Home Blog Page 267

বিরল রোগে আক্রান্ত শিশু অভিজিতের চিকিৎসায় সাহায্যের আবেদন

০

তোমাকে খুব দেখতে ইচ্ছে করে মা। আর স্বাদের খাবারও খেতে ইচ্ছে করে। ইচ্ছে করে বন্ধুদের সাথে ছুটোছুটি করতে খেলাধূলা করতে। কিন্তু আমি চোখে ঝাপসা দেখছি। ভালোমতো খেতেও পারছি না। দৌড়ানোর শক্তিও পাইনা। আমি আর তোমাকে দেখতে পাবোনা মা? ‘ অত্যন্ত কষ্টের একথা গুলো বলেছে অভিজিত সরকার নামের ৬ বছরের ছোট্ট এক বালক। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বন্দর এলাকায়। তার বাবার নাম উত্তম সরকার, মা টপি রাণী।

গত এপ্রিল মাসে ছোট্ট অভিজিতের শরীরে এক বিরল রোগ ধরা পড়ে। ঢাকার ইনস্টিটিউট অব নিউরো সাইন্সের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মালিহা হাকীম বলেছেন এ রোগের নাম লিউকোডায়োসট্রফি।

এ রোগে দৃষ্টিশক্তি কমে যায়। হাঁটাচলা দুরূহ হয়ে পড়ে। খাবারে অরুচি আসে। তাছাড়া প্রসাবেও সমস্যা তৈরি হয়।

অভিজিতের বাবা উত্তম সরকার জানান অভিজিতের এই রোগের জন্য গত ২ মাসে চিকিৎসা বাবদ প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ডাঃ মালিহা হাকীম জানিয়েছেন অভিজিতের লিউকোডায়োস্ট্রফির উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে, এজন্য কমপক্ষে ১০ / ১২ লক্ষ টাকা প্রযোজন। আমি গার্মেন্টসে ছোট চাকুরী করি। এতো টাকা কোথায় পাবো! তাই দেশের স্বাস্হ্য মন্ত্রণালয় এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করছি।

অভিজিতের মা বলেন আমার একটাই সন্তান। যখন আমার ছেলেটা বলে মা আমি কবে তোমায় আবার দেখতে পাবো তখন আমার খুব কষ্ট হয়। স্বল্প আয়ের মানুষ হওয়ায় আমরা আমাদের সন্তানের উপযুক্ত চিকিৎসা করাতে পারছিনা।

অভিজিতের মা টপি রাণী বিরল ও জটিল রোগে আক্রান্ত তার একমাত্র সন্তানের চিকিৎসায় সাহায্যের জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি উদাত্ত অনুরোধ জানান।

অভিজিতের জন্য সাহায্য পাঠাতে অভিজিতের মায়ের সঞ্চয়ী ব্যাংক হিসাব নং – ২৬৮৭৩৪৮৭৬৩৬৯৯, ডাচ বাংলা ব্যাংক, নাটোর শাখা এবং যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বর ০১৬০০৭৭১৭৩৩।

নবীনগর আদালত সড়কে প্রকাশ্যে গোলাগুলি, এলাকায় উত্তেজনা

০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরের আদালত সড়কের সামনে আজ শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। হঠাৎ গোলাগুলির শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দোকানপাটের শাটার নামিয়ে দেন ব্যবসায়ীরা, আর পথচারীরা নিরাপত্তার জন্য চারদিকে ছুটোছুটি শুরু করেন।

স্থানীয় সূত্র জানায়, পূর্ববর্তী বিরোধের জের ধরে দুই পক্ষের উচ্ছৃঙ্খল যুবকদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এতে সাব্বির নামে এক যুবক বুকে গুলিবিদ্ধ হন। তার বাবা হেলাল মিয়া পেশায় রিকশা চালক। সাব্বির পৌর শহরের মাঝিকাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাদের পৈতৃক বাড়ি শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামে।

গুলিবিদ্ধ সাব্বির জানান, বগডহর গ্রামের একটি মিটিং থেকে ফেরার পথে আদালত সড়কে কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
‎

ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎‎নবীনগর থানার পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
‎‎প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

০

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব কন্যা সন্তানের বাবা হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন। যেখানে তিনি তার কন্যা সন্তানের জন্য প্রার্থনা ও ভালোবাসা চেয়েছেন।

অপূর্ব লিখেছেন, “আলহামদুলিল্লাহ! অশেষ আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে আমাদের সুন্দর কন্যাসন্তান পৃথিবীতে আগমন করেছে। স্বাগতম, আমাদের সোনার মেয়ে আনায়া!

