Home Blog Page 246

হাসিনা আমলের মত ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না

এনসিপির যুগ্ম মূখ্য সমন্বয়ক ও ঢাকা ১১ আসনের মনোনীত প্রার্থী দিলশানা পারুল হাসিনা আমলের মত ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না বলে মন্তব্য করেছেন।

রবিবার দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ কথা লিখেন।

দিলশানা পারুল তার সহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে লিখেন, তৈবুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভারের ফ্রন্ট লাইনের সংগঠক আমাদের এনসিপির সাভারের বর্তমান নেতা। উত্তরা থেকে ডিবি পুলিশ তৈবুর কে অ্যারেস্ট করেছে। উত্তরা কোন থানায় তৈবুরের কোন খোঁজ আমরা পাচ্ছি না।

তিনি আরও লিখেন, আমার ঢাকা ১৯ নমিনেশন সাবমিশন এর সাভারের ভোটার হিসেবে প্রস্তাবনাকারী। গতকাল নমিনেশন যাচাই-বাছাই প্রক্রিয়ায় দুপুরে আমার সাথে ছিল। আমার নমিনেশন বৈধ ঘোষণার পর সেখান থেকে সে উত্তরা চলে যায়। অনতি বিলম্বে তৈবুর কে কোথায় আটকে রাখা হয়েছে আমাদেরকে জানতে দিতে হবে।

মাসিক আয় লাখ টাকারও কম এই ৫ শীর্ষ নেতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের আগে মনোনয়নপত্রে প্রকাশিত হলফনামা থেকে জানা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টির শীর্ষ ৫ নেতার মাসিক আয় লাখ টাকারও কম, যা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সবচেয়ে কম আয়ের তালিকায় রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পেশায় চিকিৎসক হলেও তার আয়ের উৎস মূলত কৃষি ও অনুদান। তিনি বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা আয় করেন, যা মাসে দাঁড়ায় মাত্র ৩০ হাজার টাকায়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রাজনৈতিক জীবিকা নিয়ে থাকলেও তাঁর মাসিক আয় ৩৩ হাজারের কিছুটা বেশি, বার্ষিক আয় ৪ লাখ টাকা।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই নেতার তুলনায় কিছুটা এগিয়ে; তার বছরে আয় ৬ লাখ ৭৬ হাজার টাকা, মাসিক প্রায় ৫৬ হাজার টাকা।
রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন নগদ ১৩ লাখ টাকা ও কৃষি ব্যবসা ও চাকরি থেকে বছরে আয় ৫ লাখ ৫ হাজার টাকা। মাসিক আয় ৪২ হাজার টাকা।
ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্ষিক আয় ১১ লাখ ৩৩ হাজার ১৮৩ টাকা; মাসিক প্রায় ৯৫ হাজার টাকা।
ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম পরামর্শক হিসেবে বছরে আয় করেন ১৬ লাখ টাকা, যা মাসে ১ লাখ ৩৩ হাজারের বেশি।
পাশাপাশি, বরিশাল-৫ আসনের ফয়জুল করীম ব্যবসা, শিক্ষকতা ও মাহফিলের হাদিয়া থেকে এখন বছরে ১৪ লাখ টাকার বেশি আয় করছেন।
অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী শীর্ষ আয়ের তালিকায়; আইন, ব্যবসা ও অন্যান্য খাত থেকে বার্ষিক আয় ৩৩ লাখ, মাসিক ২ লাখ ৭৫ হাজার টাকা।
নির্বাচন কমিশন এবার হলফনামা বিষয়ে কঠোর। তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল এবং জরিমানার বিধান আছে।
মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। বাছাই প্রক্রিয়া ৪ জানুয়ারি শেষ হয়েছে। আপিল ৬-১২ জানুয়ারি, নিষ্পত্তি ১২-১৮ জানুয়ারি। প্রার্থীরা ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। প্রচারণা ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত চলবে।

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

০

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে।

তফসিল অনুযায়ী, সারা দেশে ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত হবে। চলমান যাচাই-বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা বা সহকারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে।

ইসির তথ্য অনুযায়ী, ঢাকার ২০টি সংসদীয় আসনে ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৮১ জনের।

জানুয়ারিতে দেশজুড়ে আসছে ৪-৫টি শৈত্যপ্রবাহ

০

দেশের শীতের ধরন এবার অনেক আগে দেখা অনিয়মিত রূপ নিয়েছে। রাতের তাপমাত্রা যেমন কমেছে, দিনে রোদের দেখা মিলছে না বললেই চলে। ঘন কুয়াশা আর হিমেল বাতাস পুরো দেশকে শীতের চাদরে মুড়িয়ে দিয়েছে।

