যে কারণে এনবিআরের বেলাল চৌধুরীকে ওএসডি করা হলো
নারী বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হার বাংলাদেশের
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ উইকেটে হারলো বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।
মঙ্গলবার (৭অক্টোবর) ভারতের গৌহাটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ২৯ বলে ২৪ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রুবাইয়া হায়দার ও শারমিন আকতার। ৯ বলে ৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন রুবাইয়া।
প্রথম উইকেট পতনের পর ষষ্ঠ ওভারে ক্রিজে এসে মাত্র ২ বল খেলে খালি হাতে সাজঘরে ফিরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ক্রিজে সেট হয়ে দলীয় ৫৯ রানে আউট হন শারমিনও। ৬টি চারে ৫২ বলে ৩০ রান করেন তিনি।
এরপর মিডল অর্ডারের চার ব্যাটার বেশিক্ষণ টিকতে না পারলে ১৩০ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। স্বর্ণা আকতার ১০, রিতু মনি ৫, ফাহিমা খাতুন ৭ ও নাহিদা আকতার ১ রানে থামেন।
সতীর্থদের যাওয়া আসার মাঝে এক প্রান্ত আগলে ইংল্যান্ড বোলারদের সামনে লড়াই করেছেন সোবাহানা। চার নম্বরে নেমে ৯২ বল খেলে ২৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন সোবাহানা। অর্ধশতকের পর বেশি দূর যেতে পারেননি তিনি। ৮টি চারে ১০৮ বল খেলে ৬০ রানে আউট হন এই ডান-হাতি ব্যাটার।
দলীয় ১৫৬ রানে অষ্টম ব্যাটার হিসেবে সোবাহানার আউটের পর বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন নয় নম্বরে ব্যাট হাতে নামা রাবেয়া। তার মারমুখী ইনিংসের সুবাদে ৪৯.৪ ওভারে ১৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে হজযাত্রী নিবন্ধনের সুযোগ
হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজযাত্রী নিবন্ধন করা যাবে। তবে এ ক্ষেত্রে পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী/হজ এজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্ত পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সংবলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। যদি মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করা না হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা ইস্যু হবে না।
সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে ২০২৬ সালের ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হবে।
এবার রুপার দামে নতুন ইতিহাস, বুধবার থেকে কার্যকর
স্বর্ণের পর এবার দেশের বাজারে রুপার দামও ছুঁয়েছে নতুন উচ্চতা। ভরিতে ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৫৪ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে রুপার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী— ২২ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ৬৫৪ টাকা, ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৮০২ টাকা, সনাতন পদ্ধতির ভরি ২ হাজার ৮৫৮ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সর্বশেষ রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছিল ৩ হাজার ৬২৮ টাকা, যা তখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
এ নিয়ে চলতি বছর পঞ্চমবারের মতো রুপার দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে চারবার দাম বেড়েছে এবং একবার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল তিনবার।
অন্যদিকে, সম্প্রতি স্বর্ণের দামও বেড়েছে। ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা—যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
একদিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম
স্বর্ণের ভরি দুই লাখ পার হওয়ার একদিন যেতে না যেতেই দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (৮ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৯৩ হাজার ৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবশেষ সোমবার (০৬ অক্টোবর) প্রতি ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।
যারা পিআর চায়, তারা বাংলাদেশের নির্বাচন চায় না’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, যারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায়, তারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র চায় না। তারা শুধু দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নে এক জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অমান উল্লাহ আমান বলেন, “যারা পিআর পদ্ধতি চাচ্ছে, তারা বাংলাদেশের নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না; তারা চায় দেশে অস্থিরতা।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী যথাসময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই।”
জনসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।
জুলাই সনদের আলোকে নির্বাচন আয়োজনের দাবি জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান।
বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়।
নেতারা বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে তার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে—এ জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বৈঠকে আরও বলা হয়, পূর্বঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ
বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যমে ফেসবুকে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে হারিয়ে এই অনন্য সম্মান অর্জন করেছে।
নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষ পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে ১৩ নভেম্বর।
এই জয় বাংলাদেশের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য ও সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলন বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কিত নীতি নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ, যার সভাপতিত্বের দায়িত্ব পাওয়া কোনো দেশের জন্য আন্তর্জাতিকভাবে একটি মর্যাদাপূর্ণ অর্জন।
ভারতে ভূমিধসে চাপা পড়ে ১৮ বাসযাত্রীর মৃত্যু
ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়েছে। ভূমিধসের কারণে ধ্বংসস্তূপের নিচে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে এখন পর্যন্ত অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে রাজ্যের বিলাসপুরে ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাট এলাকার ভাল্লু সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে। বাসটির ওপর এত পাথর পড়েছে যে এটি পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।
স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে ছুটে যায়, এখনো পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত ছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, আজ মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
শহিদ আবরার স্মরণে পলাশীতে আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভ উদ্বোধন
রাজধানীর বুয়েটসংলগ্ন পলাশী গোলচত্বরে শহিদ আবরার ফাহাদের স্মরণে নির্মিত ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। ৩৯ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে স্তম্ভটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, আট স্তম্ভের অবয়বের চেয়ে এর ওপর লেখা শব্দগুলোই অধিক গুরুত্বপূর্ণ। এই শব্দগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই এই বদ্বীপের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সময়ে হাজার কোটি টাকায় নানা প্রকল্প হলেও এখন ফ্যাসিবাদবিরোধী উদ্যোগ নিলেই ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়। অথচ এই স্তম্ভ নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ৩৯ লাখ ৫৯ হাজার টাকা।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, আবরার ফাহাদের স্মৃতি ঘরে ঘরে পৌঁছে দিতে সরকার উদ্যোগ নেবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, আবরার ফাহাদ কেবল একজন ব্যক্তি নয়, একটি চেতনা ও আদর্শ। ২০১৯ সালে তিনি যে বীজ বপন করেছিলেন, তা আজ মহীরুহে পরিণত হয়েছে।
‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’-এর প্রতিটি অংশে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প–কৃষি–নদী–বন–বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদার মতো মূল্যবোধ তুলে ধরা হয়েছে।
২০১৯ সালে আগ্রাসনবিরোধী অবস্থানের কারণে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শহিদ আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বুয়েট শাখার সদস্যরা।
আবরারের স্মৃতি ও চেতনা অমলিন রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন “শহিদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ নির্মাণ ও পলাশী ইন্টারসেকশন উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এই স্মারকটি নির্মাণ করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম, বুয়েটের উপ–উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, শহিদ আবরারের পিতা মো. বরকত উল্লাহ ও ভাই আবরার ফাইয়াজ প্রমুখ।


