Home Blog Page 271

গভীর নিম্নচাপ রূপ নিলো ঘূর্ণিঝড়ে, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘মোন্থা’-তে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থান করছে।

সোমবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-৫ এ বিষয়টি জানানো হয়।

অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৩টার পর্যবেক্ষণ অনুযায়ী ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৩০০ কিলোমিটার, মোংলা থেকে ১২৮০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে প্রায় ১২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিমমুখী হয়ে ক্রমশ শক্তিশালী হতে পারে এবং ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার বেগে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি সাগর বর্তমানে অত্যন্ত উত্তাল রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এরই প্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে আগে জারি করা ১ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে এবং উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাগরে ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় দেশের উপকূলীয় এলাকায় থাকা জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

গত ২০ অক্টোবরের মধ্যে ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল। ছয়দিন পেরোলেও কেন তা প্রকাশ করা হয়নি, জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল সেটাও করা হয়েছে। সোমবার সকালে ব্রিফ করে দেব।’

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কবে শেষ হবে, এ নিয়ে ইসি সচিব বলেন, ‘দল নিবন্ধনের বিষয়ে অগ্রগতি নিয়ে মাঠপর্যায় থেকে কিছু বাড়তি তথ্য আসেছে। এটা পর্যালোচনা চলছে। এ সপ্তাহের ভেতরে করে দেব। কারণ, আমাদেরও একটা দায় আছে। আমাদের দিক থেকে তাগিদ আছে।’

ইসি সচিব বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী শতভাগ সম্পন্ন করতে হবে বিষয়টি এমন নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু কিছু বিষয় আগে করা হয়েছে আর কিছু কিছু বিষয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু অপেক্ষা করতে হবে। সময় অনুযায়ী দিনক্ষণ মেপে কোনো কাজ করা সম্ভব নয়।’

স্তন ক্যান্সারের পর গর্ভধারণ কতটা নিরাপদ?

স্তন ক্যান্সার থেকে সেরে ওঠার পর কি আবারও মা হওয়া সম্ভব? ক্যান্সার চিকিৎসা শেষে শরীর ও মন যখন ধীরে ধীরে সুস্থতার পথে, তখন অনেক নারীর মনে জাগে একটাই প্রশ্ন– এই অবস্থায় গর্ভধারণ কি আদৌ ঝুঁকিপূর্ণ? সম্প্রতি অঙ্কোলজি (ক্যান্সার চিকিৎসা) ও প্রজনন চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে সেই প্রশ্নের উত্তর এখন অনেকটাই আশাব্যঞ্জক। একসময় যা ছিল একরকম অসম্ভব কল্পনা, ক্যান্সার জয় করার পর মাতৃত্বের স্বপ্ন দেখা– এখন তা পরিণত হয়েছে সম্ভাবনায়।

এখন এমন বহু নারী আছেন, যারা স্তন ক্যান্সারকে পরাজিত করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন; গর্ভধারণের পরিকল্পনা করছেন। তবে, এই যাত্রাকে নিরাপদ ও সফল করতে হলে সঠিক সময় নির্বাচন, হরমোন সম্পর্কে ভালো ধারণা থাকা উচিৎ। একই সঙ্গে প্রজনন চিকিৎসা পদ্ধতিকে ব্যক্তিগত শারীরিক অবস্থার সঙ্গে মিল রেখে এ বিষয়ে স্পষ্ট ধারণা থাকাও অত্যন্ত জরুরি।

ভারতের আভা সার্জি সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. বাণীকুমার মিত্র বলেন, সাধারণত চিকিৎসকেরা ক্যান্সার চিকিৎসা শেষ হওয়ার পর অন্তত দুই থেকে তিন বছর অপেক্ষা করে গর্ভধারণের চেষ্টা শুরু করার পরামর্শ দেন। এতে শরীর আরোগ্যের সুযোগ পায় এবং ক্যান্সার পুনরায় ফিরে আসার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় পার হয়ে গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়।

তিনি বলেন, হরমোন রিসেপ্টর–পজিটিভ স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের ক্ষেত্রে এই অপেক্ষার সময় আরও দীর্ঘ হতে পারে। কারণ, তাদের অনেক সময় ট্যামোক্সিফেন বা অ্যারোমাটেজ ইনহিবিটরের মতো ওষুধ দীর্ঘদিন সেবন করতে হয়। এই ওষুধগুলো ক্যান্সার পনঃরায় হওয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ হলেও গর্ভাবস্থায় সেগুলো খাওয়া নিরাপদ নয়।

