Home Blog Page 197

সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ প্রস্তাব তুলবো: তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদে গেলে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব তুলবেন বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন তিনি।

তাসনিম জারা বলেন, আমার নির্বাচনী আসন যদিও শহরের প্রাণ কেন্দ্র তারপরও মানুষ যখন চুলা জ্বালায় রান্না করার জন্য গ্যাস বের হয় না। তবে, মাসে মাসে বিলটা ঠিকই দিতে হয়। সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব তুলবো।

এছাড়াও সরকার যদি পাইপলাইনে গ্যাস দিতে ব্যর্থ হয় তাহলে এলাকায় যাতে ভর্তুকি বা ন্যায্য দামে এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়, সেই প্রস্তাবনাও রাখবেন বলে জানিয়েছেন তিনি।

ঢাকা-৯ আসনের এই প্রার্থী বলেন, আমার আসনে প্রায় ছয়-সাত লাখেরও বেশি মানুষ থাকে। তবে, এই বিপুল জনসংখ্যার জন্য মাত্র একটি সরকারি হাসপাতাল রয়েছে। আর এই মুগদা হাসপাতালে জনবলের সংকট আছে, যন্ত্রপাতি সংকট আছে, রোগীরা ভোগান্তির শিকার হয়, অব্যবস্থাপনা আছে। এই মেডিকেলে যাতে আধুনিক যন্ত্রপাতি থাকে, পর্যাপ্ত জনবল নিয়োগ হয় সেজন্য স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ রাখবো। আমাদের যে পাড়ার ক্লিনিকগুলো আছে, সেগুলো যাতে আধুনিকায়ন করতে পারি সেটার জন্য বিশেষ উদ্যোগ নেব, যাতে এই ক্লিনিকগুলো মিনি হাসপাতালের মত হয়ে যায়। এছাড়াও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সারা বছর কাজ করবে এমন স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠন করব। নারী স্বাস্থ্যসেবার অংশ হিসেবে হাসপাতাল ও সরকারি স্থাপনায় গর্ভবতী মায়েদের জন্য নিয়মিত ও সাশ্রয়ী চিকিৎসা, ব্রেস্টফিডিং স্পেস এবং নারীবান্ধব টয়লেট নিশ্চিত করা হবে।

স্কুলে ভর্তিতে এমপির (সংসদ সদস্য) কোনো কোটা বা সুপারিশ থাকবে না উল্লেখ করে তিনি আরও বলেন, মেধা ও স্বচ্ছতাই হবে একমাত্র মানদণ্ড। এছাড়া, স্কুলে আধুনিক বিজ্ঞান ল্যাব, কোডিং ক্লাব ও লাইব্রেরি গড়ে তোলা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তাসনিম জারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন কেবল প্রতিনিধি নির্বাচনের মাধ্যম নয়, বরং এর মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে, যেখানে দেশের প্রতিটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারবেন। নাগরিকরা সেবা গ্রহণের জন্য প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরবে না, বরং এগুলোই তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে।

হরমোনের ভারসাম্য ঠিক রাখার সহজ উপায়

নারীদের মধ্যে হরমোনের ভারসাম্যহীনতা একটি অত্যন্ত সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওজন বেড়ে যাওয়া, সব সময় ক্লান্ত লাগা, কোষ্ঠকাঠিন্য, ত্বকের সমস্যা—এসব উপসর্গ অনেকেই অনুভব করেন, কিন্তু মূল কারণটি বুঝতে পারেন না।

বিশেষ করে পিসিওডি (পলিসিস্টিক ওভারিয়ান ডিস-অর্ডার)–এ ভোগা নারীরা হরমোনের সমস্যা নিয়ে বেশি লড়াই করেন। অনেক চেষ্টা করেও অনেকে সঠিক সমাধান পান না।

সম্প্রতি পিসিওডি ও গাট–হেলথ বিশেষজ্ঞ ডা. রানি রোশনি হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য চারটি সহজ কৌশল শেয়ার করেছেন। সেগুলো হচ্ছে—

