Home Blog Page 233

১৯৭১ সালে যারা ষড়যন্ত্র করেছিল তারাই আজও সক্রিয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। এক বছর আগে তিনি যা বলেছিলেন, আজ বাস্তবতা সেটিরই প্রতিফলন। ১৯৭১ সালে যারা ষড়যন্ত্র করেছিল, ১৯৭৫ সালের নভেম্বর, ১৯৮১ সাল, ১৯৯৬ সাল এবং পরবর্তী বিভিন্ন সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারাই আজও সক্রিয়। সুতরাং, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের দায়িত্ব হলো, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকা, ঐক্যবদ্ধ থাকা।

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান এ কথা জানান। যুক্তরাজ্যের লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে এই আলোচনা সভা করা হয়।

তারেক রহমান বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তাঁরা বিজয়ী হলে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবেন। জনগণের কাছে তাঁদের জবাবদিহি ও দায়বদ্ধতা থাকবে।

তারেক রহমান বলেন, বর্তমান সময়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যাংকিংব্যবস্থা ও শিল্প খাত যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে ভবিষ্যতে বিএনপির সামনে চ্যালেঞ্জ হবে অত্যন্ত বড়। তবে জনগণের সমর্থন ও জাতীয় ঐক্যের মাধ্যমেই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে তিনি আশাবাদী।

এবার নির্বাচনী বিধি ভঙ্গের উদ্যোগ জকসু নির্বাচন কমিশনের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর নতুন করে প্রার্থীদের নাম সংযোজন ও বিয়োজনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন, যা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ পরিপন্থী।

জানা যায়, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার তিন দিন পর নির্দিষ্ট কিছু প্রার্থীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে কমিশন নতুন করে নাম সংযোজন ও বিয়োজনের উদ্যোগ নেয়। অথচ কমিশন ভোটার তালিকার নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। বর্তমানে নির্দিষ্ট কিছু প্রার্থীকে সুবিধা দিতে জকসু বিধিতে উল্লেখ না থাকলেও কমিশন নিজ উদ্যোগে গোপনে প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করেছে, যা নির্বাচনী বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

কমিশনের এমন পক্ষপাতমূলক আচরণের প্রতিক্রিয়া জানিয়ে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জাহিদ হাসান বলেন, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর কমিশন কীভাবে গোপনে নাম সংযোজন ও বিয়োজনের আবেদন গ্রহণ করে? এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। নাম সংযোজন-বিয়োজনের সুযোগ ছিল খসড়া প্রার্থী তালিকা প্রকাশের সময়। তা না করে চূড়ান্ত তালিকার পর এ ধরনের গোপন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। কমিশনের প্রতি অনুরোধ, তারা যেন এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকে।

ভিপি প্রার্থী মো. রাকিব হাসান বলেন, শুরু থেকেই নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নিজেই পূর্বে একজন প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন। এখন কমিশন একটি নির্দিষ্ট প্যানেলের প্রার্থীকে সুবিধা দিতে তার নাম পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে, যা সম্পূর্ণ পক্ষপাতমূলক। একের পর এক এমন কর্মকাণ্ডের মাধ্যমে কমিশন একটি পাতানো নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, চূড়ান্ত ভোটার তালিকার নামের সঙ্গে মিল রেখেই আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছি। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর কয়েকজন তাদের নামে কিছু সংযোজন ও বিয়োজনের জন্য আবেদন করেছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নতুন করে নাম সংযোজন ও বিয়োজন করা জকসু বিধি লঙ্ঘন কি না- এ প্রশ্নে তিনি বলেন, “বিধিতে এ ধরনের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা নেই।” তবে খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর আবেদন করার সুযোগ ছিল এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তারা তখন আবেদন করেছিল বলেই আমরা এ সুযোগ দিয়েছি। এই সিদ্ধান্ত নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কি না এমন প্রশ্ন করলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে তারা এ তথ্য জানায়।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন।’