স্তন ক্যান্সারের চিকিৎসা যেমন– কেমোথেরাপি, রেডিয়েশন বা হরমোন থেরাপি নারীদের প্রজনন ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কেমোথেরাপি ডিম্বাশয়ের রিজার্ভ কমিয়ে দিতে পারে, যার অর্থ হলো নারীদের গর্ভধারণের জন্য প্রয়োজনীয় ডিম্বাণুর সংখ্যা ও গুণমান কমে যাওয়া।

চিকিৎসা শেষে কিছু নারীর মাসিক (পিরিয়ড) চক্র ফিরে এলেও সব সময় প্রজনন ক্ষমতা পুরোপুরি ফিরে আসে– এমন নিশ্চয়তা তা দেয় না। তাই, গর্ভধারণের পরিকল্পনার আগে চিকিৎসা নেওয়ার মাধ্যমে একটি পরিপূর্ণ প্রজনন মূল্যায়ন করা অত্যন্ত জরুরি।

ইএলএফ লুব্রিক্যান্টসের হাইব্রিড গাড়ি সার্ভিস প্রশিক্ষণ পেল ৫০ মেকানিক

ফ্রান্সের পারফরম্যান্স লুব্রিক্যান্ট ব্র্যান্ড ইএলএফ লুব্রিক্যান্টস স্থানীয় গাড়ি মেকানিকদের দক্ষতা উন্নয়নে একদিনব্যাপী বিশেষ হাইব্রিড গাড়ি সার্ভিস প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে।

টোটালএনার্জিসের এই ব্র্যান্ডের উদ্যোগে কর্মশালাটি শুক্রবার রাজধানীর কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন সার্ভিস ওয়ার্কশপ থেকে আসা ৫০ জন অভিজ্ঞ মেকানিক প্রশিক্ষণে অংশ নেন।

কর্মশালায় হাইব্রিড গাড়ির ব্যাটারি রক্ষণাবেক্ষণ, ইলেকট্রিক মোটর পরীক্ষা, হাইব্রিড ট্রান্সমিশন সার্ভিসিং, হাই-ভোল্টেজ নিরাপত্তা ও আধুনিক ত্রুটি শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইএলএফ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য স্থানীয় মেকানিকদের আরও দক্ষ করে তোলা, যাতে তারা গাড়ির কর্মক্ষমতা বাড়াতে, মেরামতের সময় কমাতে ও গাড়ির আয়ুষ্কাল দীর্ঘ করতে পারেন।

এতে চালক ও মালিকরা উপকৃত হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণও হ্রাস পাবে বলে জানায় ইএলএফ।

প্রশিক্ষণটি স্থানীয় চাহিদা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সাজানো হয়েছে। দ্রুত পরিবর্তনশীল অটোমোটিভ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এটি ইএলএফ-এর একটি সময়োপযোগী উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোটালএনার্জিস বাংলাদেশের বাণিজ্যিক বিক্রয় পরিচালক টেরি হায়াশি। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্কশপ মালিক, সার্টিফায়েড মেকানিক, প্রশিক্ষক, ফ্লিট সার্ভিস ম্যানেজার, মোটরযান সাংবাদিক, ইএলএফ পরিবেশক ও অন্যান্য অংশীদাররা।

ইএলএফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান বলেন, ‘গাড়ির প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে, তাই তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের দক্ষতাও বাড়াতে হবে। আজকের প্রশিক্ষণ তাদের জন্য স্বীকৃতি, যারা প্রতিদিন আমাদের সড়ক ব্যবস্থা সচল রাখছেন। পরিচ্ছন্ন ও আধুনিক পরিবহনের ভবিষ্যৎ গড়তে আমরা বাংলাদেশের মেকানিকদের পাশে থাকতে পেরে গর্বিত।’

ইএলএফ বাংলাদেশের পরিচালক কোসুকে ইয়োশিদা বলেন, টেকনিশিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ মানে ভবিষ্যতের পরিবহন খাতকে শক্তিশালী করা। আমরা হাইব্রিড সার্ভিসিং জ্ঞান ও নিরাপদ কার্যাভ্যাস ছড়িয়ে দিয়ে একটি টেকসই সার্ভিস নেটওয়ার্ক গড়ে তুলছি।