 

ইনসুলিন ঠিক রাখা

ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, পিসিওডি থাকা নারীদের ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ঝুঁকি বেশি। এটি ঠিক রাখতে এই চিকিৎসক পরামর্শ দেন কার্বোহাইড্রেট বেশি, এমন খাবারের আগে হালকা গরম পানিতে সামান্য আপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করতে।খাওয়ার পর ১০ মিনিট হাঁটাও ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে।

কর্টিসল নিয়ন্ত্রণ করা

কর্টিসল কমাতে ‘বক্স ব্রিদিং’ পদ্ধতি কার্যকর হতে পারে।

৪ সেকেন্ড শ্বাস নিন, ৪ সেকেন্ড ধরে রাখুন, ৪ সেকেন্ডে ছাড়ুন। এভাবে ২ মিনিট করলে সাময়িক স্বস্তি পাওয়া যায়।

সকালে অন্তত ৫ মিনিট রোদে থাকা কর্টিসল লেভেল স্বাভাবিক করতে সাহায্য করতে পারে।

মেলাটোনিন বাড়ানো

মেলাটোনিন শরীরকে ঘুমের দিকে নিয়ে যায় এবং বিশ্রামের মাধ্যমে পুনরুদ্ধার প্রক্রিয়া চালু করে। গবেষণায় দেখা গেছে, পিসিওএস থাকা নারীদের শরীরে মেলাটোনিনের মাত্রা কম থাকতে পারে, যার ফলে ঘুমের সমস্যা, ক্লান্তি ও মুড সুইং দেখা দেয়।

এটি ঠিক করতে ঘুমের অন্তত এক ঘণ্টা আগে ফোন বন্ধ রাখা ভালো। গরম হলুদ দুধ বা ক্যামোমাইল চা পান শরীরকে ঘুমের সংকেত দেয়। আলো নিভিয়ে, ফোন দূরে রেখে প্রতিদিন একই রুটিন অনুসরণ করলে ঘুমের মান উন্নত হতে পারে।

ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ঠিক রাখা

পিসিওএস থাকা নারীদের মধ্যে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ভারসাম্যহীনতা দেখা যায়, যার ফলে অনিয়মিত মাসিক, মুখে অতিরিক্ত লোম, মেটাবলিক সমস্যা ইত্যাদি হতে পারে।

প্রতিদিন এক টেবিল চামচ ফ্ল্যাক্সসিড দই বা স্মুদির সঙ্গে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ। পেট ফাঁপা কমাতে দিনে ২–৩ লিটার পানিতে এক চিমটি পিঙ্ক সল্ট মিশিয়ে পান করা যেতে পারে। শক্তি বাড়াতে মন খারাপ বা দুর্বল লাগলে ২ মিনিট ওয়াল সিট বা স্কোয়াট করা উপকারী।

দীর্ঘমেয়াদে সিড সাইক্লিং অনুসরণ করা যেতে পারে। প্রথম ১৪ দিন ফ্ল্যাক্সসিড ও কুমড়ার বীজ, পরের ১৪ দিন সূর্যমুখী ও তিলের বীজ। পাশাপাশি স্ট্রেংথ ট্রেনিং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্লাস্টিকের ব্যবহার কমানো, প্লাস্টিকে খাবার গরম না করা এবং ধাতব পানির বোতল ব্যবহার করার পরামর্শও দিয়েছেন তিনি।

৮০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁলেন ইলন মাস্ক

ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৮০০ বিলিয়ন বা ৮০ হাজার কোটি ডলার ছাড়াল। মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স তাঁরই কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সএআই অধিগ্রহণ করার পর এই মাইলফলক তৈরি হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের হিসাবে, এই চুক্তিতে যৌথ কোম্পানির মূল্যায়ন দাঁড়িয়েছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন বা ১ লাখ ২৫ হাজার কোটি ডলার। ফলে মাস্কের সম্পদ বেড়েছে ৮৪ বিলিয়ন ডলার- মোট সম্পদমূল্য বেড়ে হয়েছে রেকর্ড ৮৫২ বিলিয়ন বা ৮৫ হাজার ২০০ কোটি ডলার। চুক্তির আগে মাস্কের হাতে স্পেসএক্সের আনুমানিক ৪২ শতাংশ মালিকানা ছিল।

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, বাবা শাকিব খান!

