Home Blog Page 293

গামিনির সঙ্গে চুক্তি বাতিল বিসিবির

০

কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে ১৫ বছরের সম্পর্ক ছিন্ন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে চুক্তি বাতিল করেছে বোর্ড। থেকেই তিনি আর দায়িত্বে থাকছেন না বলে জানিয়েছেন। চুক্তি বাতিল করায় নিয়ম অনুযায়ী, তাকে দুই মাসের বেতন দিতে হচ্ছে বিসিবির।

লঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে সর্বশেষ এক বছরের চুক্তি নবায়ন করেছিল বিসিবি। এর মধ্যে টমি হেমিংয়ের সঙ্গে চুক্তি করে বোর্ড। এরপর গামিনিকে রাজশাহী পাঠিয়ে দেওয়া হয়। তিনি ঢাকা ফিরে বিসিবির থেকে দেনা-পাওনা বুঝে নিয়ে চলে যাবেন।

বিসিবি বলেছে, ‘গামিনির সঙ্গে চুক্তিতে উল্লেখ ছিল, যদি আমরা শেষ বছরে এসে তাকে রাখতে না চাই, সেক্ষেত্রে দুই মাসের বেতন দিতে হবে। আমরা তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

গামিনিকে ২০১০ সালে বিসিবির প্রধান কিউরেটরের দায়িত্ব দেওয়া হয়। চাকরির অধিকাংশ সময় তিনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে কাজ করেছেন। বিসিবির ইতিহাসে এক মাঠের উইকেট নিয়ে দীর্ঘদিন কাজ করা একমাত্র কিউরেটর তিনি।

মিরপুরের উইকেট ধীর ও নিচু হওয়ার কারণে ভালো রান না হওয়ায় তিনি বিগত বছরগুলোতে সমালোচনার শিকার হয়েছেন। উইকেটে উন্নতি আনতে বিসিবি মাঝখানে টমি হেমিংকে নিয়োগ দিয়েছিল। কিন্তু গামিনি তাকে ঠিকঠাক সহযোগিতা না করায় এবং সম্পর্কে অবনতি হওয়ায় চাকরি ছেড়ে যান হেমিং।

ওই হেমিংকে নতুন করে নিয়োগ দিয়েছে বিসিবি। জানা গেছে, লঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার ছেলে স্পেনে বসবাস করেন। বিসিবির সঙ্গে দায়িত্ব শেষ হওয়ায় তিনি ছুটি কাটাতে ছেলের কাছে স্পেনে যাবেন।

স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছুঁতে পারে

বিশ্ববাজারে স্বর্ণের দীর্ঘমেয়াদি ঊর্ধ্বগতি এখনো অটুট রয়েছে। যদিও সম্প্রতি ইতিহাসের অন্যতম বড় সাপ্তাহিক পতন ঘটেছে। মালয়েশিয়ার ইউনাইটেড ওভারসিজ ব্যাংক (ইউওবি) পূর্বাভাস দিয়েছে, নিরাপদ বিনিয়োগ ও বহুমুখীকরণের চাহিদা অব্যাহত থাকলে ভবিষ্যতে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে (এক আউন্স ২ দশমিক ৪৩০৫ ভরি)।

ইউওবি জানায়, সাম্প্রতিক বিক্রয়চাপ কোনো বিপদ নয় বরং এটি ‘সঠিক ও প্রয়োজনীয় সংশোধন’, যা অতিরিক্ত জল্পনামূলক বিনিয়োগ ঠাণ্ডা করবে এবং পরবর্তী স্থিতিশীল ঊর্ধ্বগতির পথ তৈরি করবে।

গত ২০ অক্টোবর স্বর্ণের দাম প্রায় আউন্সপ্রতি ৪ হাজার ৪০০ ডলার থেকে এক সপ্তাহে নেমে আসে ৩ হাজার ৯০০ ডলারের নিচে, যা ইতিহাসের সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। এর আগে আগস্টে দাম ৩ হাজার ৫০০ ডলারের বাধা ভেঙে তিন মাসে প্রায় ২৫ শতাংশ বেড়েছিল।

ইউওবি জানায়, এই পতন ‘খুবই প্রয়োজনীয়’ ছিল, কারণ বছরের মাঝামাঝি থেকে অতিরিক্ত ‘লং পজিশন’ তৈরি হয়েছিল, যা বাজারকে অস্থিতিশীল করে তুলেছিল।