আগামী দিনে নতুন প্রজন্মের গাড়ির জন্য স্থানীয় কারিগরি সক্ষমতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ইএলএফ, যা গাড়ির সার্ভিসিং মান, নিরাপত্তা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করবে।

স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: ফারুক

ফ্যাসিস্ট স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো নির্বাচনকে ব্যাহত করার একটি হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

রবিবার জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও ফাতেহ পাঠ শেষে তিনি এই মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, প্রকাশনা সংস্থাটিকে স্বৈরাচারী সরকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কোনো বই ছাপাতে হলে কলকাতা পাঠিয়ে দিতো তার বন্ধুর দেশে। সত্যিকার ঘটনাগুলো প্রকাশের সাহস এই প্রকাশনা পরিষদের ছিল না। পাঠ্যপুস্তককেও তারা (আ. লীগ) স্বৈরাচারী কায়দায় দলীকরণের যে হীন প্রচেষ্টা করেছিল তার প্রকাশ গত ১৬ বছরে আপনারা (জনগণ) দেখেছেন।

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের মতো সৃজনশীল প্রকাশনা পরিষদ যেনো নিজেরাই নিজেদের প্রকাশনা না করে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কথা বলেন এবং লিখেন। তাহলে আপনারা অতীতে ১৬ বছর স্বৈরাচারী কায়দায় আপনাদের প্রকাশনা পরিষদকে যেভাবে দমিয়ে রাখা হয়েছে, সামনে সেটা হবে না। আপনাদের মধ্যেও গণতন্ত্র থাকতে হবে, গণতান্ত্রিক চর্চা করতে হবে, আপনাদেরই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সত্যিকার কথাগুলো লিখতে হবে।

সাবেক এই চিফ হুইপ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফ্রেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে। আমরা আশা করবো, আপনাদের (জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ) নবনির্বাচিত কমিটি লেখার মাধ্যমে সকল পর্যায়ের জনগণের কাছে জানিয়ে দিবেন, স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো নির্বাচনকে ব্যাহত করার একটি হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য আগামীতে ঘোষিত যে নির্বাচন হবে, সেই নির্বাচন যেনো শান্তিপূর্ণ, সুষ্ঠু হয় এবং আমার ভোট আমি দিবো- এই পর্যায়ে পৌঁছে দিতে পারি, সেজন্য সকল প্রকাশককে সরকারকে সহযোগিতা করতে হবে।

সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের প্রতি ধন্যবাদ জানিয়ে ফারুক বলেন, সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যরা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দোয়া ও পুষ্পমাল্য অর্পন করার জন্য এখানে এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদার বলেন, গত ১৬ বছরে বাংলাদেশের মুক্তচিন্তাকে গলা টিপে হত্যা করেছে ফ্যাসিবাদী সরকার, পাঠ্যপুস্তকে ইতিহাসকে বিকৃত করা হয়েছে স্বাধীনতার ইতিহাস কে বিকৃত করা হয়েছে, বাংলাদেশের বই কলকাতা থেকে চেপে এনে এই শিল্পকে ধ্বংস করে দিয়েছে, এ ধ্বংস হয়ে যাওয়া প্রকাশনা সেক্টরকে পূর্ণ জাগরণ ঘটাতে হবে এ দায়িত্ব জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশকদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যে অবদান রেখেছে সেগুলো লেখনীর মাধ্যমে তুলে ধরাই হবে এই সৃজনশীল প্রকাশক পরিষদের কাজ আমি এই সৃজনশীল পরিষদের সফলতা কামনা করছি মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এবং ফ্যাসিবাদ বিরোধী এই লড়াইকে লেখনীর মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে এই দায়িত্ব জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশকদের ও লেখকদের।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী জহুরুল ইসলাম বুলবুল, পারফেক্ট পাবলিকেশন্স, সহ-সভাপতি মো. মনিরুল হক, অনন্যা, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, হাসি প্রকাশনী, সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি, ইতি প্রকাশন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ, বর্ণমালা প্রকাশনী, যুগ্ম সাধারণ সম্পাদক হা. ন.ম শরীফুল হক শাহ্জী, শাহ্জী প্রকাশনী, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আমিনুর রহমান, প্রান্ত প্রকাশনা, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কালিকলম প্রকাশনা, সহ সাধারণ সম্পাদক মোঃ উমর ফারুক, ভাষাতরী প্রকাশনা, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম হৃদয়, বাবুই প্রকাশনী, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন কলি, কলি প্রকাশনী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, তৃণলতা প্রকাশ, সহ-দপ্তর সম্পাদক মো. মহসিন রুবেল, মেরিট ফেয়ার প্রকাশনা, অর্থ সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন, বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স, সেমিনার সম্পাদক সাজেদা আলী হেলেন, নব আলো পাবলিকেশন্স, সহ-সেমিনার সম্পাদক এনাম রেজা, চমন প্রকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ বিন কাসেম, নূর-কাসেম পাবলিশার্স, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশোভন ইফতেখার শাওন, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, দি রয়েল পাবলিশার্স, সাংস্কৃতি সম্পাদক মো. ফিরোজ মিয়া, নলেজ মিডিয়া, নির্বাহী সদস্য হলেন, ইকবাল হোসেন শানু, লাবনী, মোঃ তাজুল ইসলাম, বর্ণসাজ, ফজলুল হক মন্ডল, সূচয়নী পাবলিশার্স, মোহাম্মদ কাওসার আলম, নিউ নোভেল পাবলিকেশন্স, আবদুর রউফ বকুল, কথামেলা প্রকাশন, মোঃ জিয়া উদ্দিন জিয়া, জুঁই জেমি প্রকাশনী।

