Home Blog Page 288

‘মশার উৎপাতে’ বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রানে ব্যাট করছিল ভারত। পরের ওভারেই ঝাঁকে ঝাঁকে মশা ঘিরে ধরে ক্রিজের আশপাশে থাকা ক্রিকেটারদের। স্ট্রাইকে থাকা জেমিমাহ রদ্রিগেজ কিংবা হার্লিন দেওল দুজনেই নাজেহাল হচ্ছিলেন। বাদ ছিলেন পাকিস্তানের হয়ে বোলিং প্রান্তে থাকা ক্রিকেটারসহ বাকিরা।

একপর্যায়ে স্পিনার নাশরা সান্ধুকে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে ইশারা দিয়ে আনা হয় মশার স্প্রে। খেলা বন্ধ ছিল মিনিট কয়েক। ওই সময় মুনিবা আলি ও ফাতিমারা স্প্রে করতে করতে মজায় মেতে ওঠেন।
৩৪ ওভারের পর আবারও বিপত্তি। এবার পেশাদার কীটনাশক ছিটানো ব্যক্তিদের দিয়ে মাঠে স্প্রে করা হয়। ওই সময় মাঠের বাইরে অবস্থান করছিলেন দুই দলের ক্রিকেটাররা। ফলে খেলা বন্ধ রাখা হয় ১৫ মিনিটের মতো।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির আসনে বসছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এদিকে সহ-সভাপতির দুই পদে বসতে যাচ্ছেন সাবেক বিসিবি প্রধান ও আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং প্রখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম।
বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগের দুই পরিচালক নির্বাচিত হন বুলবুল ও ফাহিম। ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হন ফারুক আহমেদ।
সব কিছু ঠিকঠাক থাকলে এই ৩ জনই পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ দায়িত্ব। এর মধ্যে সভাপতি হিসেবে প্রার্থী হতে যাচ্ছেন একজনই, আমিনুল ইসলাম বুলবুল। তাই এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন তিনি।
এদিকে সহ-সভাপতি হিসেবে যে দুটি পদ রয়েছে সেখানে ফারুক ও ফাহিম- এ ২ জনেরই প্রার্থিতা করার কথা রয়েছে। তাই সহ-সভাপতির পদ কাদের দ্বারা পূরণ হতে যাচ্ছে- তা-ও নিশ্চিত।
আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এনএসসি কোটা থেকে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত হয়েছেন
চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।
খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।
ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।
বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।
সিলেট বিভাগ- রাহাত শামস।
রাজশাহী- মোখলেসুর রহমান।
রংপুর- হাসানুজ্জামান।
ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন
ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

‘ইয়া আলি’ গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন

জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর।
আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরে সমুদ্র থেকে উদ্ধার করে জুবিনকে হাসপাতালে নেওয়া হলয়, এরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে আর বাচানো সম্ভব হয়নি।
জুবিন গার্গের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের আসামের মন্ত্রী অশোক সিংঘল। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল মৃত্যুতে গভীর শোকাহত আমরা। আসাম হারাল নিজের হৃদস্পন্দন।’
প্রসঙ্গত, জুবিন গার্গ ভারতের আসামি, বাংলা ও হিন্দি গানে সমান জনপ্রিয় ছিলেন। তবে বলিউডের ‘গ্যাংস্টার’ (২০০৬) ছবির ‘ইয়া আলি’ গানটির জন্যই তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান।

 