এই জনপ্রিয় অভিনেতা আরও লিখেছেন, “আমাদের ছোট্ট রাজকন্যার জন্য দোয়া করবেন। আপনাদের অবিরাম ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।”

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ আগস্ট অপূর্বর উত্তরার বাসায় যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বাগদান সম্পন্ন করেন অপূর্ব। পরিবারের সদস্য ছাড়া সে অর্থে কেউ খবরটি জানতেন না। বাগদানের কিছুদিন পর তার বিয়ের জোর গুঞ্জন শুরু হয়। সর্বশেষ ওই বছর ১ সেপ্টেম্বর বাগদানের কথা স্বীকার করেন অপূর্ব। ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। অপূর্বর স্ত্রী শাম্মার জন্ম ও বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি স্বনামধন্য গাড়ির কোম্পানিতে কর্মরত আছেন তিনি।

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

জেএমএ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আয়োমোরি প্রিফেকচারের উপকূলে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২০ কিলোমিটার গভীরে।

প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় বড় ভূমিকম্প এটি। এর মাত্র কয়েক দিন আগে একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ঘটনার পর সরকার হোক্কাইদো থেকে শুরু করে টোকিওর পূর্বের চিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তায় বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে।

সাম্প্রতিক দুই ভূমিকম্পে এলাকাবাসী আতঙ্কিত হলেও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি।

ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়লো হাজার টাকা

০

স্বর্ণের দাম বেড়েছে হাজার টাকা। এ দফায় প্রতি ভরির দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার টাকা।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এজন্যে দাম সমন্বয় করা হয়েছে।

মূলত বৈশ্বিক বাজারে স্বর্ণের মূল্য সামান্য বৃদ্ধি পাওয়ায় দেশেও বাড়ানো হয়েছে।

যদিও স্বর্ণের আমদানি খুবই কম। ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে স্বর্ণ আসে। কয়েক মাস ধরেই স্বর্ণ দাম উত্থান-পতনের মধ্যে রয়েছে।

গত ১৭ অক্টোবর দেশে স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় দাঁড়ায়, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ। সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হয়েছে।

চুরির মোবাইল নম্বরে ধরা ঘাতক গৃহকর্মী

০

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা-মেয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে স্বামীসহ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের তেজগাঁও বিভাগের তৎপরতায় পূর্বের চুরির তথ্য ও একটি মোবাইল নম্বরের সূত্র ধরে ‘ক্লুলেস’ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। মোহাম্মদপুর থানার অতীতের বিভিন্ন মামলা ও জিডির তথ্য বিশ্লেষণ করে আয়েশাকে শনাক্ত করা হয়। পরে ম্যানুয়াল সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে

গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার এনএস নজরুল ইসলাম এ তথ্য জানান।

এদিকে মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ছয় দিন ও তার স্বামী রাব্বি শিকদারকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাদের রিমান্ডের এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. সহিদুল ওসমান মাসুম। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশিদ রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুফু শাশুড়ির বাড়ি থেকে আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুরের শাহজাহান রোডে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় ৩ দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী ‘আয়েশা’কে সন্দেহভাজন আসামি করে মামলা করেন নিহতের স্বামী আজিজুল ইসলাম (৫৭)। আয়েশাকে সন্দেহ করা হলেও বড় চ্যালেঞ্জ ছিল এই গৃহকর্মীর কোনো ছবি, এনআইডি, মোবাইল নম্বর বা পরিচয় সংরক্ষিত না থাকা। সিসি ক্যামেরার ফুটেজেও তাকে চেনার মতো কোনো স্পষ্ট ভিজ্যুয়াল চিত্র পাওয়া যায়নি। কারণ সে প্রতিবারই বোরকা পরে, মুখ ঢেকে আসা-যাওয়া করত। ঘটনার আশপাশে কোনো ডিজিটাল ক্লু না পেয়ে তদন্ত দল ‘ম্যানুয়াল’ উপায়ে থানায় অভিযোগ আসা গত এক বছরে গৃহকর্মী কর্তৃক সংঘটিত চুরির ঘটনাগুলো খুঁজতে থাকে। তদন্তকারীরা বিশেষভাবে লক্ষ্য করেন গলায় পোড়া দাগ, জেনেভা ক্যাম্প এলাকায় বাস, গৃহকর্মীর পরিচয়ে সংঘটিত পূর্বের চুরি। এখানে একটি ঘটনায় আয়েশার তথ্য মিলে যায়। মোহাম্মদপুরের হুমায়ুন রোডের ভুক্তভোগী একটি পরিবার থেকে পুরনো একটি মোবাইল নম্বর পাওয়া যায়, যা থেকেই শুরু হয় আসামি চিহ্নিত করার কাজ।