‘ছেলেদের আগে বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ জিতবে

মাঠের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের সময়টা খুব একটা উপভোগ্য নয়। পুরুষ ক্রিকেটে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দশ নম্বর থেকে উন্নতির লক্ষ্য লম্বা সময়ের। এরই মাঝে ফরম্যাটটিতে সবশেষ কয়েকটি সিরিজে হারের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছে টাইগাররা। এই সিরিজ জিতে রেটিং পয়েন্ট বাড়লেও র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন আসেনি। একই সময়ে নারী ক্রিকেটেও বাংলাদেশের সময়টা সুখকর নয়।
এই পরিস্থিতিতে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আবার লাল-সবুজের জার্সিতে ছেলেদের আগে মেয়েরাই চ্যাম্পিয়ন হবে বলেও তিনি দাবি করেছেন। গতকাল (শুক্রবার) রাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখেন, আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ, যাতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে গর্ব করতে পারি।’
ভালো ক্রিকেটার বানানোর পাশাপাশি ভালো নাগরিকও গড়ে তুলতে চান বুলবুল, ‘বাংলাদেশে আমরা শুধু ক্রিকেটার তৈরি করব না, আমরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশে ভালো নাগরিক তৈরি করব।’
এদিকে, পুরুষ দলের পাশাপাশি নিগার সুলতানা জ্যোতিদের পারফরম্যান্সও হতাশাজনক। চলমান নারী বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেও জিততে পারেনি জ্যোতির দল। ফলে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করা আসরের প্রথম ম্যাচই তাদের একমাত্র সান্ত্বনা। পরবর্তী ৫ ম্যাচেই বাংলাদেশ টানা পরাজিত হয়েছে। তবে নারী দলের প্রতি প্রত্যাশা আরও অনেক বেশি বুলবুলের।
ছেলেদের আগে বাংলাদেশ নারী দল শিরোপা জিতবে বলেও প্রত্যাশা বিসিবি সভাপতির, ‘অবশ্যই ছেলেদের ক্রিকেট ভালো করবে। তবে আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। চলমান বিশ্বকাপে ছোট ছোট ভুল না করলে হয়তো আমাদের আজকে পাঁচটা জয় হতো, সেমিফাইনাল খেলার মতো একটা দল হতে পারতাম। আমরা ভুল থেকে শিখছি। আমরা আপনাদের নিরাশ করব না।’

