Home Blog Page 2

ট্রাম্পের নতুন শুল্ক হুমকি চীনের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ফের বাণিজ্য যুদ্ধের শঙ্কা

বিশ্ব বাণিজ্যের কাঠামো নতুন করে সাজানোর উদ্যোগের অংশ হিসেবে চীনের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে শুধু চীনা পণ্যের ওপর নয়, বরং চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা অন্যান্য দেশগুলোর ওপরও চাপ তৈরি করছে ওয়াশিংটন। এতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ শুল্ক আরোপের পদক্ষেপ চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতার সীমার মধ্যেই রয়েছে। তবে ভবিষ্যতে আরও শুল্ক বাড়ানোর সুযোগ রেখেছে ওয়াশিংটন। আগামী মাসে মায়ামিতে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে সম্ভাব্য চতুর্থ বৈঠক এবং ১০ জানুয়ারি বর্তমান বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এ পদক্ষেপ দুই দেশের আলোচনায় নতুন চাপ তৈরি করতে পারে।

আবারও কি উত্তপ্ত হবে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক?
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্ব বাণিজ্যব্যবস্থা পুনর্গঠনের এ উদ্যোগ শুরু হয়েছিল ২০২৫ সালের এপ্রিল মাসে। সেই সময় তাঁর ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ওই শুল্কের আওতায় প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক বাড়ানো হয়েছিল। তবে চীনই একমাত্র দেশ হিসেবে পূর্ণ শক্তিতে এর পাল্টা জবাব দিয়েছিল।

পরিস্থিতি এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছায়, দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক তিন অঙ্কের ঘরে ওঠে। অন্যদিকে, বিরল খনিজ পরিশোধনে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে চীন। এর ফলে গাড়ি উৎপাদন থেকে প্রতিরক্ষা শিল্প পর্যন্ত বিশ্বের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়ে।

পরবর্তী সময়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। চলতি মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উষ্ণ অভ্যর্থনা এবং বিমানবন্দরে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানানোর ঘটনাও আপাতত বড় ধরনের উত্তেজনা তৈরির সম্ভাবনা কম থাকার ইঙ্গিত দিচ্ছে।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির ওপর আরোপিত নিয়ন্ত্রণ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বেইজিং। একই সময়ে চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান জিয়ামেন এয়ারলাইন্স বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ৫০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। এসব পদক্ষেপ দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতা এখনও কার্যকর থাকার ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের হাতে আরও শুল্ক বাড়ানোর সুযোগ থাকলেও এর মূল্যস্ফীতির প্রভাব নিয়ে সতর্ক থাকতে হবে ওয়াশিংটনকে। চলতি মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে উঠে এসেছে।

ব্রাজিল ও চীনের প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের হুমকির কাছে নতি স্বীকার করবে না ব্রাজিল। অন্যদিকে, ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাজনৈতিক কারসাজির’ অভিযোগ তুলেছে চীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৪টি বড় বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণার পর দেশ দুটি এমন প্রতিক্রিয়া জানিয়েছে।

বুধবার ব্রাজিল সরকার এক বিবৃতিতে বলেছে, ‘ব্রাজিল এ ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবে না।’ বিবৃতিতে আরও বলা হয়, চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত গ্রহণ অগ্রহণযোগ্য।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের এক মুখপাত্র দেশটির বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কোনো হুমকি দেননি তিনি।

বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে চায় ভারত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করে নতুন বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে ভারত। ওয়াশিংটনের নতুন শুল্ক আরোপের পরিকল্পনার প্রতিক্রিয়ায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ অবস্থান জানিয়েছে।

বিবৃতিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যত দ্রুত সম্ভব বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

নতুন প্রস্তাব অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হলে এই হার কমে ১৭ শতাংশ হতে পারে।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি (বিটিএ) নিয়ে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছিলেন। তবে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের কারণে আলোচনা পিছিয়ে যায়। চলতি বছর আবারও আলোচনা এগোতে শুরু করে।

মানবতাবিরোধী অপরাধ জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক: অ্যাটর্নি জেনারেল

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সব সম্পত্তি বাজেয়াপ্ত চেয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনের সময় অ্যাটর্নি জেনারেল এ আরজি জানান।