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হবে। কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে এনসিপি। তবে শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানাচ্ছে ইসি।
শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠিও দিয়েছে কমিশন। তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে মঙ্গলবার পর্যন্ত সময়ও বেধে দিয়েছিল তারা। তবে, এনসিপি বলছে তাদের পছন্দের শাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৫০টি প্রতীকের অন্য কোনোটিই নেবে না তারা।
শুধু তাই নয়, একই সাথে তারা নির্বাচন কমিশনের সাথে আর কোনো ধরনের যোগাযোগও না রাখার পক্ষে দলটি। দলটির কোনো কোনো নেতা অবশ্য এটিও বলেছেন যে তারা শাপলা ছাড়া অন্য কোনো মার্কা দিলে নির্বাচনেও অংশ নেবে না।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ইসি যদি শাপলা প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারী আচরণ করে তাহলে এই কমিশনের যে কোনো কার্যক্রমে আমাদের অনাস্থা থাকবে।’
নির্বাচন কমিশন বলছে, তারা রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক তালিকার যে নতুন গেজেট করেছে সেখানে শাপলা না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নাই।
গতকাল সোমবার বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে এমন খবরও প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর জন্য নতুন প্রতীক তালিকার গেজেটে যেহেতু শাপলা নাই, সে কারণে এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ অনেকটাই কমে গেছে।’
এনসিপি কেন শাপলায় অনড়?
জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য যখন ইসিতে আবেদন করেছিল তখন প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়েছিল। এর কয়েকদিন পরে আবার আরেকটি চিঠি দিয়ে দেয়। ওই সংশোধিত চিঠিতে শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা থেকে যেকোনো একটি প্রতীক চায় এনসিপি।
এনসিপি নেতাকর্মীদের অনেকে গত বেশ কয়েক মাস ধরেই শাপলা প্রতীকের দাবিতে বিভিন্ন প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। এর আগে একাধিকবার দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে নির্বাচন কমিশনের সাথে বৈঠকও করেছে দলটি। তবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ইসি গত ৩০শে সেপ্টেম্বর এনসিপিকে যে চিঠি পাঠায়, সেই চিঠিতে বলা হয়, ৭ই অক্টোবরের মধ্যে ইসির তালিকাভুক্ত ৫০টি প্রতীক থেকে পছন্দ যে কোনো একটি প্রতীক নেওয়ার জন্য।
একই সাথে ওই চিঠিতে জানানো হয় দলটির প্রথম পছন্দ ‘শাপলা’ বর্তমানে নির্বাচন পরিচালনার বিধিমালার তালিকায় নেই, তাই এটি বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। ৫০টি মার্কার মধ্যে আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, মোবাইল ফোনসহ বিভিন্ন মার্কা রয়েছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও আইন সম্পাদক জহিরুল ইসলাম মুসা জানিয়েছেন, মঙ্গলবার বিকালে তারা নির্বাচন কমিশনকে ইমেইলের মাধ্যমে চিঠির জবাব দিয়েছেন। এনসিপি ইসিকে জানিয়েছে, শাপলার বাইরে অন্য প্রতীক তারা গ্রহণ করবে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিক চিঠির সঙ্গে শাপলা প্রতীকের সাত ধরনের নমুনাও যুক্ত করে দেওয়া হয়।
মুসা বলেন, ‘যেহেতু শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনগত জটিলতা নেই, সে কারণে আমরা ইসিকে আমাদের আগের অবস্থানই পুর্নব্যক্ত করেছি। এনসিপি শাপলার ক্ষেত্রে কোনো ছাড় দেবে না।’
এনসিপির কয়েকজন নেতা দাবি করেছেন, দলটিকে শাপলা প্রতীক দেওয়ার ব্যাপারে মূল আপত্তি একটি গোয়েন্দা সংস্থার, যে কারণে নির্বাচন কমিশন চাইলেও স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না।

আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না: বিএনপি নেতা

বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আগামীর বাংলাদেশে কোনো প্রকার চাঁদাবাজি মাদক সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না। আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার পাঁচরুখী এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, জননেতা তারেক রহমান লন্ডনে থেকেও দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে কাজ করে যাচ্ছেন। তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিস্টমুক্ত করেছেন।
তিনি আরও বলেন, আমরা সবাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে কাজ করে যাব। সবাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করবেন।

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণের ভরি

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বেড়েছে।
আজ সোমবার (৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭২৫ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে শনিবার (৪ অক্টোবর) প্রতি ভরিপ্রতি দাম বাড়ানো হয় ২ হাজার ১৯৩ টাকা।
আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে এ দাম সমন্বয় করা হবে।

দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আমি স্বস্তিতে আছি: অর্থ উপদেষ্টা