ঝগড়া-বোঝাপড়া নিয়ে বিয়ের আগেই মুখ খুললেন রাশমিকা

ভারতীয় অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে গোপনে বাগ্‌দান সেরেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানা- এমনই খবর ঘুরছে সিনে দুনিয়ায়। দীপাবলিও নাকি একসঙ্গে উদ্‌যাপন করেছেন এই জুটি। এর মধ্যেই সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সম্পর্কের বেশিরভাগ ঝগড়াই হয় ছোট ছোট বিষয় নিয়ে। কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না; এই প্রশ্নগুলো থেকেই নাকি শুরু হয় ভুল বোঝাবুঝি। তার মতে, এমন পরিস্থিতিতে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়।
জীবনসঙ্গীর মধ্যে কোন গুণগুলো তিনি খোঁজেন, এমন প্রশ্নে রাশমিকার উত্তর, ‘জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার পাশে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন নিরাপদ বোধ করি।’
তিনি আরও বলেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে। মনে দয়া-মায়া থাকতে হবে, আর থাকতে হবে সম্মান ও যত্ন। সহানুভূতি না থাকলে একসঙ্গে পথ চলা কঠিন।’
২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয় দেবরকোন্ডা। যদিও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কখনও মন্তব্য করেননি কেউই। বলিউডে গুঞ্জন, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাসায় পরিবারের উপস্থিতিতে আংটিবদল করেছেন তারা। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের পরিকল্পনা রয়েছে এই তারকা যুগলের।

 

মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি কখনো করে না।
তিনি বলেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করে না।
গতকাল বিকেলে রাজধানীর পশ্চিম মালিবাগে এক উঠান বৈঠকে মির্জা আব্বাস বলেন, ‘একটি দল তাদের ধর্মকে খাটো করে অন্য একটি দেশকে খুশি করার চেষ্টা করছে। বিএনপি কখনো এ ধরনের রাজনীতি করে না।’
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে-গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বীমা এবং দেশের অর্থনৈতিক অন্যান্য প্রতিষ্ঠান ধ্বংস ও লুটপাটের শিকার হয়েছে। এর মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তবে তারা সম্পূর্ণ চলে গেছে-এটিও পুরো সত্য নয়। আমাদেরকে সব দিক থেকে সতর্ক থাকতে হবে এবং দেশের মানুষের স্বার্থে কাজ করতে হবে।’
মির্জা আব্বাস বলেন, আগামী নির্বাচনে যাদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারাই নির্বাচনকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে। বিএনপির জয় নিশ্চিত জেনে দুই-একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত করছে। তবে বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের উত্থান হতে দেওয়া হবে না। দেশের মানুষ গণতান্ত্রিকভাবে স্বচ্ছ ও ন্যায্য নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
তিনি বলেন, ‘দেশের জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা প্রতিশ্রুতি বা কৌশল ব্যবহার করা হচ্ছে। বিএনপি সবসময় সৎ, স্বচ্ছ ও ন্যায্য রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে। আমাদের লক্ষ্য দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন।’

 

আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড লিখে তোপের মুখে ভারতের মুসলিমরা