সিডিআরের বিশ্লেষণে পাওয়া অবস্থান ধরে হেমায়েতপুরে গিয়ে জানা যায়, নম্বরটি ব্যবহার করত রাব্বি নামে এক ব্যক্তি। তদন্তে বেরিয়ে আসে রাব্বির স্ত্রী আয়েশা। তারা পূর্বে জেনেভা ক্যাম্পে থাকত। বাদীর দেওয়া বর্ণনার সঙ্গে এটি মিলে যায়। পরবর্তীতে হেমায়েতপুরে অভিযান চালানো হলে তাদের বাসার দরজায় তালা লাগানো পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আশুলিয়া, বরিশাল, পটুয়াখালীসহ কয়েকটি এলাকায় অভিযান চালায় পুলিশ। অবশেষে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকায়া গ্রামে দাদা শ্বশুর বাড়ি থেকে আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আয়েশার কাছ থেকে একটি চুরি করা ল্যাপটপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার দায় স্বীকার করে জানায়, কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিন সে ২ হাজার টাকা চুরি করে। তৃতীয় দিন টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদের সময় গৃহকর্ত্রীর সঙ্গে তার তর্কাতর্কি হয়। চতুর্থ দিনে সুইচ গিয়ার চাকু লুকিয়ে বাসায় আসে আয়েশা। টাকা চুরির বিষয়টি নিয়ে সেদিনও তর্কাতর্কি হয় গৃহকর্ত্রী লায়লা আফরোজের সঙ্গে। লায়লা আফরোজ বিষয়টি ফোনে তার স্বামীকে জানাতে চেষ্টা করলে পেছন থেকে ছুরি মারে আয়েশা। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে লায়লা আফরোজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে ওঠা নাফিসা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে আয়েশা। নাফিসা ইন্টারকমে গার্ডকে ফোন দিতে চাইলে আয়েশা ইন্টারকমের তার ছিঁড়ে ফেলে। আয়েশার ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে দুজনেরই মৃত্যু হয়। ঘটনার পর নিজের রক্তমাখা কাপড় বদল করে আয়েশা। এরপর নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। ব্যাকপ্যাকে নেয় ল্যাপটপ ও ফোন। ঢাকা ছাড়ার সময় সিংগাইর ব্রিজ থেকে ফোন ও পোশাকভর্তি ব্যাগ নদীতে ফেলে দেয় সে।

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার নজরুল বলেন, আয়েশার আগে থেকেই চুরির স্বভাব রয়েছে। এমনকি নিজের বোনের বাড়ি থেকেও ২ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার চুরি করেছিল সে। এর আগে হুমায়ুন রোডে চুরির ঘটনায় থানা পুলিশ তাকে আটক করেছিল। আয়েশার গলার পোড়া রহস্য নিয়ে তিনি বলেন, গলা পোড়া নিয়ে আমরা দুই ধরনের তথ্য পেয়েছি। একবার সে নিজের মায়ের সঙ্গে রাগারাগি করে নিজের গায়ে আগুন দিয়েছিলÑ তাতে ওই দাগ তৈরি হয়। আরেকটি বিষয় জানা গেছে, অন্য এক বাড়িতে কাজ করার সময় চুলার আগুনে তার গলা পুড়ে যায়।

অতিরিক্ত কমিশনার বলেন, আপনারা যারা বাসায় গৃহকর্মী রাখেন তারা তাদের পরিচয় নিশ্চিত হবেন। আপনার বাসায় কাজ করা ব্যক্তির পরিচয়পত্র ও তাকে শনাক্তকারী ব্যক্তির তথ্য সংগ্রহ করে রাখবেন। কারণ আপনি বাসার গৃহকর্মীর বানানো খাবার খান, আপনার বেড রুমে গৃহকর্মী প্রবেশ করে। এখানে আপনার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় জড়িত।

জোট করলেও ভোট হবে নিজ প্রতীকে

০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জোট করলেও সব দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাহেদুল আজম।

এর আগে গত ২৬ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়। রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকেÑ এমন বিধান যুক্ত করে

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল চাওয়া হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের মহাসচিব মোমিনুল ইসলাম এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকেÑ এমন বিধান যুক্ত করে আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। আগে কোনো দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে তারা জোটের শরিক যে কোনো দলের প্রতীক নেওয়ার সুযোগ পেত। কিন্তু সংশোধিত আরপিও অনুযায়ী সে সুযোগ আর থাকছে না।

অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়ার দাবি মির্জা ফখরুলের

০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। এ ঘটনা নিন্দা ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। কোনো সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।