পৌষ মাসের এই তীব্র ঠান্ডা শিশু, বৃদ্ধ এবং কর্মজীবী সবার জীবনযাত্রায় প্রভাব ফেলছে। সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত অসুস্থতায় জনজীবন বিপর্যস্ত। পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, সড়ক, রেল ও নৌপরিবহণ প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে।

আবহাওবিদরা জানাচ্ছেন, জানুয়ারিতে দেশজুড়ে ৪-৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদের মধ্যে দু-তিনটি হবে মাঝারি এবং অন্তত একটি শৈত্যপ্রবাহ অত্যন্ত তীব্র। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, “কুয়াশা ঘন হওয়ায় এবং সূর্যের আলো ভূ-পৃষ্ঠে না আসার কারণে শীত আরও প্রবলভাবে অনুভূত হচ্ছে। জানুয়ারিতে শীত থাকবে, মাঝে মাঝে কমবে, মাঝে মাঝে বাড়বে।”

২০২৫ সালের ২৯ ডিসেম্বর ঢাকায় তাপমাত্রা নেমে হয়েছিল মাত্র ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা গত ২০ বছরের মধ্যে এক উল্লেখযোগ্য ঘটনা। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, শীতের তীব্রতা বেড়েছে, যদিও স্থায়িত্ব কম।

শনিবার দেশের ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসের কারণে জনজীবন স্থবির। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়েছে।
শীতের তীব্রতার কারণে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে কষ্টে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা মেহনাজ বলেছেন, “সুষম খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত শীতের পোশাক ব্যবহার করা অত্যন্ত জরুরি।”

কৃষকরা তীব্র শীতের কারণে ক্ষতির মুখে পড়ছেন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষক মো. সালিম জানান, ইরি ধানের বীজতলা (চারা) নষ্ট হচ্ছে, যা পরবর্তী ধান রোপণে সংকট তৈরি করতে পারে।
কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। জয়পুরহাট, পঞ্চগড় ও বরিশালেও হাড় কাঁপানো শীতের কারণে জনজীবন স্থবির। পঞ্চগড়ে ইতিমধ্যে ১৬ হাজার ১৪০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
সংক্ষেপে, জানুয়ারির শুরুতেই দেশজুড়ে শৈত্যপ্রবাহের আভাস। ঘন কুয়াশা, তীব্র ঠান্ডা ও তাপমাত্রার হ্রাস জনজীবন, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

অভিমান ভুলে আবারো জুটি বাঁধছেন দেব-শুভশ্রী!

০

মান-অভিমান কাটল, ফের বক্স অফিসের প্রিয় জুটি হিসেবে হাজির হতে যাচ্ছেন দেব ও শুভশ্রী। ২০২৫ সালের বাংলা ছবির অন্যতম হিট ‘ধুমকেতু’-র মুক্তির পর তাদের মাঝে চলা দূরত্ব ও পাল্টাপাল্টি অভিযোগ অনেক ভক্তকে কৌতূহলবশত উদ্বিগ্ন করেছিল। এবার সেই সব কষ্ট ভুলে, ফের একসাথে কাজের খবর মিলেছে যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি পরিচালক ও অভিনেতা পরমব্রত চ্যাটার্জির এক পারিবারিক অনুষ্ঠানে দেব-শুভশ্রীকে দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়। এই দৃশ্য জুটি পুনর্মিলনের গুঞ্জনকে আরও প্রমাণস্বরূপ শক্ত করেছে।
এখনও পর্যন্ত নতুন সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, এটি দেবের ব্যবসাসফল ছবির ‘খাদান’-এর সিক্যুয়েল হতে পারে। সিনেমাটিতে প্রেম, রোম্যান্স এবং অ্যাকশনের সমন্বয় থাকায় দর্শকরা বড় পর্দায় তাদের জুটি দেখতে আগ্রহী।
আগে একাধিক সাক্ষাৎকারে দেব ও শুভশ্রী প্রকাশ করেছিলেন, প্রয়োজন হলে তারা ভবিষ্যতেও আবার জুটি বাঁধতে পারেন। এই খবর ভক্তদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশার ঢেউ সৃষ্টি করেছে।
দেব-শুভশ্রী জুটি বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে বহু দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তবে ব্যক্তিগত ও পেশাগত কারণে দীর্ঘ সময় তাদেরকে একসাথে দেখা যায়নি। এবার ফেরার এই খবর নতুন আলো ও উত্তেজনা নিয়ে এসেছে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরার পাঁচটি চমকপ্রদ উপকারিতা!