এদিন বিটিভি ও চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। এদিকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে হাজির রয়েছেন জিয়াউল আহসান।

গুম-খুনের ঘটনাগুলোর বর্ণনা দিতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এসব গুম-খুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত হানেনি, আঘাত হেনেছে মানুষের জীবনের ওপর। এসব ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

তিনি বলেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান। তাই এই বিচার শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহির দাবি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই বিচার নিহত মানুষকে ফিরিয়ে আনতে পারবে না। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাজারো বেদনাও ঘুচবে না। এরপরও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই বিচারের প্রয়োজন রয়েছে। এই আসামির শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলে তা হবে সমুদ্রের এক বিন্দু শিশিরকণা।

রুহুল কুদ্দুস কাজল বলেন, মানুষের জীবন-মৃত্যুকে জিয়াউল আহসান এমনভাবে নিয়েছেন, যেন এটি খেলার বিষয়। অথচ রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কারও জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। অতএব ন্যায়বিচারের মধ্য দিয়ে জিয়াউল আহসানের মতো অপরাধীদের জন্য একটি শক্ত বার্তা যাবে।

এর আগে গত মঙ্গলবার মামলায় যুক্তিতর্ক শুরু হয়। সেদিন আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত দুদিনে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম। এর আগে গত ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন. এরপর ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

জিয়াউল আহসান সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে তিনি গ্রেপ্তার হন।

উচ্চশিক্ষার রূপরেখা তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অধ্যক্ষ সম্মিলন শনিবার

উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে আগামী শনিবার ২৮ নভেম্বর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

বৃহস্পতিবার ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। মিডিয়া ব্রিফিংয়ে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গৃহীত উল্লেখ্যযোগ্য কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।

ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি বিষয়ের কারিকুলাম সংস্কারের কাজ চলছে। মোট ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ৫৫০টির সংস্কার সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের কারিকুলাম সংস্কারের লক্ষ্য রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ডেটা প্রসেসিং, ফ্রিল্যান্সিং ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। অধিভুক্ত কলেজের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে ১২ হাজার শিক্ষককে। ইতিমধ্যে সাড়ে তিন হাজার শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৭টি কলেজে ভাষা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। চলতি বছরের মধ্যে আরও ১০০টি ভাষা ক্লাব প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। নারী শিক্ষার্থীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ৫০ হাজার নারীকে ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান শিক্ষার্থী ও ঝরে পড়া তরুণদের জন্য ১০ থেকে ১৪ ক্রেডিটের মাইক্রো-লার্নিং ও মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স চালুর করা হচ্ছে।

ড. আমানুল্লাহ বলেন, বর্তমান প্রশাসনের সময়ে ২২১টি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষায় অংশ নিয়েছেন ৬১ লাখ ২৮ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী। বিভিন্ন পর্যায়ে দুই থেকে তিন বছরের বেশি সেশনজট থাকলেও ইতিমধ্যে তা এক বছর কমানো সম্ভব হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। পরীক্ষার কারণে কলেজের নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া ঠেকাতে প্রাথমিকভাবে ৩০০টি এবং পর্যায়ক্রমে ৫০০টি উপজেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষাও পুনরায় চালু করা হয়েছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ইতিমধ্যে ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০টি কেন্দ্র চালুর উদ্যোগ রয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি ১৫০টি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বাংলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) সঙ্গে পাঠ্যপুস্তক ও প্রকাশনা কার্যক্রম নিয়েও সমঝোতা হয়েছে।

বিশিষ্ট এই শিক্ষাবিদ বলেন, পরিবেশ সংরক্ষণে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় পাঁচ বছরে দুই কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ২৫০টি কলেজে লক্ষাধিক গাছ লাগানো হয়েছে। ‘গ্রিন ক্যাম্পাস, গ্রিন এনার্জি’ কর্মসূচির আওতায় ২৫০টি কলেজকে পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের কাজ শুরু হয়েছে। ২০৩০ সালের মধ্যে কমপক্ষে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। ৬৪ জেলায় পারফরমিং আর্টস কলেজ সম্প্রসারণ এবং স্পোর্টস সায়েন্স বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ‘রোডম্যাপ ২০৩০’-এর আওতায় অধিভুক্ত কলেজগুলোকে স্থানীয় পর্যায়ের গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভাইস-চ্যান্সেলর ড. আমানুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং কলেজগুলোর অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন ত্বরান্বিত হবে। ২৮ নভেম্বরের অধ্যক্ষ সম্মিলন সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি, দেশের ৬৪টি জেলা থেকে আসা ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ ও অতিথিবৃন্দের সক্রিয় অংশগ্রহণে সম্মিলনটি একটি প্রাণবন্ত, ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ আয়োজনে পরিণত হবে।