৪ সেপ্টেম্বরর বিকালে সারাবিশ্বের কোটি কোটি মুসলিমের সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জন্মবার্ষিকী পালন করছিলেন ভারতের উত্তর প্রদেশের কানপুরের মুসলিমরা।মুসলিম অধ্যুষিত ওই এলাকায় আলোকসজ্জা করা একটি সাইনবোর্ড টাঙানো হয়। কিন্তু বাধা দেয় একদল মানুষ।উদযাপনের অভিযোগ জানায় এবং পুলিশকে ডাকে। কয়েকঘণ্টা ধরে সংঘাত চলার পর এই সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
দক্ষিণ এশিয়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলাদুন্নবী (সা.)–এ ধর্মীয় সমাবেশ, পবিত্র কোরআন তিলাওয়াত এবং মহানবীর জীবন ও শিক্ষার ওপর আলোচনার আয়োজন করে। কিছু স্থানে শোভাযাত্রা হয়। তবে ভারতের কানপুরে এ ধরনের সাইনবোর্ড টাঙানোর ঘটনা আগে ঘটেনি বলে জানা যায়। সেদিন আই লাভ মুহাম্মদ (সা.) লেখা সাইনবোর্ডে আলো জ্বলে ওঠার পর কয়েকজন হিন্দু ব্যক্তি সেখানে গিয়ে এর বিরুদ্ধে আপত্তি তোলেন। পুলিশ ডাকা হয় এবং কয়েক ঘণ্টা বিশৃঙ্খলার পর সেই রাতেই সাইনবোর্ডটি সরিয়ে দেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সাঈদ নগরের নয়জন মুসলিম পুরুষ ও অজ্ঞাতপরিচয় ১৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।
শ্রী রামনবমী সমিতি নামের একটি হিন্দু গোষ্ঠীর সঙ্গে যুক্ত মোহিত বাজপায়ী দাবি বলেন, ‘আই লাভ মুহাম্মদ’ লেখা নিয়ে আপত্তি নেই। কিন্তু সাইনবোর্ডটি যে স্থানে রাখা হয়েছিল, তা নিয়ে আপত্তি আছে। কারণ, ওই স্থানটি হিন্দুদের একটি উৎসবের জন্য ব্যবহার করা হয়। তিনি বলেন, ‘সংবিধানে সব ধর্মের সমান অধিকার আছে। তবে সাইনবোর্ডটি যেখানে রাখা হয়েছিল, সেখানে সাধারণত আমাদের রাম নবমীর সাজসজ্জা করা হয়। সবারই নিজ নিজ ধর্মচর্চা করার অধিকার আছে। তবে নতুন জায়গায় নতুন প্রথা চালু করা উচিত নয়।’
সাঈদ নগরের মুসলিম বাসিন্দারা বলেন, সাইনবোর্ডটি এমন এক উন্মুক্ত স্থানে রাখা হয়েছিল, যেখানে তারা প্রতিবছর ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনের জন্য জড়ো হন। সেদিনও তাই করেছিলেন। তবে এই ঘটনার পর নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। এই ব্যানার লাগানোকে কেন্দ্র করে এফআইআর দায়ের হয়েছে, আবার তার বিরুদ্ধে উত্তর প্রদেশ সহ দেশের বেশ কয়েকটি শহরে মুসলমানরা বিক্ষোভ দেখিয়েছেন। বিভিন্ন শহরে কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অনেকে গ্রেপ্তারও হয়েছেন।
উত্তরাখণ্ডের কাশীপুরেও ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার নিয়ে মিছিল করার সময়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে। এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবার উত্তর প্রদেশের উন্নাওতে একইরকম একটা মিছিল বেরনোর পরে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের উত্তর প্রদেশে ৩ কোটি ৮০ লাখ মুসলিমের বসবাস, যা সৌদি আরবের মোট জনসংখ্যার চেয়ে বেশি। উত্তর প্রদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশই মুসলিম। ২০১৭ সাল থেকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশটি শাসন করছেন উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ। উগ্রবাদী এই নেতা মুসলিমবিরোধী বক্তব্য ও নীতির জন্য পরিচিত। তিনি নরেন্দ্র মোদির হিন্দু সংখ্যাগরিষ্ঠ দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একজন প্রভাবশালী নেতা।
মুসলিম গোষ্ঠী ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের (আইএমসি) প্রধান ও বেরলভি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ইমাম আহমেদ রেজা খানের উত্তরসূরি মাওলানা তৌকির রেজা খান গত ২১ সেপ্টেম্বর বেরেলি ও কানপুরে মুসলিমদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। ২৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে একটি মাঠে জড়ো হতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। কিন্তু স্থানীয় প্রশাসন সমাবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এর প্রেক্ষিতে ২৫ সেপ্টেম্বর আইএমসি একটি বিবৃতি প্রকাশ করে। এতে মানুষজনকে বিক্ষোভের জন্য জড়ো না হওয়ার আহ্বান জানানো হয়। তবে এর কয়েক ঘণ্টা পর তৌকির রেজা খানের সমর্থকেরা নিজেদের মধ্যে বার্তা চালাচালি করতে শুরু করেন এবং দাবি করেন, আইএমসির ওই বিবৃতিটি ভুয়া। আইএমসিকে কলঙ্কিত করার জন্যই এটি করা হয়েছে।
পরদিন জুমার নামাজের পর হাজার হাজার মুসলিম বেরেলির একটি প্রখ্যাত মাজারের আশপাশে জড়ো হন। তাদের হাতেও ছিল ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ লেখা পোস্টার। এ সময় তারা কানপুরে পুলিশি ভূমিকার বিরুদ্ধে স্লোগান দেন।
স্থানীয় প্রশাসনের অভিযোগ, এ সমাবেশের অনুমতি ছিল না। সমাবেশ থেকে কিছু মানুষ পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে। পুলিশ তাদের লাঠিপেটা করে এবং তৌকির রেজা খানসহ কয়েক ডজন মুসলিমকে গ্রেপ্তার করে। শহরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) বলেছে, ভারতের বিভিন্ন স্থানে ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ সংক্রান্ত প্রচারণা কেন্দ্র করে অন্তত ২২টি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে আড়াই হাজারের বেশি মানুষের নাম উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত বেরেলিতে অন্তত ৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এশিয়া সফরে ট্রাম্প, কিমের সঙ্গে বৈঠকের প্রত্যাশা

