Home Blog Page 3

ব্যাংক ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশ

০

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং বাংলাদেশ পুলিশের মধ্যে এক সভায় আর্থিক শৃঙ্খলা ও জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যাংক খাতের মধ্যে সমন্বয় জোরদারের সুপারিশ এসেছে। এ ছাড়া মানি লন্ডারিং ও আর্থিক অনিয়ম প্রতিরোধ, ব্যাংক-সংশ্লিষ্ট জালিয়াতি ও ঋণখেলাপি মামলার দ্রুত নিষ্পত্তি, ব্যাংক শাখা, এটিএম ও নগদ অর্থ পরিবহনের নিরাপত্তা, সাইবার ও ডিজিটাল পেমেন্ট জালিয়াতিসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের সহযোগিতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

বিএবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংগঠনের চেয়ারম্যান আবদুল হাই সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল বুধবার পুলিশের প্রধান কার্যালয়ে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বৈঠক করেন। এ সময় চেয়ারম্যানের সঙ্গে বিএবির ভাইস চেয়ারম্যান মনজুরুর রহমান ও রোমো রউফ চৌধুরী এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আইজিপির আমন্ত্রণে মতবিনিময় সভায় পুলিশ সদরদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনআস্থার ওপরই একটি সুদৃঢ় ব্যাংক খাত দাঁড়িয়ে থাকে। আমানতকারীদের সুরক্ষা ও আত্মসাৎকৃত সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ পুলিশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। একটি নিরাপদ ও অধিকতর আস্থাশীল আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে বিএবি ও এর সদস্য ব্যাংকগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত।
সভায় আইজিপি ব্যাংক খাত ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পুলিশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, পুলিশ সদরদপ্তরে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অর্থ) মো. আকরাম হোসেনের নেতৃত্বে পরিচালিত সেলটি ব্যাংকিং সংক্রান্ত যে কোনো সমস্যা মোকাবিলায় কাজ করবে। প্রতারণা ও জালিয়াতি, ঋণখেলাপি, সম্পদ পুনরুদ্ধারসহ যেসব ক্ষেত্রে পুলিশের সহায়তার প্রয়োজন হয়, সেসব বিষয়ে ব্যাংকগুলোর জন্য এই সেলটি যোগাযোগের একমাত্র কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।

নিয়মিত সংলাপ অব্যাহত রাখা এবং বাংলাদেশ পুলিশ ও ব্যাংক খাতের মধ্যে একটি কাঠামোবদ্ধ সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সভায় উভয় পক্ষ একমত পোষণ করে।

জিয়াউর রহমানের অর্থনৈতিক নীতি অনুসরণ করলে দেশ আরও গতিশীল হবে: ইসমাইল জবিউল্লাহ

০

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বরং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, তার (জিয়াউর রহমান) সময়েই দেশে প্রথম ‘মিক্সড ইকোনমি’ বা মিশ্র অর্থনীতি এবং পরবর্তীতে ‘ওপেন ইকোনমি’ ধারণা চালু হয়। সে সময় ব্লক অর্থনীতির বাইরে বেরিয়ে এসে দেশের গ্রামীণ অর্থনীতি সচল হয় এবং বেসরকারি উদ্যোক্তা ও শিল্প খাতের বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়।

তিনি আরও বলেন, বিশেষ করে তৈরি পোশাক শিল্প (গার্মেন্টস ইন্ডাস্ট্রি) খাতের প্রসারে তার সরকারের নীতি ও সহযোগিতা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব আজ বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আট মাসের সরকার পরিচালনার প্রশংসা করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা, হাসপাতাল স্থাপন এবং সামরিক বাহিনীর আধুনিকায়নের মতো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যাংক ঋণ সহজীকরণ এবং আইটি খাতকে বেকারত্ব থেকে রেহাই দেওয়ার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়তাবাদের এক অনন্য প্রতীক হিসেবে দল ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, দল ও রাষ্ট্রের স্বার্থে সব ভেদাভেদ ভুলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেবল নেতার ইমেজের ওপর সম্পূর্ণ নির্ভর করে বসে থাকলে চলবে না; দলের প্রতিটি কর্মীকে নেতার আদর্শ ধারণ করে মাঠে-ময়দানে কাজ করতে হবে।

এ সময় দেশে অর্থনৈতিকভাবে উৎপাদন বৃদ্ধি, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং বেকারত্ব দূরীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ ও অর্থনৈতিক নীতিগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব।

উপদেষ্টা বলেন, অতীতে দেশের প্রতিটি সংকটে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী—সবাই মিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, তার পেছনে ছিল এক গভীর প্রেরণা।

তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আড়ালে রাজনৈতিক লুটতরাজ, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, অর্থনীতিতে ‘বটমলেস বাসকেট’ বা তলাবিহীন ঝুড়ির খ্যাতি পাওয়া, পণ্যের সিন্ডিকেটকরণ, ব্যাংক লুট এবং রক্ষীবাহিনী সৃষ্টির মাধ্যমে সেনাবাহিনীর মধ্যে বিভাজনের সৃষ্টি করে রাষ্ট্রকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছিল। যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছিল, সেই গণতন্ত্রকে সম্মান না করে ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ কায়েম করা হয়।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদী শক্তি ও সেনাবাহিনীর একটি অংশের চক্রান্ত প্রতিহত করা হয়। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যে একটি ইতিবাচক মিল রয়েছে—তা হলো সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সাধারণ সৈনিক ও জনগণের সংহতি। এটি ছিল মূলত জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার ঐতিহাসিক মুহূর্ত।

উপদেষ্টা বলেন, সেই সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান সামনে এগিয়ে আসেন এবং দেশবাসীকে রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেন। সিপাহিদের পাশাপাশি আপামর জনতাও এই বিপ্লবে অংশ নেয়, যা আধিপত্যবাদের বিরুদ্ধে এক শক্ত প্রতিরোধ গড়ে তোলে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের মীর সরফত আলী সপু, অধ্যাপক আমিনুল ইসলাম, মজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলাইয়ের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

০

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিকভাবে করা হবে।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

Untitled 1 1794460104

ফেসবুক পোস্টে তিনি লেখেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজ আমি, কাল অন্য কেউ, পরশু অন্য সবাই একে একে আক্রান্ত হবেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি নয়। দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে তারা সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।

সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে পারবে, এমন আশা আর করেন না জানিয়ে এনসিপির আহ্বায়ক লেখেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’ বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।’

নাহিদ ইসলামের এই পোস্টের আগে এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ ওঠে। বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তিনি।

নুসরাতের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলার কথা উল্লেখ করেন।

জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১-এ ন্যায্য জ্বালানি রূপান্তরে পাঁচ দফা প্রস্তাব

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এর সঙ্গে বাড়ছে ঋণ পরিশোধের বোঝা। তাই জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন।

বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঋণ-ত্রাণ সুবিধা চালু এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করাসহ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শূন্য দশমিক ৫ শতাংশেরও কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে। এ বাস্তবতায় বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে হবে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি। এ জন্য সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

সবুজ শিল্পায়নের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ৩০০টি তৈরি পোশাক কারখানা লিড সনদপ্রাপ্ত। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নেওয়া হচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু অভিযোজনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজও চলছে।

জলবায়ু অর্থায়নে পাঁচ প্রস্তাব
জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। এ পরিস্থিতিতে ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রথম প্রস্তাবে তিনি বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন খাতে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ বা ‘ডেট ফর ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।

পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এর ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

নারী-তরুণদের অংশগ্রহণের ওপর গুরুত্ব

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।

ভাষণের শুরুতে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলন প্রত্যাশা করে। সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে আশা করে বাংলাদেশ, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য।

তিনি বলেন, প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। বৈশ্বিক সংহতি জোরদার করে সবাইকে মিলে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের

বর্জ্যকে সম্পদ ও পরিচ্ছন্ন শক্তির উৎসে রূপান্তর করতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনায় একক কোনো দেশের প্রচেষ্টায় জিরো ওয়েস্ট বা বর্জ্যমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত অপ্রাতিষ্ঠানিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর অংশ হিসেবে রাষ্ট্র ও সরকার প্রধানদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠক ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এ দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈঠকটি আহ্বান করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

বক্তব্যের শুরুতে বৈঠক আয়োজনের জন্য এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান জুবাইদা রহমান। বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তাঁর নেতৃত্বকে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন তিনি।

জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সকে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের সরকারের লক্ষ্য এই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সরকারের ‘থ্রি-আর’ কৌশলে বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করা হচ্ছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০-তে ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

1st lady 1794410081

সরকারের অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট তৈরি, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পানির উন্নত শোধনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকার একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কথা উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, এই প্রকল্পে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণ করতে চায় সরকার। শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর এবং পরিবেশ সুরক্ষাই এ উদ্যোগের লক্ষ্য।

প্লাস্টিক দূষণ কমানোর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক বিকল্প হচ্ছে সোনালি আঁশ পাট। প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। এ প্রসঙ্গে সম্মেলনের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি দেশের লেক, খাল, পুকুর ও জলাশয় পরিচ্ছন্ন রাখার উদ্যোগের কথাও তুলে ধরেন।

মিথেন নির্গমন কমানোর বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরে জুবাইদা রহমান বলেন, গ্লোবাল মিথেন প্লেজের স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ মিথেন নিঃসরণ কমাতে কাজ করছে। এ জন্য জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করা হচ্ছে। জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, পরিবেশ সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণেরা শুধু ভবিষ্যতের নেতৃত্ব নয়, বর্তমানের পরিবেশগত সমস্যা সমাধানেরও গুরুত্বপূর্ণ অংশীদার।

বক্তব্যের শেষ পর্যায়ে জুবাইদা রহমান বলেন, বর্জ্যকে কোনো কাজে না লাগিয়ে নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং একে সম্পদ, শক্তির উৎস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগে পরিণত করতে হবে। বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করার আহ্বান জানান তিনি।

জুবাইদা রহমান বলেন, বৈশ্বিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং সম্মিলিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত।

লক্ষ্মীপুর প্রকৌশলীর টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বললেন ব্যাংকে জমা দিয়েছি

লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার দৃশ্য দেখা যাওয়ায় ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। তবে ওই টাকা ঘুষ হিসেবে নয়, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ব্যাংকে জমা দিতে নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ওই প্রকৌশলী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। এ সময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দর-কষাকষির পর ওই গ্রাহকের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পিডিবির সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় গ্রাহক ও সচেতন মহলে এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে ভিডিওটির প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় গ্রাহক ও সচেতন মহল। তাদের মতে, প্রকৌশলীর দাবি অনুযায়ী ব্যাংকে টাকা জমার বিষয়টি যাচাই এবং ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তবে অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম বলেন, ভিডিওটি প্রায় আট মাস আগের। চলতি বছরের ৭ এপ্রিল এক গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ নিয়ে তার কাছে আসেন। ওই গ্রাহক ব্যাংকে বিল জমা দেওয়ার জন্য তাকে ৩ হাজার টাকা দেন। পরে তার পাশের এক কর্মচারীর মাধ্যমে লক্ষ্মীপুরের রূপালী ব্যাংকে ওই টাকা জমা দেওয়া হয়। ব্যাংক জমার স্লিপও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

খাইরুল ইসলাম আরও বলেন, ‘গ্রাহক আমাকে বলেছিলেন, স্যার, এই টাকাটা আপনি ব্যাংকে জমা দেন। আমি আমার পাশের স্টাফের মাধ্যমে টাকাটি ব্যাংকে জমা দিয়েছি। জমার স্লিপ আমার কাছে রয়েছে। পরে ওই গ্রাহক অফিসে এসে আমার স্টাফের কাছ থেকে স্লিপটি নিয়ে যান।’

ভিডিও ধারণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, তাকে হয়রানি করার উদ্দেশ্যে কেউ ভিডিওটি ধারণ করে এত দিন নিজেদের কাছে রেখেছিল। সম্প্রতি তার কাছে অর্থ দাবি করা হলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ।

তিনি আরও বলেন, ‘এই টাকা লক্ষ্মীপুর রূপালী ব্যাংকে জমা হয়েছে। এর সমস্ত কাগজপত্র ও প্রমাণ আমার কাছে রয়েছে। এখানে কোনো অবৈধ আর্থিক লেনদেন বা দুর্নীতির ঘটনা ঘটেনি।’

জয়া-বিপাশা-মৌসুমীরা আড়ালে, আলোচনায় ফালতু বিষয়: ফারিয়ার আক্ষেপ

০

দেশের কয়েকজন অভিনেত্রীর অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর মতে, এসব অভিনেত্রী কাজের মাধ্যমেই নিজেদের পরিচিতি তৈরি করেছেন। অথচ তাঁদের কাজ নিয়ে তেমন আলোচনা হয় না। বরং অপ্রয়োজনীয় বিষয় নিয়েই বেশি মেতে থাকেন দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে এমন আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

পোস্টে পছন্দের অভিনেত্রীদের নাম উল্লেখ করে প্রথমেই কোর কথা বলেন ফারিয়া। তাঁর ভাষায়, ‘আসুন, বাংলাদেশের কয়েকজন অভিনেত্রীর নাম বলি; তাঁরা শুধু অভিনয়টাই করেন, এর বাইরে অপ্রয়োজনীয় বিনোদন দেন না। তাই তাঁদের প্রতি আপনাদের আগ্রহ সম্ভবত একটু কম। প্রথমেই আসবে জয়া আহসানের নাম; অসম্ভব সুন্দর দেখতে, অভিনয়ে এবং ব্যবহারে। অভিনয়ের বাইরে তাঁর পোষ্য আছে, গাছ আছে, বাগানবাড়ি আছে। আর যারা আমার মতো ব্যাগ-জুতা-ঘড়ি দেখেন, তাঁরা লক্ষ করলে দেখবেন, তাঁর ব্যাগ আর ঘড়ির কালেকশন, তাঁর জামদানির কালেকশনের চেয়ে সুন্দর।’

এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করেন ফারিয়া। ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজ দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘অভিনয় করার আগে আমি দুটো সিরিজ প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখেছি, একটার নাম “৬৯” আরেকটার নাম “স্পর্শের বাইরে”। সেই “স্পর্শের বাইরে”র প্রোটাগনিস্ট সানজিদা প্রীতি। অসাধারণ অভিনয় করতে পারেন তিনি, ক্যারিয়ারের শুরুতেই আমার “কলিংবেল” নামের একটা সিরিজে অনেকদিন তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। খুবই স্বল্পভাষী। তখনো প্রয়োজনের বাইরে তাঁকে কথা বলতে দেখিনি।’

নিজের সমসাময়িক অভিনেত্রী মৌসুমী হামিদের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেছেন ফারিয়া। তাঁকে নিয়ে লিখেছেন, ‘আমার জেনারেশনের একমাত্র অভিনেত্রী, যার অভিনয় দেখলে আমার মনে হয় ইশ! আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম! মৌসুমী হামিদ—অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী এবং ওর অভিনয় দক্ষতা বিধাতা প্রদত্ত। খুবই চঞ্চল আর হাসিখুশি একটা মানুষ।’

অভিনেত্রী নাজিয়া হক অর্ষার অভিনয় নিয়েও আলাদা করে লিখেছেন ফারিয়া। তাঁর মতে, অর্ষার চোখের অভিব্যক্তি অভিনয়ে বিশেষ মাত্রা যোগ করে। ফারিয়া লেখেন, ‘অভিনয় শুধু সংলাপ দিয়ে হয় না, অনেককিছু লাগে; অর্ষা আপুর চোখ কথা বলে। সুবর্ণা (সুবর্ণা মুস্তাফা) আপার পর এই পার্টিকুলার জিনিসটা শুধু ওনার মধ্যেই দেখেছি। কয়েক বছর আগে, শিহাব ভাই তাঁর একটা নাটক করতে বলেন। শিডিউল নিয়ে ঝামেলা ছিল, নির্দিষ্ট একটা ডেটের মধ্যে হওয়ায় করতে পারিনি। সেই নাটকটা অর্ষা আপু করেছিল। নাটকটা দেখে আমার মনে হয়েছিল, ভালো হয়েছে আমার ডেট নিয়ে সমস্যা হয়েছে। অর্ষা আপু যা করেছে ওই নাটকে, আমি হলে চরিত্রটার প্রতি জাস্টিস করতে পারতাম না।’

এ ছাড়া আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির নাম উল্লেখ করেছেন ফারিয়া। তাঁর মতে, এসব অভিনেত্রী ভালো অভিনয়ের পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব দিয়েও সুনাম অর্জন করেছেন।

পোস্টের শেষাংশে দেশের বিনোদন অঙ্গনে আলোচনার ধরন নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘শুধু “জামার দাম লাখ টাকা, দুবাইয়ে ওমুক-তমুক করে” ছাড়া আমাদের দেশে সত্যিকারের ভালো অভিনয় করে, সফিস্টিকেটেড, সুন্দর করে কথা বলে এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।’

এরপর প্রথম কমেন্ট বক্সে ফারিয়া লেখেন, ‘এখানে খানে আমি আমার পছন্দের অভিনেত্রীদের নাম লিখেছি, যাদের অভিনয় আমার ব‍্যাক্তিগত ভাবে পছন্দ এবং আমি মনে করি তারা আরো অনেক বেশি কাজ , এবং তাদের কাজ নিয়ে আরো অনেক বেশি আলোচনা ডিজার্ভ করে। এখানে সুবর্না আপা, বিপাশা আপা, শমী আপা কিংবা মেহজাবীন এর নাম নাই, কারন তারা আন্ডাররেটেড না। তারা তাদের কাজের যথাযথ মূল্যায়ন পান।’

লন্ডনে জহিরপুর সৈয়দ বাড়ির ইতিহাসবিষয়ক গ্রন্থের প্রকাশনা

সিলেটের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী রচিত ‘সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর উত্তরসূরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ শীর্ষক গ্রন্থে। লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রন্থটির প্রকাশনা উপলক্ষে আলোচকরা বলেছেন, এটি শুধু একটি পরিবারের ইতিহাস নয়, বরং সিলেটের প্রাচীন ইতিহাসেরও গুরুত্বপূর্ণ দলিল। তাঁদের মতে, তথ্যনির্ভর আঞ্চলিক ইতিহাসই জাতীয় ইতিহাস রচনার ভিত্তি।

গতকাল রোববার বিকেলে পূর্ব লন্ডনের বাংলা টাউনের ব্রিকলেন জামে মসজিদের কনফারেন্স হলে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর সিলেট বিজয়ের পর তাঁর অন্যতম সফরসঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.) তরফ রাজ্য বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রকাশিত গ্রন্থে তাঁর ও বংশধরদের ইতিহাসের পাশাপাশি সে সময়ের সামাজিক ও ঐতিহাসিক বাস্তবতাও তুলে ধরা হয়েছে।

তাঁরা আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর সঙ্গে আসা ৩৬০ আউলিয়ার মধ্যে আটজন জগন্নাথপুরে বসতি স্থাপন করেন। এ কারণে জগন্নাথপুর পরিচিতি পেয়েছে আট আউলিয়ার জনপদ হিসেবে। এ অঞ্চলের বহু পীর, দরবেশ ও সুফি-সাধকের মধ্যে জহিরপুর সৈয়দ বাড়ির আদি পুরুষ সৈয়দ শাহ অলি উল্লাহ (রহ.) অন্যতম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ অলি উল্লাহ (রহ.)-এর বংশধর সৈয়দ মোর্তজা আলী। টিভি উপস্থাপক হেনা বেগম ও ড. আনসার আহমদ উল্লাহ যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ জোনাব রব্বানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মিলিত সাহিত্য পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল। স্বাগত বক্তব্য দেন গ্রন্থের লেখক সাংবাদিক মতিয়ার চৌধুরী।

গ্রন্থের ওপর আলোচনায় অংশ নেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক ফারুক আহমদ, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডনের সভাপতি ও গবেষক মোহাম্মদ হরমুজ আলী, সাংবাদিক ও টিভি উপস্থাপক উর্মি মাজহার, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেসক্লাব লন্ডনের সভাপতি সাকির হোসেন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ইমদাদুন খান এবং রাজনীতিবিদ গয়াছুর রহমান গয়াছ।

জহিরপুর সৈয়দ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন সৈয়দ জোনাব রব্বানী, সৈয়দ সাজ্জাদ আলী ও সৈয়দ গোলাব আলী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শাহ লাভলী রহমান, মঈন উদ্দিন চৌধুরী (পাপ্পু), কবি ফয়েজুর রহমান ফয়েজ, কবি শামসুদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক কবি আসমা মতিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সাংবাদিক এ রহমান অলি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি প্রবীণ সাংবাদিক রহমত আলী, কমিউনিটি ব্যক্তিত্ব আমির হোসেন, আঙ্গুর আলী ও ফারুক মিয়াসহ অনেকে।

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া গান্ধী

রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর অন্তঃকোন্দলে থাকা কংগ্রেসের হাল ধরেন সোনিয়া গান্ধী। এরপর ২০০৪ সালের নির্বাচনে অপ্রত্যাশিত জয় পায় কংগ্রেস। সোনিয়ার প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে আলোচনা শুরু হয়। কিন্তু তিনি এতে রাজি হননি। বেছে নেন মনমোহন সিংকে।

এক দশক আগে ভারতের অর্থনীতি সংস্কারে মনমোহন সিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু কংগ্রেসে সোনিয়ার প্রভাবশালী ভূমিকার কারণে একপর্যায়ে সিংয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়। দুর্নীতির অভিযোগে সরকারও চাপে পড়ে। জনঅসন্তোষের সুযোগ নিয়ে ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, জীবনের নানা বাঁকের সেই গল্পগুলো স্মৃতিকথায় তুলে ধরেছেন সোনিয়া। নাম- ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। মঙ্গলবার বইটি প্রকাশ হয়েছে। এতে ইতালির ছোট্ট একটি গ্রাম থেকে সোনিয়ার ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর নানা ঘটনা উঠে এসেছে।

১৯৬৮ সালে রাজীবকে বিয়ের দিল্লির গান্ধী পরিবারের সদস্য হন সোনিয়া। শাশুড়ি ইন্দিরা গান্ধীর মাধ্যমে ভারতের রাজনীতিকে খুব কাছে থেকে দেখার সুযোগ পান। দ্য হিন্দু পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনিয়া বলেন, ‘এটি রাজীবের পরিবার ও ভারতের প্রতি আমার ভালোবাসা গড়ে ওঠার গল্প। একসময় আমিও সেই পরিবারের সদস্য ও দেশের একজন হয়ে উঠি।’

১৯৮৪ সালে দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী। এরপর রাজীব গান্ধীর রাজনীতিতে প্রবেশের পথ তৈরি হয়। সোনিয়ার ভাষায়, স্বামীকে রাজনীতিতে আসা থেকে বিরত রাখতে তিনি ‘বাঘিনীর মতো লড়াই’ করেছিলেন। তিনি বলেন, ‘আমার স্বামীকে যখন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন আমিই সেটির বিরোধিতা করেছিলাম।’

স্বামীর নিরাপত্তা নিয়ে সোনিয়ার আশঙ্কাই সত্যি হয়েছিল। ১৯৯১ সালে এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় রাজীব নিহত হন। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের সামরিক হস্তক্ষেপের সঙ্গে ওই হামলার যোগসূত্র ছিল।

এরপর জনজীবন থেকে নিজেকে সরিয়ে নেন সোনিয়া। দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে সময় দিতে থাকেন। অন্যদিকে অভ্যন্তরীণ কোন্দলে দুর্বল হতে থাকে কংগ্রেস। সে সময় তাঁকে দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন দলীয় নেতারা। সোনিয়া তাতে রাজি হন। পরে এক জনসভায় ভাঙা ভাঙা হিন্দিতে বলেন, তাঁর হৃদয় ‘এ দেশের মাটিতেই সমাহিত’।

ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি প্রায় এক যুগ ধরে ক্ষমতায়। অন্যদিকে রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে কংগ্রেস। সম্প্রতি তরুণদের আন্দোলনের মাধ্যমে সে চেষ্টায় গতি এসেছে। দ্য হিন্দুকে সোনিয়া বলেন, ‘গত ১২ বছরে দেশের সামাজিক কাঠামো, গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষ এখন অস্থির। তারা ক্ষতিগুলো বুঝতে শুরু করেছে।’

জনমতকে নিজেদের পক্ষে আনার ব্যাপারে সোনিয়া এখনো আশাবাদী। তিনি বলেন, ‘আমি জানি, ভারতের মানুষ সুশাসনের প্রত্যাবর্তনকে স্বাগত জানাবে।’

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে নতুন পার্লামেন্টের যাত্রা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। তবে নির্বাচনের দুই সপ্তাহ পরও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট– কেউই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। ফলে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। এ অবস্থায় তাঁর হাতে রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকছে।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। গত রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব দিয়েছেন। এ জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

ইসরায়েলের আইন অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত বিদায়ী সরকার দায়িত্ব পালন করতে পারে। ফলে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ, নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা ধরে রাখছেন।

তবে নতুন যুদ্ধ শুরুর জন্য মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। এককভাবে যুদ্ধ শুরুর ক্ষমতা তাঁর নেই। বিশ্লেষকদের আশঙ্কা, ইরান ও লেবাননকে ঘিরে বিদ্যমান উত্তেজনা কাজে লাগিয়ে তিনি সামরিক পদক্ষেপ নিতে পারেন। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে।

পার্লামেন্টে ৪৬ নতুন মুখ

দখলদার ইসরায়েলের ২৬তম পার্লামেন্টে (নেসেট) শপথ নিতে যাচ্ছেন ১২০ জন সদস্য। তাদের মধ্যে ৪৬ জনই নতুন মুখ। গতকাল ফিলিস্তিনের জেরুজালেমে পার্লামেন্টের শপথ অনুষ্ঠান হয়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। থাকছেন ৩৩ জন নারী সদস্য। নতুন সদস্যদের মধ্যে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ২১টি আসনের ১৫টিতেই নতুন মুখ আসছেন।

আইজেনকটের বিরোধী জোটের আসন ৪৮। আরব-ইসরায়েলি আইনপ্রণেতাদের ১৯টি আসনের সমর্থন পেলে সংখ্যাগরিষ্ঠতা সম্ভব। তবে বিরোধী নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধিতা করছেন। অন্যদিকে ১৩ আসনের কট্টর ইহুদি দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু নতুন আইন পাস করে নিজের চলমান দুর্নীতির বিচার থেকে সুরক্ষা নিতে পারবেন না। তবে তাঁর নেওয়া কিছু আর্থিক সিদ্ধান্ত পরবর্তী সরকারের ওপর ঋণের বোঝা বাড়াতে পারে। বিরোধীদের মধ্যে বিভক্তি তৈরিরও চেষ্টা করছেন তিনি। এদিকে নতুন পার্লামেন্টে নিরাপত্তা ব্যর্থতা তদন্তে কমিশন গঠনের উদ্যোগ নিতে চায় বিরোধীরা।