তিনি আরও লেখেন, এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।

হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

০

পরিবারের সিদ্ধান্তে আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ঢামেক পরিচালক আসাদুজ্জামান বলেন, ‘তার মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক অস্ত্রোপচার করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘পরিবারের সম্মতিতেই তাকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথমদিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে। আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি।’

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রাচারণা চালানোর সময় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটর সাইকেলে দুইজন ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ‘শুক্রবার দুপুর আড়াইটার পর পরই গুলিবিদ্ধ হাদিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি।’

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয় বলে জানা গেছে। জুমার নামাজের আগে বেলা ১১টা ৫২ মিনিটে ফেসবুকে ওসমান হাদি লেখেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’

গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন ওসমান হাদী। ১৪ নভেম্বর এক ফেসবুকে পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ভোটে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আসনটি রাজধানীর মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত।

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনী। এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী, সাহায্য কর্মী এবং ইউএলএ-র সশস্ত্র শাখা আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী ডয়েচ ভেলেকে এ তথ্য জানায়।

বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে একটি সামরিক বিমান থেকে নিক্ষিপ্ত বোমা হামলায় হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আরাকান আর্মির একজন মুখপাত্র জানিয়েছেন। বিদ্রোহী গোষ্ঠীটি মূলত বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যটি নিয়ন্ত্রণ করে, তবে এখনও কিছু অংশে সামরিক জান্তার সঙ্গে লড়াই করছে।

আরাকান আর্মি ডয়েচ ভেলেকে জানায়, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ম্রাউক-ইউ-এর সরকারি হাসপাতালে সন্ত্রাসী মায়ানমার জান্তা সরকার বিমান হামলা চালিয়েছে। নেপিদোতে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী কীভাবে প্রকাশ্য দিবালোকে মানব জীবনের কোনও তোয়াক্কা না করেই নিজের নাগরিকদের নির্মমভাবে হত্যা করছে, তার আরেকটি উদাহরণ।

জাতিগত সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন রোগী ছিলেন। প্রায় ৭০ জন আহত হয়েছেন।

টেলিগ্রামে একটি পোস্টে বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে, ‘সন্ত্রাসী সামরিক কাউন্সিলের বিমান বাহিনী একটি জেট ফাইটার ব্যবহার করে দুটি বোমা ফেলেছে।’

সাহায্যকর্মী ওয়াই হুন অং বলেন, ‘হাসপাতালটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নিহতদের মরদেহ মাটিতে পড়ে আছে। বাকি রোগীদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।’

সাহায্যকর্মী ওয়াই হুন অং বলেন, ‘হাসপাতালটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নিহতদের মৃতদেহ মাটিতে পড়ে আছে। তিনি ঘটনাস্থলের যাচাই না করা ছবি বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে শেয়ার করেছেন। বাকি রোগীদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।’

এদিকে সেনাবাহিনীর নির্ধারিত নির্বাচনের তারিখ হলো ২৮ ডিসেম্বর। এর কয়েক সপ্তাহ আগে এই হামলাটি ঘটল। জান্তা এখন প্রতিরোধ গোষ্ঠীগুলির কাছে হারানো অঞ্চল পুনরুদ্ধারের জন্য লড়াই করছে, অন্যদিকে বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে নির্বাচন বাধাগ্রস্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।

জানা যায়, ২০২১ সালে অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে জান্তা উৎখাত করার অনেক আগে থেকেই আরাকান আর্মি মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। পরবর্তী গৃহযুদ্ধের সময়, আরাকান আর্মি সামরিক জান্তার বিরোধী সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীগুলির মধ্যে একটি হিসেবে আবির্ভূত হয়েছে। মিয়ানমারে জান্তার একমাত্র বিমান বাহিনী রয়েছে, যা তারা বিদ্রোহীদের শক্ত ঘাঁটি লক্ষ্য করে ক্রমবর্ধমানভাবে ব্যবহার করছে।

আরমড কনফ্লিক্ট লোকেশন ইভেন্ট ডেটা প্রজেক্ট অনুসারে, এই বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে জান্তা ২,১৬৫টি বিমান হামলা চালিয়েছে, যা গত বছরের ১,৭১৬টি বিমান হামলার চেয়ে বেশি।

২০২১ সালের অভ্যুত্থানের পর গঠিত বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করার জন্য আরাকান আর্মির মতো জাতিগত সেনাবাহিনীর সাথে একত্রিত হয়েছে।

আরাকান আর্মি ২০২৩ সাল থেকে রাখাইন রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১৪টি থেকে জান্তাকে তাড়িয়ে দিয়েছে, তার মুখপাত্র জানিয়েছেন।