চীন, জাপান ও মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের লক্ষ্যে পাঁচদিনের সফরে এশিয়ার পথে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে এশিয়া সফর শুরু করেছেন।
সফর শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বাণিজ্য আলোচনায় বসবেন। এছাড়া সফরের শেষের দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও দেখা করতে চান তিনি।
শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসবেন ট্রাম্প। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মাঝে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যযুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন তিনি।
গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর প্রথম এশিয়া সফরে মালয়েশিয়া ও জাপানেও যাবেন তিনি। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ ও আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি নিয়ে ব্যস্ত সময়ের পর এই সফরে বের হয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এয়ার ফোর্স ওয়ানের বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‌‌‘‘খুব ভালো একটি বৈঠক’’ এবং চীন নতুন করে শতভাগ শুল্ক এড়াতে চুক্তিতে রাজি হবে বলে প্রত্যাশা করছেন। আগামী ১ নভেম্বর থেকে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শতভাগ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।
ওয়াশিংটন ত্যাগ করার সময় ডোনাল্ড ট্রাম্প কোরীয় উপদ্বীপে অবস্থানকালে ২০১৯ সালের পর প্রথমবারের মতো কিম জং উনের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি কিমের সঙ্গেও বৈঠক করব। আপনারা যদি এই খবর ছড়িয়ে দিতে চান, তাহলে আমি প্রস্তুত। তার (কিম) সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল।’’
উত্তর কোরিয়ার পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিকে আলোচনার শর্ত হিসেবে মেনে নেওয়ার প্রশ্নে ট্রাম্প বলেন, আচ্ছা, আমি মনে করি তারা কিছুটা পারমাণবিক শক্তিধর দেশ… তাদের অনেক পারমাণবিক অস্ত্র আছে, এটুকু বলব।
উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এই দুই নেতা সর্বশেষ হ্যানয়ে ট্রাম্পের প্রথম মেয়াদে সাক্ষাৎ করেছিলেন। কিম বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি থেকে সরে আসে, তাহলে তিনিও ট্রাম্পের সঙ্গে দেখা করতে প্রস্তুত আছেন।
দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ বিষয়ক মন্ত্রী বলেছেন, ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের সময় আঞ্চলিক এক সম্মেলনে কিমের সঙ্গে সাক্ষাতের ‘‘উল্লেখযোগ্য’’ সম্ভাবনা রয়েছে।
তবে এই সফরে ট্রাম্পের প্রথম গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে আগামীকাল (রোববার) পৌঁছাবেন তিনি। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দেবেন তিনি। প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন আসিয়ান জোটের একাধিক সম্মেলনে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন তিনি।
সফরে মালয়েশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন ট্রাম্প। একই সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে শান্তি চুক্তি স্বাক্ষরের তত্ত্বাবধানও করবেন তিনি। মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, কয়েক মাসের তিক্ততা শেষে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ব্রাজিলের বামঘেঁষা প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার সঙ্গেও সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন তিনি।
এরপর মালয়েশিয়া থেকে ট্রাম্পের পরবর্তী গন্তব্য হবে টোকিও। দেশটিতে সোমবার পৌঁছাবেন তিনি। এরপর মঙ্গলবার জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে চলতি সপ্তাহে দায়িত্ব গ্রহণ করেছেন তাকাইচি।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি তাকাইচি সম্পর্কে ভালো কথা শুনেছেন। এছাড়া নতুন এই প্রধানমন্ত্রী জাপানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী; যার সঙ্গে ট্রাম্পেরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
তবে ট্রাম্পের এই সফরের মূল আকর্ষণ দক্ষিণ কোরিয়া। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুসানে পৌঁছাবেন ট্রাম্প। সেখানে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হবে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি এপেকের ব্যবসায়ী নেতাদের মধ্যাহ্নভোজে বক্তব্য দেবেন তিনি। এছাড়া গিয়াংজু শহরে মার্কিন প্রযুক্তি খাতের নির্বাহীদের সঙ্গে নৈশভোজেও অংশ নেবেন ট্রাম্প। এরপর বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ক্ষমতায় ফেরার পর এটিই হবে এই দুই রাষ্ট্রনেতার প্রথম স্বাক্ষাৎ।
ট্রাম্প-শির এই বৈঠক বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে পারে কি না, সেদিকে নজর রাখবেন বিশ্বনেতারা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বেইজিংয়ের বিরল ধাতু রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের পর এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা।