সুদমুক্ত ঋণ এবং স্বল্প সুদের ঋণ অন্তর্ভুক্ত রয়েছে।

ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব, কিছু নিয়োগ নিয়ে প্রশ্ন

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এক মাসে ২৮টি পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খননসহ বিভিন্ন সংস্কার কর্মসূচির কথা তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন মির্জা ফখরুল। একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন তাঁর ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপের কথা তুলে ধরেন।

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী ইশতেহারকে গুরুত্ব দিয়ে কাজ করা ইতিবাচক দিক। বিএনপি সরকার ফ্যামিলি কার্ডসহ ইতিবাচক যে কাজগুলো শুরু করেছে, সেগুলো ভালো লক্ষণ। তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অনির্বাচিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া, বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে দলীয় সমর্থক শিক্ষকদের নিয়োগসহ কয়েকটি বিষয়ে প্রশ্ন উঠছে।
সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তায় নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তারা ফেসবুক পোস্টে জানান, ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি কার্ডে মাসিক দুই হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে। মাত্র ২১ দিনে তা বাস্তবায়ন সরকারের মানবিক অগ্রাধিকারের উদাহরণ।

চার হাজার ৯০৮ মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ৯৯০ মন্দিরের পুরোহিত, ১৪৪ বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬ গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাচ্ছেন। নির্বাচনী এলাকার অসহায় ও গরিবদের জন্য শাড়ি, থ্রিপিস ও হাজি রুমাল বরাদ্দ। সব পরিচ্ছন্নতাকর্মীর জন্য ঈদ উপহার। দরিদ্রদের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রমে সহায়তার জন্য আলেম-মাশায়েখদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার সমকালকে বলেন, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব গ্রহণের পর তারা নির্বাচনী ইশতেহারকে গুরুত্ব দিচ্ছে, এটি ইতিবাচক দিক। নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন সরকারের একটি শুভসূচনা। অতীতে ১০০ দিনের পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হলেও বাস্তবায়ন করতে দেখা যায়নি।

বদিউল আলম মজুমদার বলেন, তবে সরকার কিছু বিষয়ে অস্বস্তি সৃষ্টি করেছে। যেমন– সংবিধানের ৫৯এ(১) অনুচ্ছেদে বলা হয়েছে, আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানগুলোর ওপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক এককাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হবে। কিন্তু সরকার অনির্বাচিত ব্যক্তিদের সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব দিয়েছে। ঋণখেলাপি হওয়া একজন ব্যক্তিকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে। মেট্রোরেলে একজন আন্তর্জাতিক মানের দক্ষ ব্যক্তির নিয়োগ বাতিল করা হয়েছে। প্রশাসনের শীর্ষ অনেক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর বেশির ভাগ মানুষের প্রত্যাশা ছিল দলীয়করণমুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আশা করি, সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে।

বিএনপির মহাসচিবের ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, প্রায় ২৭ হাজার কৃষককে বহুল প্রত্যাশিত কৃষক কার্ড প্রদানের মাধ্যমে শিগগির কার্যক্রম শুরু, প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং নতুন উদ্যমে চাষাবাদে সহায়তা করা হচ্ছে। ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন ইতোমধ্যে ৫৪ জেলায় শুরু হয়েছে। এতে সেচ উন্নত হবে, জলাবদ্ধতা কমবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

প্রশাসনিক সংস্কার ও সুশাসন হিসেবে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করছেন। কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি এখন বাধ্যতামূলক। প্রধানমন্ত্রীর অতি সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন আসছে। জনগণও ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত হবে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন একজন জ্যেষ্ঠ মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এ ছাড়া এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত ঐতিহাসিক। যার ফলে রাষ্ট্রীয় ব্যয় কমবে, জনগণের আস্থা পুনঃস্থাপিত হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতার জন্য রমজান ও ঈদে মূল্যবৃদ্ধি রোধ, বৈশ্বিক জ্বালানি অস্থিতিশীলতার মাঝেও বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে স্পট এলএনজি ক্রয় করা হয়েছে। ১০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস সময়মতো পরিশোধ করতে পোশাকসহ রপ্তানিমুখী শিল্পে দুই হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই-হেলথ কার্ড চালু; এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু, যার ৮০ ভাগ হবেন নারী। সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান, স্থানীয় প্রশাসন ও কমিউনিটি সমন্বয়ে কার্যক্রম চালানো হবে।

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা: গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
নারীর নিরাপত্তা ও পিঙ্ক বাস: সম্পূর্ণ নারী পরিচালিত পিঙ্ক বাস চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা ও পালনের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারে গুরুত্বারোপ করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) পরিবর্তনের ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ তুলে এই প্রক্রিয়াকে গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থি বলে অভিহিত করেছে জামায়াতে ইসলামী। গতকাল মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুল হালিম।

রেবেকা গ্রিনস্প্যানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সোমবার আংকটাড সেক্রেটারি-জেনারেল রেবেকা গ্রিনস্প্যান সাক্ষাৎ করেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সোমবার জাতিসংঘের স্থায়ী মিশনে  জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএনসিটিএডি) মহাসচিব রেবেকা গ্রিনস্প্যানের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেখানে মধ্যপ্রাচ্যে চলমান সাম্প্রতিক সংঘাতের প্রভাব এবং তা বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলোর ওপর কীভাবে নেতিবাচক প্রভাব ফেলছে, তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সাক্ষাৎকারে উভয় নেতা দৃঢ়ভাবে লক্ষ্য করেন যে, বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি বাজার এবং খাদ্য নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

তারা আশঙ্কা প্রকাশ করেন যে, উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে দরিদ্রতম দেশগুলো, যারা ইতিমধ্যেই সীমিত সম্পদ ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি, তারা এই সংকট থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে। বৈশ্বিক অর্থনীতি ও দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা আমাদের দায়িত্ব।’
রেবেকা গ্রিনস্প্যানও এই প্রেক্ষাপটে যোগ করেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক চ্যালেঞ্জও তৈরি করছে। উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এখন অতীব জরুরি। এই ক্ষেত্রে বাংলাদেশসহ সকল অংশগ্রহণকারী দেশের ভূমিকা গুরুত্বপূর্ণ।’
সাক্ষাৎকারে দুই নেতা তাদের নিজ নিজ আন্তর্জাতিক প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন। রেবেকা গ্রিনস্প্যান কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী। অন্যদিকে, ড. খলিলুর রহমান বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা একে অপরের অভিজ্ঞতা, নেতৃত্বের দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বৈঠকের সারমর্ম নোট করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতামূলক উদ্যোগে অংশগ্রহণের প্রস্তাব মূল্যায়ন করেন।
ড. খলিলুর রহমান সাক্ষাতের পরে বলেন, ‘বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।