ব্যাংকের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান স্বর্ণসংগ্রহ এবং বিভিন্ন বিনিয়োগ মাধ্যমে (বুলিয়ন, ফিউচার ও ইটিএফ) টাকার প্রবাহের কারণে স্বর্ণের মৌলিক চাহিদা এখনো শক্তিশালী।

বর্তমানে স্বর্ণের ইটিএফ হোল্ডিং প্রায় ১০ কোটি আউন্স, যার বাজারমূল্য প্রায় ৪০০ বিলিয়ন মার্কিন ডলার। চীনের সাংহাই ফিউচার এক্সচেঞ্জে গত জুলাইয়ে মজুদ ছিল ২০ টন, যা এখন বেড়ে ৯০ টন হয়েছে।

ব্যাংকটির বিশ্লেষণে বলা হয়েছে, ‘ডি-ডলারাইজেশন’ ও বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ সম্পদে বিনিয়োগের চাহিদা আরও বাড়ছে।

ব্যাংক মুয়ামালাত মালয়েশিয়ার প্রধান অর্থনীতিবিদ ড. মোহদ আফজানিজাম আবদুল রশিদ বলেছেন, ‘এই পতন বাজারের জন্য একটি স্বাস্থ্যকর বিরতি। এটি পরবর্তী স্থিতিশীল উত্থানের সুযোগ তৈরি করছে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ক্রমহ্রাসমান ক্রেডিট রেটিং ও ডলারের ওপর আস্থা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা বিকল্প নিরাপদ সম্পদ খুঁজছেন- আর সেই ক্ষেত্রে স্বর্ণই সেরা বিকল্প।

তার বিশ্লেষণ অনুযায়ী, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণসংগ্রহ প্রতিবছর গড়ে ২০ শতাংশ হারে বেড়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যমতে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্বর্ণচাহিদা ১ হাজার ৩১৩ টনে পৌঁছেছে, যা ইতিহাসের সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকগুলো এ সময়ে ২২০ টন স্বর্ণ কিনেছে, যা আগের প্রান্তিকের তুলনায় ২৮ শতাংশ এবং পাঁচ বছরের গড়ের তুলনায় ৬ শতাংশ বেশি।

ইউওবি সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিগত অনিশ্চয়তার কারণে স্বল্পমেয়াদে অস্থিরতা থাকতে পারে।

স্ত্রীর ‘ধর্ম পরিবর্তন’ ইস্যুতে সমালোচনার জবাব ভ্যান্সের

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।

জেডি ভ্যান্স বলেন, তার যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।

গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তার স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তার স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাকে তার আন্তঃধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তঃধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’

নিজের ধর্মবিশ্বাস তার বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিয়েছে বলেও জানান ভ্যান্স। তিনি স্ত্রীকে এর কৃতিত্ব দিয়ে বলেন, উষাই বহু বছর আগে তাকে ধর্মের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন করতে উৎসাহ দিয়েছেন।

ভ্যান্স লেখেন, ‘আমার খ্রিস্টধর্মের প্রতি বিশ্বাস আমাকে বলে যে যিশুখ্রিষ্টের বাণী (গস্পেল) সত্য এবং মানুষের জন্য কল্যাণকর। আমার স্ত্রী আমার জীবনে অসাধারণ আশীর্বাদ, যেমনটি আমি টিপিইউএসএয়ের অনুষ্ঠানে বলেছিলাম। বহু বছর আগে তিনিই আমাকে আমার বিশ্বাসের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন করতে উৎসাহ দিয়েছিলেন।’

আগের ব্যাখ্যার কথা আবারও উল্লেখ করে জেডি ভ্যান্স আরও বলেন, ‘তিনি (উষা) খ্রিষ্টান নন এবং ধর্ম পরিবর্তনের কোনো পরিকল্পনাও নেই। কিন্তু অনেক আন্তধর্মীয় বিয়ে বা যেকোনো আন্তঃধর্মীয় সম্পর্কের মতো আমি আশা করি, একদিন তিনি আমার মতো করে বিষয়গুলো দেখতে পাবেন। সবকিছুর পরও আমি তাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে যাব। আমার বিশ্বাস, জীবন ও অন্য সব বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলব। কারণ, তিনি আমার স্ত্রী।’