পোস্টে আরও বলা হয়, ‘বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।’

সবশেষে বলা হয়, ‘হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবাহ নসীব করেন।’

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি।

পরে ১৪ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর ও ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এরপর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবতরণের প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, এই শ্রমশক্তি রপ্তানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না।

প্রধান উপদেষ্টা তরুণদের নিয়ে বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নাই। প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

রান্নাঘরের এই সহজলভ্য উপাদানেই দূর হবে কোলেস্টেরল

মাংসের ঝোল হোক বা ডিমের কারি, এমনকী নানা নিরামিষ রান্নাতেও এই বিশেষ উপাদানটি ব্যবহার করা হয়। বলতে গেলে, প্রায় প্রতিটি বাঙালি রান্নাঘরে এটি নিয়মিত ব্যবহৃত হয়। এই সহজলভ্য উপাদানটির সাহায্যে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং হার্টের স্বাস্থ্যও ভালো রাখা যায়। পাশাপাশি রয়েছে আরও একাধিক স্বাস্থ্য উপকার। কী এই উপাদান? রসুন।

রসুন সাধারণত রান্নার স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। তবে এর প্রাকৃতিক গুণের কারণে এটি আরও অনেক উপকার করে। যেমন, প্রদাহ কমানো, ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে সংক্রমণ থেকে রক্ষা করা। এতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এছাড়াও এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, হার্টকে সুস্থ রাখে এবং রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে।

রসুন খাওয়ার সঠিক পদ্ধতি ও উপকারিতা

খালি পেটে রসুন খাওয়া:প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেলে শরীরে এর সমস্ত পুষ্টি শোষিত হয়। জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, রসুনের রস কোলেস্টেরল প্রায় ৭ শতাংশ পর্যন্ত কমাতে পারে। যাদের LDL বা খারাপ কোলেস্টেরল বেশি, তাদের ক্ষেত্রে এটি ১০ শতাংশ পর্যন্ত হ্রাস করতে সক্ষম।
হৃদরোগ প্রতিরোধে সহায়ক: রসুনে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যালিসিন যৌগ প্রদাহ কমায়, অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখে এবং দীর্ঘমেয়াদী প্রদাহজনিত হার্টের সমস্যার ঝুঁকি কমায়।

সতর্কতা: তবে এর মানে এই নয় যে আপনি রসুন খেয়ে নিয়মিত ওষুধ বন্ধ করবেন। চিকিৎসকের পরামর্শ না নিয়ে ওষুধ বন্ধ করা উচিত নয়।

কীভাবে খাওয়া উচিত রসুন

কাঁচা চিবিয়ে খেতে পারেন।
যদি কাঁচা রসুন খেতে অস্বস্তি হয়, তবে একটি কোয়া কুচি করে হালকা গরম জলে ফেলে অর্ধেক লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খেতে পারেন।
এছাড়া রসুনকে স্মুদি বা স্যালাডেও ব্যবহার করা যেতে পারে। এতে হজমশক্তি বৃদ্ধি পায় এবং হার্ট প্রয়োজনীয় পুষ্টি পায়।

এই সাধারণ উপায়ে প্রতিদিন রসুন খাওয়া কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পারে।

কিডনি ভালো রাখতে খাবেন যে ৩টি খাবার

চিকিৎসকেরা বলেন, কিডনি শরীরের সেই ছাঁকনি, যা ভেতরের নাইট্রোজেনঘটিত সব বর্জ্য ও অতিরিক্ত তরল ছেঁকে বের করে দেয়। এটি দেহের তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীর রাখে সজীব ও কর্মক্ষম। তাই দেহ সচল রাখতে হলে কিডনি সচল রাখা খুবই জরুরি।

সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, সুষম খাদ্যাভ্যাস কিডনির স্বাস্থ্য বজায় রাখার মূল চাবিকাঠি। অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ-বিরোধী যৌগসমৃদ্ধ কিছু বিশেষ খাবার কিডনিকে সুরক্ষা দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ)-এর গবেষণা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। এমন তিনটি বিশেষ খাবার ও তাদের উপকারিতা নিচে তুলে ধরা হলো।

ব্লুবেরি
এই ছোট কিন্তু শক্তিশালী বেরিটি কিডনির স্বাস্থ্যের জন্য একটি ‘সুপারফুড’ হিসেবে পরিচিত। যুক্তরাজ্যের জাতীয় কিডনি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আধা কাপ ব্লুবেরিতে ১৫০ মিলিগ্রামের চেয়ে কম পটাশিয়াম থাকে, ফলে এটি কম-পটাশিয়ামযুক্ত ফল হিসেবে বিবেচিত। ব্লুবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রক্তনালীগুলোর কার্যকারিতা উন্নত করতে এবং রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে।

ফ্যাটযুক্ত মাছ
ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, সামুদ্রিক মাছ থেকে প্রাপ্ত উচ্চ মাত্রার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড দীর্ঘস্থায়ী কিডনি রোগের (সিকেডি) ঝুঁকি কমাতে এবং কিডনি বিকল হওয়ার প্রক্রিয়া ধীর করতে সহায়তা করতে পারে। স্যামন, ম্যাকেরেল ও সার্ডিনের মতো চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই অ্যাসিড প্রদাহ হ্রাস করে এবং রক্তচাপ কমায়, যা কিডনি রোগের দুটি প্রধান কারণ।

লাল বেল লঙ্কা
লাল বেল লঙ্কা কিডনির জন্য উপকারী, কারণ এতে পটাশিয়াম ও ফসফরাসের পরিমাণ কম থাকে। পাশাপাশি, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের স্বাস্থ্যকেও ভালো রাখে।

এনআইএইচ-এ প্রকাশিত একটি পর্যালোচনা অনুযায়ী, লাল বেল লঙ্কায় উপস্থিত ক্যাপসাইসিন কিডনির কার্যকারিতার বিভিন্ন দিক পরিবর্তন করে এর শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যকে প্রভাবিত করতে পারে। এটি কিডনির স্নায়ুর কার্যকলাপে প্রভাব ফেলে এবং কিডনির মধ্যে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।

নির্বাচন কমিশনের দাবিকৃত অর্থ তাৎক্ষণিকভাবে ছাড় করা হবে

নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির কাজ খুব ভালোভাবে করেছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট যুক্ত হওয়ায় বাড়তি বরাদ্দের প্রয়োজন হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় অর্থ নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ছাড় করা হবে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
নির্বাচনের জন্য দেশে উপযুক্ত পরিবেশ আছে কি না এ প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘মনে হয় প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন খুব ভালোভাবে করেছে। আপনারা দেখবেন ওরা সময়মতো ভোটার লিস্ট সংশোধন করেছে। এখন তারা সিডিউল ঘোষণা করেছে। এখন দরকার যে ইমপ্লিমেন্ট করার, যেসব জায়গায় ওরা করবে সেখানে সিচুয়েশন বুঝে সেনসিটিভ জায়গাগুলোতে বেশি করা হবে। যেগুলো লেস সেনসিটিভ সেগুলো তো অলরেডি ওরা জানে, কোন কোন জায়গা মোর সেনসিটিভ সেগুলো প্রিপারেশন নিচ্ছে।’
নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো চাহিদাপত্র দেয়নি জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, যখনই চাহিদাপত্র আসবে আমি বুঝতে পারব, আমরা তাড়াতাড়ি প্রসেস করব। আমরা নির্বাচন কমিশনকে ধরে- বেঁধে বলব না এত পাঠান। কারণ ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর আছে ওদের সাপোর্টিং, অনেক লোকজন কাজ করবে নির্বাচনের দিন। এছাড়া গণভোটের দিন বহু লোক থাকবে। তাদের জন্য খরচ ওরা দেবে। ওটার ব্যাপারে আমাদের কোনো রিজারভেশন নাই। যখন দেবে তখন আমরা যাচাই করব।

এলএনজি আমদানি ব্যয় ৪২০ কোটি টাকা
এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এ বৈঠকে দক্ষিণ কোরিয়া থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪২০ কোটি ৯ লাখ ৬৯ হাজার ২২৫ টাকা ৬০ পয়সা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি-১০৫(৩) (ক)-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (৯-১০ জানুয়ারি ২০২৬ সময়ের জন্য ২য়) এলএনজি কেনার প্রস্তাব নিয়ে আসে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

৮০ হাজার টন ইউরিয়া আমদানি
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরব থেকে ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবিক অ্যাগ্রো নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে এই সার আনতে ব্যয় হবে ৪০৬ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৪০ টাকা। সার কেনার পাশাপাশি নওগাঁ ও বগুড়া জেলায় একটি করে বাজার গুদাম নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক অ্যাগ্রো নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তি মোতাবেক সারের মূল্য নির্ধারণ করে প্রতি মেট্রিক টন ৪১৩.৪৬ মার্কিন ডলার হিসেবে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৪০০ ডলারে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২০৩ কোটি ৯ লাখ ১৫ হাজার ৫২০ টাকা।
এদিকে সোমবারের বৈঠকে ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় ২৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব নিয়ে আসে শিল্প মন্ত্রণালয়। প্রস্তাবটি উপদেষ্টা পরিষদ কমিটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় একটি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৫টি প্রতিষ্ঠানের নিকট হতে দরপ্রস্তাব জমা পড়ে। তার মধ্যে ৪টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনি¤œ দরদাতা প্রতিষ্ঠান এম/এস ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, নারায়ণগঞ্জ-এর নিকট থেকে ৫৪ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৭৬৫ টাকায় প্রকল্পের আওতায় একটি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বগুড়া জেলায় ২০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজের ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
‘রাবনাবাদ সেতু’ নির্মাণের সিদ্ধান্ত
পটুয়াখালী সড়ক বিভাগের অধীনে রাবনাবাদ নদীর ওপর ৮৮২ দশমিক ৮১ মিটার দীর্ঘ ‘রাবনাবাদ সেতু’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৬৪ কোটি ৪ লাখ ৮২ হাজার ১৫৮ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সেতু নির্মাণের পূর্ত কাজের ব্যয় সোমবার অনুমোন দেওয়া হয়েছে। লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া জেলা মহাসড়কের রাবনাবাদ নদীর ওপর এই সেতু নির্মাণের পূর্ত কাজ কেনার জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব জমা পড়ে।
দুটি দর প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনি¤œ দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এম/এস জন্মভূমি নির্মাতা এবং ওহিদুজ্জামান চৌধুরীর কাছ থেকে ১৬৪ কোটি ৪ লাখ ৮২ হাজার ১৫৮ টাকায় প্রকল্পের বর্ণিত প্যাকেজের পূর্ত কাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০২-এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৪২ লাখ ৬০ হাজার ১২৯ টাকা।
প্রাপ্ত তথ্যানুযায়ী এ প্যাকেজের পূর্ত কাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৬টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব জমা পড়ে। তার মধ্যে ৪টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনি¤œ দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে এমএএইচ কনস্ট্রাকশন লিমিটেড এবং রহমান ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কাছ থেকে ১৫৬ কোটি ৪২ লাখ ৬০ হাজার ১২৯ টাকায় পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পৃথক একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘কুমিল্লা সড়ক বিভাগাধীন ৪টি জেলা মহাসড়ক যথাযথ মান ও উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউডি-০৩-এর পূর্ত কাজের ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৯ কোটি ৪০ লাখ ৭৩ হাজার ৯০২ টাকা।

কাজ থেকে ছুটি! কোথায় আছেন মেহজাবীন?

দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই তারকা দম্পতি এখন সুখী দাম্পত্যজীবন উপভোগ করছেন। এবার একান্ত অবকাশ যাপনে এই জুটি উড়াল দিয়েছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে। সেখানে কাটানো বিশেষ মুহূর্তগুলোর একগুচ্ছ ছবি অভিনেত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের তীরে খোশ মেজাজে ক্যামেরাবন্দী হয়েছেন এই তারকা জুটি। দু’জনের মিষ্টি হাসি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নিঃশব্দে সাগরের কাছে।’

অভিনেত্রীর এই ছবিগুলো প্রকাশের পর পরই কমেন্ট বক্সে উপচে পড়েছে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছা। অনেকেই এই তারকা জুটির বেশ প্রশংসা করেছেন।

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় (রেমিটেন্স) উল্লেখযোগ্য হারে বাড়ছে। এর ফলে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে, বৈদেশিক মুদ্রার জোগান ও চাহিদার ভারসাম্য ঠিক রাখতে এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে কেন্দ্রীয় ব্যাংক আজ ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪ কোটি ডলার কিনে নিয়েছে।
মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল প্রতি ডলার ১২২ টাকা ২৯ পয়সা ও ১২২ টাকা ৩০ পয়সা। সব মিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮০৪ মিলিয়ন বা ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার।
সোমবার  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের ১ থেকে ১০ ডিসেম্বর সময়ে দেশে ১২৯ কোটি ডলারের রেমিটেন্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে প্রবাসী আয় বেড়েছে ১৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্স এসেছে ১ হাজার ৪৩৩ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২২৩ কোটি ডলার। ফলে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিটেন্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্বস্তিতে আছে।
এদিকে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা।

এবার নরসিংদীতে বড় তোপের মুখে পরী মণি

ঢাকাই চিত্রনায়িকা পরী মণি মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যক্তিজীবন কিংবা পেশাগত কর্মকাণ্ড—দুটোতেই প্রায়ই সমালোচনার মুখে পড়তে দেখা যায় তাকে। এবার নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধন করতে গিয়ে নিজের পোশাক নিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন এই নায়িকা।

সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন পরী মণি। অনুষ্ঠানে তিনি পরেছিলেন সবুজ রঙের একটি স্লিভলেস ডিপনেক গাউন। জনসমাগমপূর্ণ এলাকায় নায়িকার এমন খোলামেলা পোশাক অনেকের কাছেই দৃষ্টিকটু লেগেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করেছেন নেটিজেনরা।

অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। মন্তব্যের ঘরে অনেকে পরী মণির পোশাক নির্বাচনের সমালোচনা করে বলেন, প্রকাশ্য জনসমক্ষে এমন পোশাক শোভন নয়। কেউ কেউ আবার তার ব্যক্তিগত পছন্দের বিষয়টি সামনে এনে ভিন্নমতও দিয়েছেন।

ইদানীং চলচ্চিত্রের শুটিংয়ের চেয়ে বিভিন্ন শোরুম ও প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বেশি দেখা যাচ্ছে পরী মণিকে। নরসিংদীর ঘটনার আগেও রাজধানীর বসুন্ধরা এলাকায় একটি স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। একের পর এক ফিতা কাটার অনুষ্ঠানে তার উপস্থিতি এখন নিয়মিত বিষয় হয়ে উঠেছে।

তবে বিতর্কের মাঝেও কাজের জগতে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। তার অভিনীত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি নতুন বছরে শুরু হতে যাচ্ছে রাজনৈতিক থ্রিলার ঘরানার নতুন সিনেমা ‘গোলাপ’-এর শুটিং। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে উপজীব্য করে অনিক বিশ্বাসের চিত্রনাট্যে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করবেন সামছুল হুদা। এতে পরী মণির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব হোসেন।