অর্থনীতি স্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আমি স্বস্তিতে রয়েছি। সে জন্য আমরা মোটামুটি একটু আত্মবিশ্বাসী।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মূল্যস্ফীতি আগের চেয়ে নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু একটা সার্ভারে বলছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থা খারাপ। শ্রীলঙ্কা, পাকিস্তান বা কয়দিন আগে রাজনৈতিক পট পরিবর্তন হলো নেপালের অবস্থাও আমাদের চাইতে ভালো। সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন, বেসটা যখন বড় হয় ১১-১৪ ছিল, তারপরে নামিয়ে ৮-এ এনেছি। ওটা যদি ৭ থাকতো, ওখানে যদি ৪-এ নামিয়ে আনতে পারতাম সবাই মহানন্দ হতো।
তিনি বলেন, আমাদের বেসটাই তো খারাপ ছিল। আমাদের এটাকে নামিয়ে আনা খুব ডিফিকাল্ট ছিল, তবুও আমরা নিয়ে এনেছি। এই জন্য কিন্তু আমরা এখনো অনবরত চাচ্ছি ফুড এবং নন ফুড কমাতে। নন ফুডটা একটু ডিফিকাল্ট। ননফুড বাস ভাড়া, তারপরে ট্রান্সপোর্ট, এনার্জির সঙ্গে রিলেটেড। তারপর আপনার অন্যান্য জিনিস, ইলেকট্রিসিটি বিষয় আছে।
আমেরিকার শুল্ক নিয়ে করা এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, শুল্ক অলরেডি ইফেক্টিভ। যে সিলিং দিয়েছে ওটা ইফেক্ট করে না। অলরেডি চার বিলিয়ন ডলার আমরা সার্বিকভাবে শো দিয়ে দিয়েছি।
নতুন পে স্কেল কি দিতে যাচ্ছে সাম্প্রতিক সময়ে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা পরে এক সময় আমি দেখবো। যাওয়ার আগে এক সময় আমি বলবো।
এবার নির্বাচনের জন্য ৪২০ কোটি টাকা দিয়ে বডি ক্যামেরা কেনা হচ্ছে, এটা কি অপচায় মনে করছে না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনার সেটা পরে বুঝতে পারবেন।
বিশ্বব্যাংক থেকে আজ বলা হয়েছে দারিদ্র্যের হার বেড়ে গেছে। সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন, আমি তাত্ত্বিক দিকে এখন যাবো না। দারিদ্র্য বেড়ে গেছে, দারিদ্র্য আছে প্রকৃত পক্ষে এগুলো বলতে হলে আমার অনেক বক্তব্য দিতে হবে। আমি তো জানি কীভাবে ওরা দারিদ্র্য মেজার করে। বেজ আছে, ক্লায়েন্ট আছে।
তিনি বলেন, আপনি ৫ হাজার লোকের টেলিফোন করে ইন্টারভিউ নিয়ে বললেন দারিদ্র্য বেড়ে গেছে, এগুলো তো আমি জানি। আমাকে একজন বলে স্যার আপনি একটা পেপার লেখেন, আমি বলে দিলে একটা ফার্ম ২০ হাজার রিপ্লাই দিয়ে দেবে আপনাকে কালকের মধ্যে। এগুলো রিলাবিলিটির ব্যাপার।

আটকের পর শহিদুল আলম কোথায় আছে, জানাল ইসরায়েল

গাজামুখী ত্রাণবাহী নৌবহরের ‘কনশানস’ নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রি ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। সেই জাহাজ থেকে শহিদুল আলমসহ আটক করা হয়েছে অধিকারকর্মীদের। বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকারকর্মীদের সঙ্গে ইসরায়েলে আছেন তিনি।

দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে শহিদুল আলমসহ গাজাগামী জাহাজবহর থেকে আটক অধিকারকর্মীদের।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বিবৃতিতে বলা হয়, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেওয়া হয় ফ্লোটিলার ৮টি জাহাজ। সেইসঙ্গে দেড়শো স্বেচ্ছাসেবীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন। দ্রুত তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে।

এই নৌবহরের ‘কনশানস’ নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রি ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকারকর্মীদের সঙ্গে ইসরায়েলে আছেন তিনি।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) আয়োজিত ৯ জাহাজের বহরটি দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করেছিল। একটি বড় জাহাজে প্রায় ১০০ জন এবং বাকি আটটি ছোট নৌযানে আরও ৫০ জন কর্মী ছিলেন। আয়োজকদের দাবি, অন্তত দুইজন ইসরায়েলি নাগরিকও ছিলেন এই নৌবহরে।