ওই পোস্টে সমালোচকদের সমালোচনা করে ভ্যান্স লেখেন, ‘এ ধরনের পোস্টগুলো খ্রিষ্টধর্মের বিরুদ্ধে ঘৃণা ফুটিয়ে তোলে। হ্যাঁ, খ্রিষ্টানদের একটি বিশ্বাস রয়েছে এবং হ্যাঁ, সেই বিশ্বাসের কিছু নির্দিষ্ট আচরণও আছে, যার মধ্যে একটি হলো আমরা আমাদের বিশ্বাসকে অন্যদের সঙ্গে ভাগ করে নিই। এটি সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। যারা এটিকে নিয়ে অন্য রকম বলছেন, তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে।’

ইয়েল ল স্কুলে লেখাপড়ার সময় ভ্যান্স ও উষার পরিচয় হয়। ২০১৪ সালে তারা বিয়ে করেন। ভারতীয় বংশোদ্ভূত উষার বিয়ের আগের পদবি চুলুকুরি। তিনি প্রায়ই যুক্তরাষ্ট্রে তার সাংস্কৃতিক ও পেশাগত পরিচয়ের সমন্বয় নিয়ে কথা বলেন।

ভ্যান্স ২০১৯ সালে ক্যাথলিক ধর্মে দীক্ষা নেন। উষার সঙ্গে প্রথম সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে প্রথম যখন দেখা হয়েছিল, তখন তিনি (ভ্যান্স) নিজেকে সংশয়বাদী (অ্যাগনস্টিক) বা নাস্তিক ভাবতেন। এ দম্পতির তিন সন্তান খ্রিষ্ট ধর্মমতে বেড়ে উঠেছে। তারা খ্রিষ্টান স্কুলে পড়াশোনা করছে।

পর্যটকদের পছন্দের শীর্ষ তালিকায় মদিনা

সৌদি আরবের মদিনা চেম্বার অব কমার্সের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, অঞ্চলের পর্যটকদের প্রায় তিন-চতুর্থাংশই মদিনাকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকরা এই শহরকে প্রধান গন্তব্য হিসেবে নির্বাচনের মূল কারণ হলো এর আধ্যাত্মিক গুরুত্ব এবং নবী মুহাম্মদ (সা.)-এর সাথে গভীর ঐতিহাসিক সম্পর্ক। ৭৩.৭ শতাংশ দর্শক মদিনা সফরের জন্য আগ্রহী।
বিশ্বব্যাপী পর্যটন সূচকে মদিনা শীর্ষ ১০০ গন্তব্যের মধ্যে জায়গা করে নিয়েছে এবং মোট পর্যটন কার্যকারিতা সূচকে সপ্তম অবস্থান দখল করেছে। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, মদিনা শুধু আধ্যাত্মিক শহরই নয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও পর্যটকদের আকর্ষণ করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগত পর্যটকদের ৪৭.২ শতাংশ আল উলা গভর্নরেট সফর করেছেন, যেখানে রয়েছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, সংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহাসিক অভিজ্ঞতা। অন্যদিকে, দেশীয় পর্যটকদের ১৪.১ শতাংশ ইয়ানবু গভর্নরেট বেছে নিয়েছেন এর সুন্দর সৈকত, সামুদ্রিক বিনোদন এবং পরিবার-বান্ধব পরিবেশের জন্য।
মদিনা চেম্বার অব কমার্স জানিয়েছে, এসব সূচকই মদিনা অঞ্চলের পর্যটন খাতের দ্রুত বৃদ্ধির প্রতিফলন। জাতীয় পর্যটন ব্যবস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গন্তব্য উন্নয়ন এবং সৌদি আরবকে বৈশ্বিক পর্যটন মানচিত্রে আরও দৃঢ় অবস্থানে স্থাপন করা সম্ভব হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রতিবেদনে মদিনা রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির কার্যক্রমকেও প্রশংসা করা হয়েছে, যারা পর্যটন ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
তায়েফের বাসিন্দা আহমদ আল-ওতাইবি, যিনি রিয়াদে কর্মরত, আরব নিউজকে বলেন, মদিনা সবসময় আমাদের হৃদয়ের কাছের শহর। শান্তিপূর্ণ পরিবেশ, সবসময় মানুষের আগমন, সব মিলিয়ে মদিনার কোনো তুলনা নেই।
তিনি মদিনা ডেভেলপমেন্ট অথরিটির অবকাঠামো উন্নয়ন ও সেবা বৃদ্ধির কাজের প্রশংসা করেন, যা ধর্মীয় পর্যটন এবং আতিথেয়তা খাতের মান উন্নত করেছে। এর ফলে পর্যটকরা সুবিধা পাচ্ছেন, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনমানও উন্নত হচ্ছে।
২০২৫ সালের প্রথমার্ধে সৌদি আরবের অন্যান্য শহরের তুলনায় মদিনার হসপিটালিটি সুবিধার হার সর্বোচ্চ ৭৪.৭ শতাংশে পৌঁছেছে। শহরের লাইসেন্সপ্রাপ্ত হসপিটালিটি প্রতিষ্ঠানও বৃদ্ধি পেয়েছে। মোট প্রতিষ্ঠান ৫৩৮টি, যার মধ্যে নতুন ৬৯টি। মোট হোটেল কক্ষের সংখ্যা ৬৪,৫৬৯, এর মধ্যে নতুন যোগ হয়েছে ৬,৬২৮ কক্ষ।
এই সব উন্নয়ন কার্যক্রমই মদিনাকে ধর্মীয় পর্যটনের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করছে এবং শহরের আতিথেয়তা ও সেবা মান বৃদ্ধির মাধ্যমে সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হচ্ছে।