উচ্চ রক্তচাপ দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণে না থাকলে এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কিডনির সমস্যার মতো গুরুতর রোগের দিকে ধাবিত করতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে শুধুমাত্র ওষুধ নয়, জীবনধারা ও খাদ্যাভ্যাসের প্রতি সতর্ক নজরদারি অপরিহার্য। সেই প্রসঙ্গে প্রাচীন ও প্রাকৃতিক এই উপাদান কালোজিরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে কালোজিরা রক্তচাপের মাত্রা স্থিতিশীল রাখতে কাজ করে।
১. রক্তনালী প্রশস্তকরণ
কালোজিরার মূল সক্রিয় যৌগ থাইমোকুইনোন ধমনীতে সংযুক্ত মসৃণ পেশী শিথিল করতে সাহায্য করে। ভাসোডিলেশন নামে পরিচিত এই প্রক্রিয়া রক্তনালীকে প্রশস্ত করে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদপিণ্ডের ওপর চাপ কমায়।
২. প্রদাহ কমানো
দীর্ঘমেয়াদি প্রদাহ রক্তচাপ বাড়ানোর একটি গোপন কারণ। এটি রক্তনালীর অভ্যন্তরীণ আস্তরণ ক্ষতিগ্রস্ত করে। কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষত থাইমোকুইনোন ও নাইজেলোন, ফ্রি র‍্যাডিকেল নিরপেক্ষ করে এবং রক্তনালীর স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। ফলে রক্তনালী স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
৩. প্রাকৃতিক মূত্রবর্ধক কার্য
কালোজিরা মৃদু মূত্রবর্ধক হিসেবে কাজ করে, যা শরীর থেকে অতিরিক্ত লবণ ও জল বের করতে সাহায্য করে। এতে তরল ধারণ ও ফোলাভাব কমে এবং রক্তের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে, যা সরাসরি রক্তচাপ কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে।
৪. নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ানো
গবেষণায় দেখা গেছে, নাইজেলা স্যাটিভা শরীরের নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়াতে সক্ষম। এটি রক্তনালী শিথিল ও প্রশস্ত করতে সাহায্য করে, রক্তচাপ কমায় এবং জমাট বাঁধা রোধ করে, ফলে ধমনী ও রক্তনালীর স্বাস্থ্য উন্নত হয়।
৫. হরমোন ও স্নায়ুতন্ত্রে সহায়তা
কালোজিরা স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং স্নায়বিক উত্তেজনা কমাতে সাহায্য করে। ফলে স্ট্রেসজনিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্র আরও সুস্থ থাকে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে কালোজিরা নিয়মিত খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করা এক প্রাকৃতিক ও নিরাপদ বিকল্প। তবে যেকোনো গুরুতর অবস্থার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি।

অল্প বয়সেই সাদা চুল? জানুন প্রতিরোধের সহজ উপায়

অনেকের ক্ষেত্রে অল্প বয়সেই দু’চারটি সাদা চুল দেখা দিতে শুরু করে। চুলের অকালপক্কতার কারণ মূলত চুলের অযত্ন, খাওয়াদাওয়ার অনিয়ম এবং মানসিক চাপ। তাই সময়মতো সতর্ক থাকা জরুরি।

খাওয়া-দাওয়ার অভ্যাসে সতর্কতা:
অতিরিক্ত তেলমশলা, খুব ঝাল বা মশলাদার খাবার, ভাজাভুজি, চা ও কফি অতিরিক্ত খেলে চুলের অকাল পক্কতার ঝুঁকি বাড়তে পারে। এছাড়া বেশি টক স্বাদের খাবার বা প্রচুর আমিষও চুলে প্রভাব ফেলে। পর্যাপ্ত ঘুম না হওয়া, অতিরিক্ত চিন্তা এবং মানসিক অবসাদও চুল সাদা হওয়ার কারণ হতে পারে।

চুলের যত্ন:
যারা নিয়মিত বাড়ির বাইরে বের হন, তাদের জন্য শ্যাম্পু করা অপরিহার্য। তবে শ্যাম্পুর আগে মাথার তালু ও চুলের লম্বা অংশে তেল ম্যাসাজ করা উচিত। শ্যাম্পু ও কন্ডিশনার ভালভাবে ধুয়ে ফেলা প্রয়োজন।

কেমিক্যাল ও বংশগত কারণ:
চুলে রঙ করার ফলে থাকা কেমিক্যাল অল্প বয়সে চুল পেকে যাওয়ার ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া অনেকের ক্ষেত্রে বংশগত কারণে চুল অকাল সাদা হতে পারে।

গরমে চুলের যত্ন:
গরমে ঘাম বা ভেজা চুল না আঁচড়ানোই ভাল। তেলের জন্য নারকেল তেল উপযোগী; হালকা গরম করে স্ক্যাল্প ও চুলে ম্যাসাজ করতে হবে। সপ্তাহে অন্তত তিনদিন শ্যাম্পু করা উচিত।

সতর্কতা অবলম্বন করলে অল্প বয়সে চুল পাকা বা সাদা হওয়ার সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।

বলিউড সুপারস্টার হৃতিক রোশন কি আসলেই বাঙালি!