বুধবার ভোরে গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে ভূমধ্যসাগরে ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ ইউনিট শায়েতেত ১৩ এবং অন্যান্য বাহিনী দ্রুত অভিযান চালিয়ে নয়টি জাহাজের নিয়ন্ত্রণ নেয়। ‘কনশানস’ নামের ৬৮ মিটার দীর্ঘ যাত্রীবাহী জাহাজে নামার জন্য কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশি বেয়ে নামেন।

ফ্লোটিলা সংগঠকরা এক বিবৃতিতে অভিযোগ করেছেন, জাহাজে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে এবং আটটি নৌযানও অবৈধভাবে আটক ও ছিনতাই করা হয়েছে।

এফএফসি তখন জানায়, তাদের অভিযানে অংশ নেওয়া মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকদের আটক করে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের দাবি, নৌবহরটি ১ লাখ ১০ হাজার ডলারের বেশি মূল্যের ওষুধ, রেসপিরেটরি সরঞ্জাম ও পুষ্টি সহায়তা বহন করছিল, যা গাজার হাসপাতালগুলোর জন্য পাঠানো হচ্ছিল।

এদিকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই হামলা ও ছিনতাইকে ‘সমুদ্র ডাকাতির শামিল এবং আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন’ বলে আখ্যা দেয়।

তুরস্ক জানায়, নৌবহরে তুর্কি নাগরিক ও সংসদ সদস্যরাও ছিলেন। দেশটি বলেছে, গণহত্যাকারী ইসরায়েলি সরকার শান্তিপূর্ণ উদ্যোগগুলোকেও আক্রমণ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে।

তুর্কি প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান বলেন, গত দুই বছরে হিটলারের চেয়েও ভয়াবহ গণহত্যা চালিয়েছে ইসরায়েল।

এর আগের সপ্তাহে গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪০টিরও বেশি নৌকা আটক করে ইসরায়েল, যাতে ৪৫০ জনেরও বেশি অধিকারকর্মী ছিলেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ জেহাদ একটি অবিস্মরণীয় নাম।’

তিনি আরও বলেন, নব্বইয়ে রক্তমাখা ওই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লড়াই।

বৃহস্পতিবার ‘শহীদ জেহাদ দিবস’ উপলক্ষে এক বাণীতে এসব মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।

তিনি বলেন, নব্বইয়ের গণআন্দোলনে পুলিশের বুলেট নিজের বুকে নিয়ে শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্তস্রোতের ধারা বেয়ে সেই বছর সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন ঘটে স্বৈরশাসক এরশাদের।

তারেক রহমান আরও বলেন, ‘স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর দৃঢ় প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে।’

গণতন্ত্রের ধারা বহমান রাখতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে বলেও উল্লেখ করে তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়; গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা।’

শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে ধারণ করে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহবান জানান তিনি।

গুম কমিশনের সাথে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস সভাপতির বৈঠক

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) সভাপতি অ্যালিস মগউয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) গুলশানে কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এফআইডিএইচ সভাপতিকে স্বাগত জানান এবং কমিশনের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার সার সংক্ষেপ তুলে ধরেন।

বৈঠকে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদ্বেগজনক দিক ‘গুম’ বিষয়ে বিশদ আলোচনা হয়। এতে গুম সংক্রান্ত অভিযোগের তদন্ত, তথ্য সংগ্রহ, ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনসহ ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে নানা দিক উঠে আসে। পাশাপাশি ফিলিস্তিনের গাজাসহ বৈশ্বিক ও বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতিও নিয়েও আলোচনায় হয়।

এফআইডিএইচ সভাপতি মানবাধিকার প্রতিষ্ঠায় কমিশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দেন।

তিনি বলেন, গুম একটি আন্তর্জাতিক অপরাধ এবং এ বিষয়ে কমিশনের ভূমিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে উভয় পক্ষ গুম প্রতিরোধ ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সদস্য মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।