ভারী বৃষ্টিতে রাজধানীজুড়ে যানজট, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

মাঝ কার্তিকে শনিবার দুপুরে নেমে আসে সন্ধ্যা, কালো মেঘ গর্জে নামলো বৃষ্টিও। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

এই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে টাঙ্গাইলে ৫৭ মিলিমিটার। এছাড়া কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, দিনাজপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও খুলনা জেলায় বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

‘লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি,’ বলেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

এদিকে বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি যেন থামছিল না। অঝোর ধারায় ঝরেই চলেছিল৷ একদিকে মুষলধারে বৃষ্টি; অন্যদিকে যানজট আর জলাবদ্ধতায় নাকাল ছিল রাজধানীবাসি।

শনিবার বিকাল চারটা নাগাদ ঢাকার আকাশ ঢেকে যায় কালো মেঘে। এরপর সাড়ে চারটা নাগাদ শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি। বিকাল ৫টা নাগাদ বাড়তে শুরু হয় এই বৃষ্টি। সন্ধ্যা সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ অলিগলি পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু বড় সড়কের একপাশেও পানি জমে গেছে। বৃষ্টির কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। সব মিলিয়ে অফিস ফেরত সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

বিকাল ৫টার দিকে মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বের হন আয়েশা সুলতানা। নেমেই দেখেন তুমুল বৃষ্টি। যানবাহন পাওয়া যাচ্ছে না। যাবেন রামপুরা। রিকশা-সিএনজির চালকরা চাইছেন দ্বিগুণ ভাড়া। অগত্যা দ্বিগুণ ভাড়ায় রিকশা নেন তিনি। কাকরাইল এসে পড়েন যানজটে। সন্ধ্যা সাতটায়ও বাসায় পৌঁছাতে পারেননি বলে তিনি জানান।

একই অবস্থার শিকার ঢাকার প্রায় সব অফিস ফেরত সাধারণ মানুষের।

জরুরি কাজে বের হবেন রাজাবাজারের বাসিন্দা জামাল হোসেন। অঝোর বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ায়। পরে বৃষ্টি মাথায় নিয়েই বের হন তিনি। তবে বাঁধ সাধে রাস্তার ওপর জমে থাকা পানি। তার ভাষ্য, ঢাকার সড়কে হাঁটু পানি পার হওয়া যেন নদী পার হওয়ার মতোই বিড়ম্বনা।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ ছত্তিসগড় ও এর আশেপাশে যে সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছিল, সেটি উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে এটি লঘুচাপ আকারে পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা থেকে উত্তর-উত্তরপূর্ব দিকে এগোচ্ছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির পূর্বাভাস ছিল।

সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপ সৃষ্টি হলে আগামী বুধবার থেকে আবারও বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা আছে।’

তবে আর রোববারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টির প্রবণতা বাড়বে, নভেম্বরেও ভেজা আবহাওয়া

নভেম্বরের শুরুতেই দেশে বৃষ্টির প্রবণতা বাড়ছে। দুর্বল হয়ে পড়া লঘুচাপের পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তাপমাত্রায় সামান্য ওঠানামা দেখা দিতে পারে—কোথাও কমবে, কোথাও আবার সামান্য বাড়বে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিনত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে

তিনি আরও জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নির্বাচন এলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমাদের দেশে নির্বাচন এলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়।’ তিনি বলেন, ‘বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ইসলামকে বিশ্বাস করি। কিন্তু আমরা মওদুদীর ইসলামে বিশ্বাস করি না। যারা ফিতনা সৃষ্টি করে বিভাজন তৈরি করতে চায়, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।’

শনিবার নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ‘আজমতে সাহাবা’ মহা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘হাসিনার সরকার ইসলামবিদ্বেষী ও মুসলিমবিদ্বেষী ছিল। তারা আলেমদের ওপর নির্যাতন চালিয়েছে। আল্লাহর হুকুমে কীভাবে তাদের রাজনীতির অবসান হয়েছে, আমরা তার সাক্ষী। আমাদের উচিত এমন রাজনীতি করা, যার মাধ্যমে আওয়ামী অপরাজনীতি বিলুপ্ত হবে। বাংলাদেশে আমরা আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা করব।’

তিনি বলেন, যারা দ্বীনকে আগে এবং দুনিয়াকে পরে মনে করেন। তারাই ইসলামের প্রকৃত অনুসারী। যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। রাজনৈতিক কারণে কেউ বক্তব্য দিতেই পারে, সেটাকে স্বাগত জানাই—তবে কেউ যেন আমাদের দ্বিনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে।

এ সময় সালাহউদ্দিন আহমদ আহ্বান জানান, আওয়ামী লীগের এই অপরাধনীতি থেকে শিক্ষা নিয়ে ভালো রাজনীতি করতে হবে। মানুষের জন্য রাজনীতি করতে হবে, ইসলামের পক্ষে রাজনীতি করতে হবে।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা আবারও সক্রিয় হয়েছে। এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

সভাপতির বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, যারা নবীর সাহাবাদের নাম নিয়ে বেভিচারী বলেন, যারা পূজা-রোজা এক বলে, তাদের ভোট দেওয়া জায়েজ না। ঈমান ও ইসলাম রক্ষায় তাদের বিরোধিতা করতে হবে। যার আকিদা সহীহ, যারা শার্ট-প্যান্ট পড়েও সঠিক বিশ্বাসে অবিচল, তাদের ভোট দেওয়া যাবে।

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহাসম্মেলনে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পানিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), আল্লামা উবায়দুল্লাহ ফারুক, ড. এনায়েতুল্লাহ আব্বাসী (পীর সাহেব জৈনপুরী), মুফতি জসিমুদ্দীন হাটহাজারী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মুবারকুল্লাহ প্রমুখ।

ডিসেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল

০

আগামী ডিসেম্বরের মাঝমাঝি সময়ে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই বোর্ড সূচি চূড়ান্ত করতে কাজ করছে বলে সংবাদমাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।

সিরিজ দুটি কলকাতা এবং কটকে হতে পারে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। আইসিসির এফটিপির অংশ এই সিরিজ। এর মধ্যে ওয়ানডে সিরিজটি দুই দলের জন্যই পরবর্তী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।

সিরিজের পরিকল্পনার বিষয়ে বিসিবির কর্মকর্তা বলেছেন, ‘সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে যে খসড়া সূচি করা হয়েছে, সে অনুযায়ী ১৪-১৫ ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাব। আমরা স্বাগতিকদের এভাবেই সূচি চূড়ান্ত করতে বলেছি।’

ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে গেছে ভারত। বাংলাদেশ টুর্নামেন্টে সপ্তম হয়ে শেষ করেছে। এবারের বিশ্বকাপে সরাসরি জায়গা পায়নি বাংলাদেশ। বাছাইপর্ব খেলতে হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার লড়াই শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল।

ক্যাটরিনা কাইফের ছবি ভাইরাল, ক্ষুব্ধ পরিবার

০

কয়েক মাস ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে। ক্যামেরা থেকে থাকছেন দূরে দূরে। দিওয়ালির শুভেচ্ছা পোস্টেও তাকে দেখা যায়নি। তবে তিনি মা হতে চলেছেন, এমন ঘোষণা দেওয়ার পর থেকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। পূর্বের সময়ের চেয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহও বেড়ে যায়।
তবে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে, যা তার ভক্তদের ক্ষুব্ধ করে তুলেছে। পাপারাজ্জিদের কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন, ক্যাটরিনার স্বামী ও অভিনেতা ভিকি কৌশলের পরিবার। জানা গেছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা।
ক্যাটরিনার ভাইরাল ছবিতে দেখা গেছে, মুম্বাইয়ের নিজের অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। গোলাপি রঙের পোশাকে দাঁড়িয়ে থাকা ক্যাটরিনার হাতে কফির কাপ। পাপারাজ্জিরা জুম লেন্সের সাহায্যে দূর থেকে ছবিটি ধারণ করেছেন।
ক্যাটরিনার অনুমতি ছাড়া তোলা এসব ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। অনেকে পুলিশি পদক্ষেপের দাবি জানান।
এ ঘটনায় অভিনেত্রী সোনাক্ষী সিনহা কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, একজন গর্ভবতী নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে তুলে তা প্রকাশ করা কতটা অমানবিক, তা কি এরা বুঝতে পারে না?
জুম টিভি নামের একটি বিনোদন ওয়েবসাইটে ছবিটি প্রকাশিত হলে মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
এর আগে ২০২২ সালেও অন্তঃসত্ত্বা অবস্থায় থাকাকালীন অভিনেত্রী আলিয়া ভাটের কিছু ছবি বিনা অনুমতিতেই প্রকাশিত হয়েছিল। সে সময় তিনিও ক্ষোভ প্রকাশ করেছিলেন।

বিজিএমইএ-এনপিও সমঝোতা স্মারক সই

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে উৎপাদনশীলতা, প্রযুক্তিগত উৎকর্ষ ও বৈশ্বিক প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার এনপিও কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন বিজিএমইএ পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম এবং এনপিও সভাপতি মো. নুরুল আলম।

সমঝোতা স্মারক অনুযায়ী, পোশাক শিল্পকে ইন্ডাস্ট্রি ৪.০ যুগের উপযোগী করে তুলতে যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও পরামর্শ সেবা পরিচালনা করবে বিজিএমইএ ও এনপিও। পাশাপাশি, উৎপাদনশীলতা ও অপারেশনাল উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৫ এস, কাইজেন এবং লিয়েন ম্যানুফ্যাকচারিং -এর মতো আধুনিক পদ্ধতি প্রয়োগে গুরুত্ব দেওয়া হবে।

চুক্তির অংশ হিসেবে, প্রতি বছর তিনটি তৈরি পোশাক কারখানাকে ‘মডেল এন্টারপ্রাইজ’ হিসেবে বাছাই করা হবে এবং এনপিওর কারিগরি সহায়তায় এসব কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধির পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া, উভয় সংস্থা এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এপিও) সহায়তায় গবেষণা ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগেও একসাথে কাজ করবে।

স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ প্রতিনিধি বলেন, বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং সাপ্লাই চেইনের নতুন বাস্তবতায় ইন্ডাস্ট্রি ৪.০ গ্রহণ এখন সময়ের দাবি।

শুধু কম খরচের ওপর নির্ভর না করে, এখন প্রয়োজন গুণগত মান, দক্ষতা, গতি ও উদ্ভাবনের সমন্বয়।

বিজিএমইএ পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্পকে স্মার্ট ম্যানুফ্যাকচারিং-এর পথে এগিয়ে নিতে আমাদের উৎপাদন ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি, আইওটি ও ইনোভেশন সংযুক্ত করা জরুরি।’

বিজিএমইএ ও এনপিওর এই অংশীদারিত্ব বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে টেকসই, আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫ শুরু হয়েছে।

বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক দূত লুৎফে সিদ্দিকী। এই মেলা চলবে আগামী শনিবার রাত ৮টা পর্যন্ত।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এই তিন দিনব্যাপী বৃহৎ আন্তর্জাতিক মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টোয়াবের ট্যুর অ্যান্ড ফেয়ার বিভাগের পরিচালক মো. তাসলিম আমিন শুভ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. শফিকুর রহমান, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহিন সুলতানা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন টোয়াবের প্রেসিডেন্ট মো. রাফিউজ্জামান।

এবারের মেলায় পাকিস্তান, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন ছাড়াও নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করছে। এবারের মেলা আগের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় ৪টি হলে ২০টি প্যাভিলিয়নসহ মোট ২২০টি স্টল থাকবে।

মেলায় আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার এবং হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রদর্শক হিসেবে অংশ নেবে। মেলার সাইড লাইন ইভেন্টে বিটুবি সেশন, সেমিনার ও কান্ট্রি প্রেজেন্টেশন ছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন রয়েছে।