০

নতুন বছরের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। শনিবার সকালে নিজের বেশ কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভেতরের ২৫ শতাংশ বাঙালি রক্তটাই বুঝি এভাবে প্রকাশ পেয়েছে।’ মুহূর্তেই ভাইরাল হওয়া এই মন্তব্য ভক্তদের মনে কৌতূহল জাগিয়েছে— গ্রিক গড খ্যাত এই নায়কের সঙ্গে বাঙালির যোগসূত্র ঠিক কোথায়?

হৃতিকের এই বাঙালি পরিচয়ের উৎস তাঁর দাদি ইরা রোশন (জন্মনাম ইরা মৈত্র)। সংগীত অনুরাগী ইরা মাত্র ২০ বছর বয়সে কলকাতা ছেড়ে অল ইন্ডিয়া রেডিওতে কাজ করতে গিয়ে পরিচিত হন সংগীত পরিচালক রোশন লাল নাগরথের সঙ্গে। তাঁদের উত্তরসূরি হিসেবেই রাকেশ ও রাজেশ রোশনের জন্ম। হৃতিকের বাবা রাকেশ রোশন কিছুটা বাংলা জানলেও হৃতিকের সেই সুযোগ হয়নি। তবে ছোটবেলায় দাদির অত্যন্ত আদরের নাতি ছিলেন তিনি। মজার বিষয় হলো, হৃতিকের জনপ্রিয় ডাকনাম ‘ডুগগু’ রেখেছিলেন তাঁর এই বাঙালি দাদিই।

হৃতিক তাঁর দাদিকে ‘ঠামি’ বলে ডাকতেন। রোশন পরিবারের সাংস্কৃতিক আবহে ঠামির হাতের রান্না করা মাছের পদ ছিল হৃতিকের ভীষণ প্রিয়। কলকাতায় এলে আজও তিনি দাদির হাতের সেই মাছ-ভাতের স্বাদ আর আদরের স্মৃতিতে কাতর হন। কাকতালীয়ভাবে হৃতিকের প্রথম স্টেজ পারফরম্যান্সও হয়েছিল এই তিলোত্তমা তলাতেই।

হৃতিকের জন্য জানুয়ারি মাসটি সব সময়ই আলাদা। ১৯৭৪ সালের ১০ জানুয়ারি তাঁর জন্ম, আবার ২০০০ সালের ১৪ জানুয়ারি তাঁর প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’ মুক্তি পেয়েছিল। ৫০ পেরিয়েও তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তার মাঝে নিজের বাঙালি পরিচয় সামনে আনা ভক্তদের জন্য এক বড় চমক হিসেবেই দেখা দিয়েছে। বিশেষ করে বাঙালি ভক্তরা হৃতিকের এই ‘বাঙালি সত্তা’র স্বীকারোক্তিকে উচ্ছ্বাসের সঙ্গে গ্রহণ করেছেন।

আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

০

আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে। দর্শনার্থীদের সুবিধার্থে চালু থাকছে ই-টিকিটিং ব্যবস্থা। অন-স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করা যাবে।

যাতায়াত ব্যবস্থাতেও রাখা হয়েছে নতুনত্ব। মেলায় আসা-যাওয়ার সুবিধায় বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে পাঠাও সার্ভিস যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মেলাটি শুরু হওয়ার কথা ছিল গত ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনী অনুষ্ঠানের সূচি পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা অনুষ্ঠিত হয়নি। পরে মহামারির বিধিনিষেধের মধ্যেই ২০২২ সালে প্রথমবার পূর্বাচলের বিসিএফইসিতে মেলার আয়োজন করা হয়।

আবারো কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দামে বিক্রি শুরু

০

স্বর্ণ বাজারে ফের নেমেছে দামের পালা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করেছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা, যা আগের দামের তুলনায় ১ হাজার ৪৫৮ টাকা কম। নতুন এই দামে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে স্বর্ণ বিক্রি শুরু হবে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম পড়বে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট ও বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হেরফের হতে পারে।
এছাড়া স্বর্ণের সঙ্গে রুপার দামও কমেছে। বৃহস্পতিবার রূপার প্রতি ভরি দাম ৫২৪ টাকা কমিয়ে ৫ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা রাখা হয়েছে।
মূলত আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় চাহিদা বিবেচনায় এ মূল্য নির্ধারণ করা হয়েছে। বিনিয়োগকারী ও স্বর্ণপ্রেমীদের জন্য এখন নতুন দামের সঙ্গে বাজার পরিস্থিতি খেয়াল করে লেনদেন করতে হবে।