মিমির বাগদান ও আইনি বিয়ে আজ, ডিসেম্বরে পাহাড়ে মূল আয়োজন

০

মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছে নানা জল্পনা। এবার সেই জল্পনা আরও জোরালো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্রের দাবি, আজ বৃহস্পতিবার কলকাতার কসবার বাড়িতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেন অভিনেত্রী। ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি ও বাগ্‌দান হওয়ার কথা। দুই পরিবারের সদস্য এবং টালিউডের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া অনুষ্ঠানে অন্য কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে খবর।

ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি। তিনি বিনোদন জগতের কেউ নন, মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত। তবে মিমি কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনো বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

মিমির বিয়ের খবর প্রথম আলোচনায় আসে একটি আমন্ত্রণপত্র ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই কার্ডে বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছিল অভিনেত্রীর তিন পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। পশুপ্রেমী মিমির জীবনে পোষ্যদের গুরুত্ব অনেক। বিয়ের আমন্ত্রণপত্রেও তাদের উপস্থিতি অনুরাগীদের নজর কেড়েছিল।

বিয়ের প্রস্তুতি নিয়েও নানা খবর সামনে এসেছে। সম্প্রতি কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরের বাইরে দেখা যায় মিমিকে। সঙ্গে ছিলেন তাঁর মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। এরপর থেকেই বিয়ের পোশাক নিয়ে শুরু হয় আলোচনা। তবে সব্যসাচীর স্টোরে যাওয়ার সঙ্গে বিয়ের পোশাকের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

কলকাতায় আইনি আনুষ্ঠানিকতা শেষ হলেও বিয়ের মূল আয়োজন হতে পারে পাহাড়ি শহর কালিম্পংয়ে।

সূত্রের খবর, ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সেখানে চলবে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। ৩ ডিসেম্বর ককটেল ডিনার, পরদিন মেহেদি ও সংগীত এবং ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মতো রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। বড় আয়োজনের বদলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

মিমির বিয়েকে ঘিরে উৎসাহ দেখা যাচ্ছে জলপাইগুড়িতেও। অভিনেত্রীর শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের এই শহর, বিশেষ করে তাঁর মামাবাড়ির এলাকা। পরিবারের সদস্যদের কাছে বিয়ের খবরটি আনন্দের। কলকাতা ও কালিম্পংয়ে আলাদা অনুষ্ঠানের পরিকল্পনা থাকায় আত্মীয়দেরও দুই জায়গায় ভাগ হয়ে থাকতে হতে পারে।

বিয়ের পর কলকাতায় ফিরে টালিউডের বন্ধুদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন মিমি। তবে সেই অনুষ্ঠান কবে বা কোথায় হবে, তা এখনো নিশ্চিত নয়। ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী। এবারও বিয়ের আয়োজন ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখার পরিকল্পনা বলে জানা যাচ্ছে।

সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল মুস্তাফিজের

০

আইপিএলে সাকিব আল হাসানের পর মুস্তাফিজুর রহমান ছিলেন বাংলাদেশের মুখ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের গত আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু রাজনীতির শিকার হওয়ায় গেলবার আইপিএলে খেলা হয়নি তার। নিরাপত্তার কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছিল কেকেআর। তাকে ইস্যু করেই ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ।

বর্তমানে দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়ায় মুস্তাফিজ আইপিএল খেলতে আগ্রহী ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বাঁহাতি এই পেসারের নাম পাঠানো হয়েছিল। তার আগ্রহের বিষয়টি প্রকাশ হওয়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নতুন করে বিতর্ক সৃষ্টি হওয়ার ভয় থেকে শেষ পর্যন্ত আইপিএলের মিনি নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়ে থাকতে পারেন টাইগার পেসার।

মুস্তাফিজ বর্তমানে আইএল টি২০ টুর্নামেন্টে খেলছেন। এবার বিগব্যাশ, পাকিস্তান সুপার লিগেও খেলবেন তিনি। এতগুলো টুর্নামেন্টে খেলার পর আইপিএলে তাল মেলানোও কঠিন ছিল তার জন্য। নিজেকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার পেছনে এটিও একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এ নিয়ে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘মুস্তাফিজের নাম আইপিএল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। বিসিবির কাজ ছিল এ পর্যন্ত। বাকিটা মুস্তাফিজকে করতে হতো। তিনি ফরম পূরণ করেছিলেন কিনা বা করে থাকলে কেন সরে দাঁড়ালেন, তা জানা নেই। তবে বিতর্ক এড়াতে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন মুস্তাফিজ। আইপিএল থেকেও তাকে তালিকার বাইরে রাখতে পারে।’

আইপিএল কর্তৃপক্ষ মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিদের কাছে মিনি নিলামের জন্য ক্রিকেটারদের যে তালিকা পাঠিয়েছে, সেখানে সাকিব-মুস্তাফিজ নেই। তবে প্রাথমিক তালিকায় থাকা বাংলাদেশের ১২ ক্রিকেটার হলেন– হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।

নারী ফুটবলে নতুন চমক চাঁদপুর স্পোর্টিং ক্লাব

০

বাংলাদেশের নারী ফুটবলে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন দল। সেই পথচলায় নতুন করে আলোচনায় চাঁদপুর স্পোর্টিং ক্লাব। নারী ফুটবলে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করার স্বপ্ন নিয়ে দল গড়তে যাচ্ছে ইলিশের জন্য বিখ্যাত এই জেলা।

ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া মেয়েদের লিগে শুধু অংশগ্রহণ নয়, মাঠের পারফরম্যান্স দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় চাঁদপুরের এই ক্লাবটি। এরই মধ্যে ঋতুপর্ণা চাকমা, কৃষ্ণা রানী সরকার, শিউলি আজিম, মোসাম্মত সাগরিকা ও উমহেলা মারমার মতো জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ফুটবলারের সঙ্গে কথা পাকাপাকি করেছে ক্লাবটি।

শুধু অভিজ্ঞদেরই নয়, উদীয়মান ফুটবলারদের দিকেও নজর তাদের। বিদেশি ফুটবলার হিসেবে আফ্রিকান দেশ উগান্ডা থেকে খেলোয়াড় আনতে চান বলে গতকাল সমকালকে নিশ্চিত করেছেন চাঁদপুর স্পোর্টিং ক্লাবের ম্যানেজার মারুফ হাসান সিকদার, ‘আমরা শুধু অংশ নিতেই নয়, একটা আলোড়ন সৃষ্টি করতে চাই। সেই জন্য জাতীয় দলের তারকা ফুটবলারের সঙ্গে উদীয়মানদের দিকে নজর। একই সঙ্গে ভালো মানের বিদেশি এনে দলকে শক্তিশালী করতে চাই, যেন শিরোপার জন্য লড়াই দিতে পারি।’

একসময় নারী ফুটবল ছিল নির্দিষ্ট কিছু দলের আধিপত্যে। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে সেই চিত্র। নতুন দলগুলোর অংশগ্রহণে বাড়ছে প্রতিযোগিতা, তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনারই আরেকটি নাম চাঁদপুর স্পোর্টিং ক্লাব। চাঁদপুরের ফুটবলে নতুন স্বপ্নের নাম হয়ে উঠতে চায় ক্লাবটি। দলটির লক্ষ্য প্রতিভাবান নারী ফুটবলারদের নিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তোলা।

নিয়মিত অনুশীলন, দলীয় সমন্বয় এবং ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়াতে চায় তারা। এরই মধ্যে ফুটবলারদের জন্য আবাসস্থলও ঠিক করে ফেলেছে চাঁদপুর স্পোর্টিং ক্লাব। দল গোছানো শেষ হলে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন লিগ শুরুর তারিখ চূড়ান্ত করলে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে ক্লাবটি।