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন নয়। প্রথম স্ত্রী অপু বিশ্বাস এবং দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিন ধরেই আলোচনায়। এবার শাকিব খান ও শবনম বুবলীকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে—অভিনেত্রী বুবলী নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

বিনোদন অঙ্গনের একাধিক সূত্রের দাবি, শাকিব খান ও বুবলী দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছেন। সে অনুযায়ী, শাকিব খান তৃতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন বলে আলোচনা চলছে।

জানা গেছে, গত বছরের শেষদিকে শাকিব খান ও বুবলী তাঁদের ছেলে শেহজাদ বীরকে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে যান। সেই সময় তাঁদের মধ্যে আবার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে শোনা যাচ্ছে। এরপরই ডিসেম্বর মাস থেকে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়াতে শুরু করে।

মাঝখানে অভিনেত্রীর গর্ভপাতের খবরও শোনা গেলেও সর্বশেষ তথ্যে জানা গেছে, সে গুঞ্জন সত্য নয়। বরং রমজানের প্রথম সপ্তাহেই বুবলী যুক্তরাষ্ট্রে যাবেন এবং সেখানেই সন্তানের জন্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর প্রথম সন্তান শেহজাদ বীরের জন্মও যুক্তরাষ্ট্রেই হয়েছিল। সে সময় বুবলী অভিযোগ করেছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় শাকিব খান তাঁর খোঁজখবর রাখেননি এবং তাঁকে একা রেখে দেশে ফিরে আসেন। তবে সেই অধ্যায় এখন অতীত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে নতুন সন্তানের আগমনের খবরে আবারও আলোচনায় শাকিব খান ও বুবলী। এ বিষয়ে মন্তব্য জানতে বুবলী ও শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দুজনের পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আট বছর পর সিটি-আর্সেনাল ফাইনাল

লিগ কাপের চলমান আসরে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। দুই লেগের সেমিফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কেটেছে পেপ গার্দিওলার দল। দ্বিতীয় লেগে ইতিহাদ স্টেডিয়ামে ৩-১ গোলের জয় তুলে নিয়ে মোট ৫-১ ব্যবধানে প্রতিপক্ষকে পরাস্ত করে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে সিটিজেনরা। এই জয়ের মধ্য দিয়ে আট বছর পর আবার লিগ কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। সর্বশেষ ২০১৭–১৮ মৌসুমে এই প্রতিযোগিতার ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে সিটি ৩-০ গোলে জয় পায়, যা ছিল গার্দিওলার অধীনে ক্লাবটির প্রথম শিরোপা। তখন আর্সেনালের কোচিং স্টাফে ছিলেন বর্তমান কোচ মিকেল আর্তেতা।
ম্যাচের প্রথমার্ধেই কার্যত ভাগ্য নির্ধারণ করে দেন নতুন তারকা ওমর মারমুশ। দুর্দান্ত গতি ও নিখুঁত ফিনিশিংয়ে ১৯ ও ২৯ মিনিটে পরপর দুটি গোল করেন তিনি। এরপর ৩২ মিনিটে মিডফিল্ডার তিজানি রেইন্ডার্স গোল করে ব্যবধান ৩-০ তে নিয়ে যান। এতেই নিউক্যাসলের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায়। বিরতির পর কিছুটা আক্রমণাত্মক খেলা উপহার দেয় নিউক্যাসল। ৬২ মিনিটে অ্যান্থনি এলাঙ্গা একটি গোল শোধ করেন। তবে সেটি শুধু ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। পুরো ম্যাচজুড়েই সিটির রক্ষণভাগ ছিল দৃঢ়, মাঝমাঠে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।
এর আগে সেমিফাইনালে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। সাম্প্রতিক মৌসুমগুলোতে প্রিমিয়ার লিগে সিটি-আর্সেনালের শিরোপা লড়াই নিয়মিত হলেও কাপ প্রতিযোগিতার ফাইনালে তাদের দেখা হওয়া ছিল বিরল। কমিউনিটি শিল্ড ছাড়া গত কয়েক বছরে বড় কোনো ফাইনালে মুখোমুখি হয়নি দুই দল।
ইতিহাস বলছে, লিগ কাপের ফাইনালে আর্সেনাল মোট আটবার উঠলেও শিরোপা জিতেছে মাত্র দুবার। বিপরীতে ম্যানচেস্টার সিটি নয়বার ফাইনালে উঠে আটবারই ট্রফি জিতেছে। চলতি মৌসুমে লিগে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল এবার অতীতের হতাশা কাটানোর সুযোগ পেতে পারে। উল্লেখযোগ্য আরেকটি পরিসংখ্যান হলো, এই ম্যাচের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির মাঠে টানা ১২ ম্যাচে হারল নিউক্যাসল। এক প্রতিপক্ষের মাঠে এত দীর্ঘ হারার রেকর্ড নিউক্যাসলের ইতিহাসে নেই। আগামী ২২ মার্চ ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত লিগ কাপের ফাইনাল।
ফাইনাল নিশ্চিত হওয়ার পর গার্দিওলা বলেন, ‘আমরা আবার লন্ডনে যাচ্ছি, ওরা সেখানে আমাদের জন্য অপেক্ষা করবে। তারা কখনো উত্তরে (ফাইনালের জন্য) আসে না, কিন্তু আমি সত্যিই খুশি যে আবার ফিরতে পারছি। ১০ বছরে পাঁচটি লিগ কাপ ফাইনাল, এটা বড় একটি মাইলফলক। ভালো লাগবে।’

গাজার উদ্দেশে আবারো যাচ্ছে আন্তর্জাতিক ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে আন্তর্জাতিক ত্রাণবহর গ্লোবাল সুমুদ এইড ফ্লোটিলা আবার যাত্রা শুরু করতে যাচ্ছে। ঘোষণায় বলা হয়েছে, আগামী ২৯ মার্চ স্পেনের বার্সেলোনা বন্দর থেকে গাজার উদ্দেশে ত্রাণবহরের যাত্রা শুরু হবে। এবারের অভিযানে আগের তুলনায় আরও বিস্তৃত আন্তর্জাতিক অংশগ্রহণ থাকছে।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত এক লাইভস্ট্রিম সংবাদ সম্মেলনে গ্লোবাল সুমুদের কর্মী সুমেইরা আকদেনিজ ওর্দু জানান, বার্সেলোনা থেকে ঐতিহাসিকভাবে যাত্রা শুরু করবে ফ্লোটিলা। এরপর তিউনিসিয়া, ইতালি এবং ভূমধ্যসাগরের অন্যান্য বন্দর থেকেও আরও জাহাজ এতে যুক্ত হবে।

তিনি বলেন, “এবার আমরা হাজার হাজার অংশগ্রহণকারী নিয়ে যাত্রা করবো, যার মধ্যে এক হাজারের বেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী থাকবেন। আগের মিশনগুলোর তুলনায় এবারের অভিযান অনেক বেশি ব্যাপক হবে।”

সুমেইরা আরও জানান, এবারের বহরে শুধু চিকিৎসা পেশাজীবীরাই নয়, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে দক্ষ ইকো-বিল্ডার এবং যুদ্ধাপরাধ তদন্তকারীরাও থাকবেন। তাদের উপস্থিতি গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজকদের মতে, এই ত্রাণবহরের মূল লক্ষ্য কেবল মানবিক সহায়তা পৌঁছে দেওয়া নয়, বরং গাজার ওপর আরোপিত অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা জোরদার করা। দীর্ঘদিন ধরে ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে গাজায় খাদ্য, চিকিৎসা ও বিশুদ্ধ পানির তীব্র সংকট তৈরি হয়েছে।

গ্লোবাল সুমুদ কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন দেশের নাগরিক, মানবাধিকার কর্মী ও পেশাজীবীদের এই উদ্যোগ গাজার জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতির স্পষ্ট বার্তা বহন করবে।

সিলেটে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন ডিবির আব্দুর রহিম জিবান

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত মো. আব্দুর রহিম জিবান। পেশাগত দক্ষতা, সাহসিকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

​বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে এই সম্মাননা পত্র ও পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত থাকাকালীন এসআই আব্দুর রহিম জিবান অত্যন্ত নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। জেলার অপরাধ দমন, মাদক উদ্ধার এবং বিভিন্ন সফল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত করা হয়েছে।

​পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই আব্দুর রহিম জিবান জানান, এই অর্জন তার কাজের প্রতি উৎসাহ ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি আগামীতেও জেলা গোয়েন্দা শাখার হয়ে দেশ ও জনগণের কল্যাণে এবং অপরাধ দমনে সততার সাথে কাজ করে যেতে চান।

নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে ‘সবার আগে বাংলাদেশ’— এই স্লোগান নিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি। ইতোমধ্যে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। এ সময় আন্দোলনকারীদের ওপর পুলিশকে জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের  সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন স্লোগন দেন সরকারি চাকরিজীবীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে।

এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।

বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়ায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।

অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, পে কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এ সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে। গত ২৭ জানুয়ারি সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

রাজার জন্য যে বিচার সবার জন্য সে বিচার নিশ্চিত করতে চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে সবখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। রাজার জন্য যে বিচার সবার জন্য সে বিচার নিশ্চিত করতে চাই।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জামায়াতের আমির বলেন, সারাদেশে ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব বাহিনীর বেতন কাঠামো সময়োপযোগী করা হবে। সমাজের সব স্তরে নারী অধিকার এবং মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিটি নদীর যেখানে বাঁধ দিলে বাংলাদেশ তার পানির ন্যায্য অধিকার বুঝে পাবে সেখানে বাঁধ দেওয়া হবে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, পুরোনো বন্দোবস্তকে লালকার্ড এবং দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটারদের ভোটের আমানত হিসেবে ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির আরও বলেন, ন্যায়বিচার যখন কায়েম হবে এই বাংলাদেশে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদের ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে।

জামায়াত আমির বলেন, মানবিক বাংলাদেশের পক্ষে সর্বত্র গণজোয়ার তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জও তার গর্বিত অংশীদার। বিগত ৫৪ বছর এ দেশের মানুষ শাসন আর অপশাসন দেখে ক্লান্ত। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরোনো রাজনীতির বন্দোবস্ত আর দেখতে চাই না।

যুবকদের  উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তোমাদের হাতে অপমানের বেকার ভাতা নয়, প্রতিটি হাত দক্ষ করে গড়ে তুলবো। মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। তোমরাই দেশ গড়বা, তৈরি হয়ে যাও। তোমাদের হাতে দেশের ভার তুলে দিতে চাই। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে বসবে যুবকরা, আমরা বসবো প্যাসেঞ্জার সিটে। এ দেশ তারা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নেবে।

নারীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, আপনাদের দুটি জিনিস নিশ্চিত করতে চাই- একটি হচ্ছে সমাজের সব স্তরে অধিকার এবং মর্যাদা আরেকটি নিরাপত্তা।

জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবুজার গিফফারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. নুরুল ইসলাম বুলবুলসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় ১১ দলীয় জোটের এনসিপি জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং জাগপা সহসভাপতি ও দলের মুখপাত্র রাশেদ খান প্রধানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের জামায়াতের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন এবং আসন্ন নির্বাচনে তাদের জয়ী করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন জামায়াত আমির।