বিকল্প আইনি পথে নতুন শুল্ক আরোপের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের প্রস্তাবের পেছনে রয়েছে গত মার্চে হোয়াইট হাউসের শুরু করা একটি তদন্ত। বিভিন্ন দেশের বাণিজ্যচর্চা খতিয়ে দেখতে ওই তদন্ত শুরু করে মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের তথাকথিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর এই তদন্ত শুরু হয়। প্রশাসন এসব শুল্ককে ‘পারস্পরিক শুল্ক’ হিসেবে অভিহিত করেছিল। আদালতের ওই রায়ের পর ডোনাল্ড ট্রাম্প জানান, শুল্ক আরোপের জন্য তিনি বিকল্প আইনি পথ খুঁজবেন।

এরপর গত মার্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন ১৯৭৪-এর ৩০১ ধারার আওতায় (সেকশন ৩০১) তদন্ত শুরু হয়। এতে খতিয়ে দেখা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কোনো বাণিজ্য অংশীদার ‘অযৌক্তিক বা বৈষম্যমূলক’ বাণিজ্যচর্চার মাধ্যমে মার্কিন বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে কিংবা বাধাগ্রস্ত করছে কি না।

তৎকালীন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এ বিষয়ে বলেন, ‘যেসব দেশ অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও পণ্যের মাধ্যমে নিজেদের সমস্যার চাপ যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়ে দিতে পারে, তাদের কাছে আর নিজেদের শিল্পভিত্তি বিসর্জন দেবে না যুক্তরাষ্ট্র।’

তিনি আরও বলেন, ‘আজকের এই তদন্তগুলো গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা এবং উৎপাদন খাতের বিভিন্ন ক্ষেত্রে মার্কিন শ্রমিকদের জন্য ভালো বেতনের কর্মসংস্থান তৈরিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অঙ্গীকারেরই প্রতিফলন।’

গ্রিয়ার আরও বলেন, ‘বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্য অংশীদার নিজেদের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন করছে।’

এ তদন্তের মাধ্যমে বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের আইনি ভিত্তি তৈরির চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্টের রায়ের পর বিকল্প আইনি ক্ষমতা ব্যবহার করে শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন, তারই অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কানাডার অভিবাসন পরিকল্পনা বাতিলের প্রস্তাব সংসদে পরাজিত

কানাডার লিবারেল সরকারের নতুন অভিবাসন পরিকল্পনা বাতিলের দাবিতে কনজারভেটিভ পার্টির উত্থাপিত প্রস্তাব হাউস অব কমন্সে পরাজিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৫৪ জন সংসদ সদস্য। বিপক্ষে ভোট দেন ১৭৫ জন। ব্লক কেবেকোয়ার সমর্থন পেলেও ২১ ভোটের ব্যবধানে প্রস্তাবটি পাস করাতে পারেনি বিরোধী দল।

এর ফলে সরকারের ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনা আপাতত বহাল থাকছে। তবে প্রস্তাবটি ছিল সংসদের একটি অ-বাধ্যতামূলক রাজনৈতিক প্রস্তাব। এটি পাস হলেও সরকারের অভিবাসন পরিকল্পনা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেত না।

গত ৫ নভেম্বর ২০২৬ সালের ফেডারেল বাজেটের সঙ্গে কানাডার ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনা প্রকাশ করা হয়। এতে ২০২৭ সালে ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ২০২৮ ও ২০২৯ সালেও একই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

তবে নিয়মিত লক্ষ্যমাত্রার বাইরে ২০২৭ সালে বিশেষ ব্যবস্থায় আরও সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ কর্মী ও তাদের পরিবারের সদস্যকে প্রাদেশিক মনোনয়নের মাধ্যমে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হতে পারে। বাকি অংশে মানবিক ও বিশেষ অভিবাসন কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ২০২৬–২০২৭ সালের চলমান বিশেষ কর্মসূচির আওতায় আরও কিছু সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তি ও অস্থায়ী কর্মীকে স্থায়ী বাসিন্দা করার উদ্যোগ রয়েছে। সব মিলিয়ে ২০২৭ সালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সর্বোচ্চ প্রায় ৬ লাখ ৬২ হাজার মানুষ স্থায়ী বাসিন্দা হতে পারেন বলে হিসাব করা হচ্ছে। তবে এটি সরকারের নিয়মিত বার্ষিক লক্ষ্যমাত্রা নয়, বিশেষ কর্মসূচিগুলোর সর্বোচ্চ সম্ভাব্য হিসাব।

কনজারভেটিভ পার্টির দাবি, বিপুলসংখ্যক মানুষকে স্থায়ী বাসিন্দা করার এ পরিকল্পনা কানাডার আবাসন, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সামাজিক অবকাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি করবে। তাদের মতে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পর্যাপ্ত বাসস্থান, চিকিৎসাসেবা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা যাচ্ছে না।

দলটির অভিবাসনবিষয়ক সমালোচক মিশেল রেমপেল গার্নার বলেছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অভিবাসনের মাত্রা কমিয়ে আবাসন ও স্বাস্থ্যসেবার ঘাটতি মোকাবিলা করা জরুরি। এ যুক্তিতেই তারা সংসদে সরকারের পরিকল্পনা প্রত্যাখ্যানের প্রস্তাব উত্থাপন করেন।

অন্যদিকে, লিবারেল সরকারের বক্তব্য, বিশেষ ব্যবস্থায় স্থায়ী বাসিন্দার মর্যাদা পেতে যাওয়া অধিকাংশ মানুষই ইতোমধ্যে কানাডায় বসবাস ও কাজ করছেন। তারা অস্থায়ী কর্মী, সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তি কিংবা বিভিন্ন মানবিক কর্মসূচির আওতায় দীর্ঘদিন ধরে দেশটিতে রয়েছেন।

সরকারের মতে, তাদের স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়ার অর্থ এই নয় যে নতুন করে বিপুলসংখ্যক বিদেশি নাগরিক কানাডায় প্রবেশ করছেন। বরং দীর্ঘদিন ধরে দেশটির অর্থনীতি ও শ্রমবাজারে অবদান রাখা মানুষদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হচ্ছে।

সংসদে বিরোধীদের প্রস্তাব পরাজিত হওয়ায় সরকারের অভিবাসন পরিকল্পনা বাস্তবায়নের পথে আপাতত রাজনৈতিক বাধা কমল। তবে বিশেষ কর্মসূচির আওতায় থাকা প্রত্যেক ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বাসিন্দা হবেন না। সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা, প্রাদেশিক মনোনয়ন ও সরকারি সিদ্ধান্তের ওপর আবেদনকারীদের সুযোগ নির্ভর করবে।

কানাডার অভিবাসন নীতিতে আবাসন, কর্মসংস্থান ও জনসেবা ব্যবস্থার সক্ষমতা নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। নতুন পরিকল্পনায় একদিকে নিয়মিত অভিবাসনের লক্ষ্যমাত্রা স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার, অন্যদিকে ইতোমধ্যে দেশটিতে বসবাসরত নির্দিষ্ট কিছু মানুষের স্থায়ী বসবাসের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্রমিক অসন্তোষের শঙ্কায় গাজীপুরে কারখানায় ছুটি, মহাসড়ক অবরোধের চেষ্টা

শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যেই আজ বৃহস্পতিবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন একদল শ্রমিক। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছু সময় যান চলাচল ব্যাহত হওয়ার পর মহাসড়কে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বিভিন্ন এলাকার বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্পাঞ্চলে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে।

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে ৪ লাখ ৪০ হাজার টন গম ব্যয় ১ হাজার ৯০৮ কোটি

০

যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকারি। এতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার।

গতকাল বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে জিটুজি পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এ পরিমাণের সঙ্গে প্রয়োজনে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগ রাখা হয়েছে। এ গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। প্রতি মেট্রিক টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। সব মিলিয়ে এ আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। ফলে প্রতি কেজি গমের জন্য ব্যয় হবে ৪৩ টাকা ৩৮ পয়সা।

এদিকে, খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় ৫৩০ কোটি টাকার বেশি ব্যয়ে একটি নির্মাণকাজের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)’-এর আওতায় এ কাজ করা হবে। প্রকল্পের আওতায় পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ, ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) প্রতিষ্ঠা, মিটারসহ গ্রাহক সংযোগ স্থাপন এবং খুলনা ওয়াসার বিদ্যমান এলাকায় ৬৩টি ডিএমএর সংস্কার করা হবে। পাশাপাশি দুই বছর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে ঠিকাদারি প্রতিষ্ঠানের। এ কাজের জন্য চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। কাজটির মূল চুক্তিমূল্য ধরা হয়েছে ৫৩০ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৩৬৫ টাকা ৮০ পয়সা।