Home Blog

‘মাদকের বিরুদ্ধে সংবাদ’ করায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জনসমাগমপূর্ণ এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে বাঁচার আকুতি জানান। এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. বেলাল উদ্দিন। তাঁর বাড়ি ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া এলাকায়। তিনি ‘ফটিকছড়ি সংলাপ’ নামে একটি ফেসবুক পেজের অ্যাডমিন। আটক আলমের বাড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় ফেসবুক পেজে লাইভে আসেন বেলাল উদ্দিন। কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানান। তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে খবর প্রকাশ করায় উত্তর রাঙ্গামাটিয়া এলাকার আলম তাঁকে ছুরিকাঘাত করেছেন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বেলাল উদ্দিন মোবাইলে সমকালকে বলেন, মাসখানেক আগে মোহাম্মদ আলমকে ইয়াবা ও মদসহ আটক করেন স্থানীয়রা। ঘটনার একটি ভিডিও তিনি তাঁর ফেসবুক পেজে প্রচার করেন। ওই ঘটনায় তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন আলম। গতকাল দুপুরে তাঁকে বিবিরহাটের মাংস বাজারে একা পেয়ে ছুরি তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বেলাল। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আলম কসাইয়ের কাজ করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, আহত বেলাল উদ্দিনকে হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বেলাল উদ্দিনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে।

হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

০

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে লিওনেল স্কালোনির দল।

গত মাসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোলের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৩৯ বছর বয়সী মেসি। তাকে ছাড়া খেলতে নেমে প্রথমার্ধে উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় স্বাগতিকদের।

বিরতির পরপরই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। জিওর্জিয়ান ডি আরাসকায়েতার ফ্রি-কিক লিসান্দ্রো মার্টিনেজ হেডে ক্লিয়ার করতে গেলে বল সতীর্থ লিয়ান্দ্রো বালের্দির গায়ে লেগে জালে জড়ায়। ৫৩ মিনিটে ডি আরাসকায়েতার কর্নার থেকে আরাউহোর কাঁধে লেগে বল জালে প্রবেশ করলে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে।

ম্যাচের ৭৩ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। যোগ করা সময়েও সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিলেন এই ফরোয়ার্ড। তবে উরুগুয়ের রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত আর গোল পায়নি আলবিসেলেস্তেরা। ফলে মেসি-পরবর্তী যুগের শুরুতেই ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো বিশ্বচ্যাম্পিয়নদের। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তির পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির শুরুও হলো হার দিয়ে। টানা ৩০টি প্রীতি ম্যাচে অপরাজিত থাকার পর এটা আর্জেন্টিনার প্রথম হারও। প্রীতি ম্যাচে তাদের সর্বশেষ হার ২০১৯ সালের ২২ মার্চ।

আর্জেন্টিনা ও উরুগুয়ে দুই দলই পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর কিংবদন্তি ডিয়েগো ফোরলানকে কোচ বানায় উরুগুয়ে। তার অধীন উরুগুয়ের এটি তৃতীয় জয়। আর্জেন্টিনার কোচ হিসেবে ১০৮ ম্যাচে এটা স্কালোনির ১১তম হার।

চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা

চীনে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, ট্রাম্প আগামী সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এপেক সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে তিন দেশের নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ওয়েলস বলেন, ট্রাম্প পারমাণবিক অস্ত্রের বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক মনে করেন। তাই বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে।

ধারণা করা হচ্ছে, বৈঠকে ইরান প্রসঙ্গও উঠে আসতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। এদিকে মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এপি ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের পর কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই।

২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে দুই দিনব্যাপী এপেক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাদের চতুর্থ বৈঠক।

ওয়েলস জানান, ট্রাম্পের চীন সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া। গত ফেব্রুয়ারিতে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলো কার্যত বড় ধরনের কোনো নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে চলে গেছে। এর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের পর থেকে গড়ে ওঠা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতায় বড় ধরনের ছেদ পড়েছে।

এ পরিস্থিতিতে জাতিসংঘ দুই দেশকে দ্রুত নতুন একটি কাঠামোর বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। ট্রাম্প বলেছেন, আগের চুক্তির পরিবর্তে চীনকে অন্তর্ভুক্ত করে আরও কার্যকর একটি চুক্তি করা সম্ভব। কারণ, চীনও তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।

তবে যুক্তরাষ্ট্রের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্লেষকেরা বিবিসিকে জানিয়েছিলেন, এ ধরনের চুক্তিতে বেইজিং ও মস্কোর সহযোগিতা পাওয়া কঠিন হতে পারে। এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে কয়েক বছরও লেগে যেতে পারে।

এর আগে চলতি বছরের শুরুতে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন শি জিনপিং। অন্যদিকে সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান ট্রাম্প।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, এপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে তিন দেশের নেতাদের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক সম্পর্কে সেখানে কিছু বলা হয়নি।

এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ ধরনের বৈঠকের প্রস্তুতির ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছিলেন।

রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর

০

বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার আরও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম ডাকা হয়। এর আগে সম্প্রতি বিক্রি করা হয়েছে আরও ২২ কোটি ২০ লাখ ডলার। এরপরও ধারাবাহিকভাবে দর বেড়ে গতকাল আন্তঃব্যাংকে গড়ে ১২৪ টাকা ৭৫ পয়সা পর্যন্ত উঠেছে। আগের দিন যা ১২৪ টাকা ৬৫ পয়সা ছিল। গত অক্টোবর শেষে ছিল ১২৩ টাকা ৯৯ পয়সা।

ব্যাংকাররা বলছেন, জ্বালানির চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে বাড়তি দরে কিনতে হচ্ছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ডলারের চাহিদা অনেক বেড়ে গেছে। আবার ভোগ্যপণ্যসহ অন্য অনেক ক্ষেত্রে আমদানি ব্যয় বেড়েছে। সব মিলিয়ে ডলারের ওপর বাড়তি চাপের কারণে নিয়মিতভাবে দর বাড়ছে।

জানা গেছে, গতকাল ব্যাংকগুলো বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ১২৫ টাকা থেকে ১২৫ টাকা ১০ পয়সা পর্যন্ত দরে রেমিট্যান্স কিনেছে। আমদানিতে দর নিয়েছে ১২৫ টাকার বেশি। খোলাবাজারে নগদ ডলারের দর বেড়ে ১২৮ টাকা ২০ পয়সা পর্যন্ত বিক্রি হয়েছে। মূলত জোগানের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের দর এভাবে বাড়ছে। চলতি মাসের ১১ দিনে আন্তঃব্যাংকে প্রতি ডলারে গড়ে ৭৬ পয়সা বেড়ে গতকাল ১২৪ টাকা ৭৫ পয়সায় উঠেছে। এর আগে গত অক্টোবরের শুরুতে আন্তঃব্যাংকে ডলারের দর ছিল ১২৩ টাকা। সেখান থেকে বাড়তে বাড়তে অক্টোবরের শেষ কর্মদিবসে ১২৩ টাকা ৯৯ পয়সা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেড় বছর ধরে ডলারের দর ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে স্থিতিশীল ছিল।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে বিভিন্ন পণ্য আমদানিতে ২ হাজার ৯৭৮ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৫ শতাংশ বেশি। এ সময়ে এলসি নিষ্পত্তি ১১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ৪৮৬ কোটি ডলারে উঠেছে। প্রথম চার মাসে যেখানে রপ্তানি আয় হয়েছে এক হাজার ৭০৪ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৯৬ কোটি ডলার বা ৫ দশমিক ৯৭ শতাংশ বেশি। প্রথম চার মাসে প্রবাসী আয় প্রায় ১৩ শতাংশ বেড়ে এক হাজার ১৪৬ কোটি ডলার দেশে এসেছে।

প্রাণনাশের হুমকির পর বাড়িতে আগুন, অভিযোগ নুসরাতের

০

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন দুর্ঘটনা থেকে নাকি নাশকতা, এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সংসদে দুই দফা বিতর্ক হয়েছে; যা এক পর্যায়ে হট্টগোলে রূপ নেয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে বিরোধী দলের অভিযোগ পেট্রোল বোমা হামলা হয়েছে ওই বাড়িতে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তা নাকচ করে বলেন, পেট্রোল বোমার আলামত মেলেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। জবাবে বিরোধী দল বলে, সরকারি দল দায়মুক্তি দিচ্ছে আওয়ামী লীগকে।

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংসদে তাঁর বক্তব্যে দাবি করছিলেন, চারটি পেট্রোল বোমা মেরে (ওই বাড়িতে) আগুন লাগানো হয়েছে।
নাহিদের বক্তব্যের প্রেক্ষাপটে প্রাথমিক তদন্তের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে। এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে সংসদ সদস্য বা তাঁর বাবা-মা বসবাস করতেন না। নুসরাতের বাবা-মা সেখান থেকে ২০ মিটার দূরের একটি তিনতলা বাড়িতে থাকেন। তিনি বলেন, এই বাড়িতে দুটি ছাগল থাকত। এ কথা বলার পরই এনসিপির সংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখানে যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, যদি ফ্যাসিবাদীর দোসররা কোনোভাবে এখানে জড়িত হয়ে থাকে, তাও খুঁজে বের করা হবে।

নুসরাতের ক্ষোভ প্রকাশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এমপি নুসরাত তাবাসসুম। গতকাল সন্ধ্যার আগে নিজের ফেসবুক পেজে এক পোস্টে প্রশ্ন তোলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’

নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘বাচ্চাসহ ৬-৭ জন মানুষ, একাধিক গবাদি পশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্রমন্ত্রী!! পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!! আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারো বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েক গুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’

সংবাদ সম্মেলনে ​আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

এর আগে এমপি নুসরাত অভিযোগ করেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নুসরাতের বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এই হামলাকে পরিকল্পিত নাশকতা দাবি করে এমপি নুসরাত বলেন, ‘সন্ত্রাসী আওয়ামী লীগের লোকজন সামাজিক মাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে উল্লাস করছে। এভাবে আগুন দিয়ে ও ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ এমন অসংখ্য ঘটনা দেখেছে, যার ফলেই আগস্টের মতো গণঅভ্যুত্থান ঘটেছে। যারা আমাদের দমিয়ে রাখার চেষ্টা করছে, তাদের মুখে চুনকালি পড়েছে।’

​হামলার প্রেক্ষাপট তুলে ধরে নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাত ৯টার দিকে এবং এর আগে-পরে তাঁকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করা হয়েছিল। এসব হুমকির ঘটনায় গত মঙ্গলবার রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি এই ঘটনার মাত্র তিন ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সতর্কবার্তা ও উল্লাস প্রকাশ করেছিল। এরপরই আমার বাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়া হলো।’

​থানায় মামলা 

এ ঘটনায় এমপি নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। এতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি এবং সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ আটজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

রাজধানীতে এনসিপির মশাল মিছিল

এনসিপি গতকাল সন্ধ্যায় রাজধানীতে মশাল মিছিল করেছে। বাংলামটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত এ মিছিল করা হয়। এর আগে বাংলামটরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন এনসিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকারের দুর্বলতায় আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের সুযোগ পেয়েছে। সরকার যদি কঠোর পদক্ষেপ নিত, আওয়ামী লীগের দল হিসেবে বিচার করত, তাহলে অগ্নিসন্ত্রাস, খুন ও মানুষ পোড়ানোর রাজনীতি করার সুযোগ পেত না।

প্রত্যপর্ণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আসতে হবে: রিজভী

০

প্রত্যপর্ণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ দুটি ভিন্ন বিষয়। প্রত্যাবর্তন হচ্ছে কারও দেশের বাইরে থেকে নিজ দেশে ফিরে আসা। আর প্রত্যর্পণ হচ্ছে অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি হতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ, আহমদ, ফাইয়াজসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। চট্টগ্রামে ১০ জনকে হত্যা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় এক হাজার ৪০০ জনের মৃত্যুর প্রসঙ্গেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে, অনেক মামলায় সাজা হয়েছে। তাকে সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার পরিবর্তে বিচারের আওতায় আনতে হবে। যে বিচারিক প্রক্রিয়া চলছে, তার মুখোমুখি হতে হবে এবং যে দণ্ড দেওয়া হয়েছে, তা ভোগ করতে হবে।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্রের আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুলিশি ব্যারিকেড অতিক্রম করে তারা মিছিল করেছেন, গ্রেপ্তারের ঝুঁকি নিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তনের দাবিতে তারা রাজপথে আন্দোলন করেছেন। তাদের এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। শুধু কারও স্ত্রী, বোন বা ভাবি হিসেবে নয়, নিজস্ব রাজনৈতিক সংগ্রাম ও অবদানের জন্য তাদের স্বীকৃতি দিতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি সাত জেলার প্রশাসন ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করেছে। গোপনে নানা কৌশলে বাল্যবিবাহ হচ্ছে। এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক আন্দোলনের পর এখন মেয়েদের শিক্ষিত করা, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি, কর্মসংস্থান এবং পরিবার ও সমাজে তাদের ভূমিকা বাড়াতে কাজ করতে হবে।

জ্বালানি পরিস্থিতি কমিশন বাড়িয়েও নির্ধারিত দামে মিলছে না এলপিজি

দেশে বছরে এলপিজির চাহিদা ১৮ লাখ টনের বেশি। এক কোটিরও বেশি গ্রাহকের রান্নার এই জ্বালানির বাজারের প্রায় পুরোটাই বেসরকারি খাতের হাতে, যার বড় অংশ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। ২০২৫-২৬ অর্থবছরে সাতটি প্রতিষ্ঠান মোট আমদানির ৮৬ শতাংশ করেছে। এর মধ্যে পাঁচ প্রতিষ্ঠানের অংশ প্রায় ৭১ শতাংশ। আমদানিতে এমন আধিপত্য ও সরবরাহে ‘সিন্ডিকেটের’ কারণে সরকার নির্ধারিত দামে এলপিজি পাচ্ছেন না গ্রাহক। এতে সংকট হয়েছে আরও তীব্র।

যদিও চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ৯ মাসে সরকার নির্ধারিত দাম বেড়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া চলতি মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) উৎপাদন, সরবরাহসহ সব পর্যায়ে কমিশন বাড়িয়েছে। এরপরও ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে ৫০০ টাকা পর্যন্ত বেশি দিয়ে।

চলতি মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। কিন্তু খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৬০০ টাকায়।
পরিবেশকদের অভিযোগ, কোনো কোনো কোম্পানি কারখানা থেকেই নির্ধারিত দরের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছে। কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও রয়েছে। আমদানিকারকদের দাবি, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, জাহাজ ভাড়া, বীমা ও আমদানি ব্যয় বেড়েছে।

এলপিজির বেশি দাম নিয়ে সংসদে জরুরি আলোচনার জন্য গত সোমবার নোটিশ দেন বিরোধী দলের পাঁচ সংসদ সদস্য। তাদের অভিযোগ, ভোক্তা ও সংশ্লিষ্ট পক্ষের মত না নিয়েই দাম পুনর্নির্ধারণ করা হচ্ছে। মূল্য নির্ধারণের প্রক্রিয়া প্রকাশ্যে আনা এবং বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম সমকালকে বলেন, এলপিজি খাত পুরোপুরি বেসরকারি খাতের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। বিইআরসিও গ্রাহক স্বার্থ দেখছে না। ব্যবসায়ীদের চাপে বারবার দাম বাড়াচ্ছে। বাজার তদারকিতেও তাদের জোরালো ভূমিকা নেই। ফলে দিন দিন জনগণের নাগালের বাইরে যাচ্ছে সিলিন্ডার গ্যাস।

যমুনা এলপিজির ব্যবস্থাপনা সম্পাদক বেলায়েত হোসেন জানান, বিশ্বজুড়ে কাঁচামালের সংকট চলছে। আর যতটুকু আমদানি করা হচ্ছে, তার পুরোটাই সরবরাহ করা হচ্ছে। এটা মজুতের কোনো সুযোগ নেই। জাহাজ আটকে রাখলে বাড়তি জরিমানা গুনতে হয়।

দাম বেড়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ
গত মার্চে ১২ কেজির সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ছিল এক হাজার ৩৪১ টাকা। নভেম্বরে তা বেড়ে হয়েছে দুই হাজার ৬০ টাকা। শুধু নভেম্বরেই দাম বেড়েছে ২২৩ টাকা, ৫৩ দশমিক ৬ শতাংশ। যদিও কখনোই সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার গ্যাস মেলে না। সব সময় ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিয়ে ১২ কেজির সিলিন্ডার কিনতে হয় গ্রাহককে।
বড় সিলিন্ডারে বাড়তি খরচের পরিমাণ আরও বেশি। তবে পাঁচ-ছয় মাস ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০-৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে বাধ্য হচ্ছেন ব্যবহারকারীরা।

সরবরাহ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার জন্য কোম্পানিগুলোর মূল্যনীতি ও সরবরাহ ব্যবস্থাকে দায়ী করছেন পরিবেশকরা। পরিবেশক সমিতির এক নেতা অভিযোগ করেন, কোনো কোনো কোম্পানি কারখানা থেকে ১২ কেজির সিলিন্ডার দুই হাজার ৩০০ টাকায় বিক্রি করছে। অথচ চালান বা মেমোতে দাম দেখাচ্ছে এক হাজার ৯০৫ টাকা। ফলে পরিবেশকদের বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে গত ২১ সেপ্টেম্বর বিইআরসির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছে পরিবেশকদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। অভিযোগে সংগঠনটি জানায়, অপারেটর কোম্পানিগুলো কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডিলারদের কাছে এলপিজি বিক্রি করছে। অথচ প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও হয়রানির শিকার হচ্ছেন কেবল প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরা।
তবে আমদানিকারকরা গ্রাহক পর্যায়ে অতিরিক্ত দামের জন্য পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সিন্ডিকেটকে দায়ী করেছেন। এলপিজি অপারেটরদের সংগঠন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) জানিয়েছে, অপারেটররা বিইআরসি নির্ধারিত দামেই গ্যাস সরবরাহ করছে। পরিবেশক ও খুচরা বিক্রেতারা বেশি দাম নিচ্ছেন।

0Samakal@AH 1794626028

জ্বালানি বিভাগের এক কর্মকর্তার মতে, কয়েকটি বড় প্রতিষ্ঠান আমদানি করে অন্য অপারেটরদের কাছে এলপিজি বিক্রি করছে। ওই অপারেটররা আবার লাভ রেখে বাজারজাত করছে। ফলে আমদানি থেকে গ্রাহক পর্যন্ত একাধিক পর্যায়ে মুনাফা যুক্ত হচ্ছে। এতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, কিছু খুচরা বিক্রেতা আমদানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি সিলিন্ডার না কিনে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে কিনছেন। এতে দাম বাড়ছে। কমিশনের কাছে এ ধরনের তথ্য রয়েছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।

গত ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তদন্তের নির্দেশ দেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তথ্য-প্রমাণসহ প্রতিবেদন দিতে বলেন তিনি। এ বিষয়ে এখনও পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে পারেনি জ্বালানি বিভাগ।

এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাম্প্রতিক এক প্রতিবেদনে পাঁচটি শীর্ষ কোম্পানির বিরুদ্ধে সরবরাহ সীমিত রাখার অভিযোগ তোলা হয়। এসব অভিযোগ তদন্তের সুপারিশও করা হয়।
এসব পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে এলপিজি বাজারে আমদানি ও বিক্রির হিসাব খতিয়ে দেখতে তৎপর হয় বিইআরসি। কৃত্রিম সংকট তৈরি ও সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি টাকায় বিক্রির অভিযোগ তদন্তে ৩ অক্টোবর ১২টি আমদানিকারক কোম্পানির কাছে সেপ্টেম্বর মাসের আমদানি ও প্রকৃত বিক্রির হিসাব চেয়ে চিঠি দেয় কমিশন।

বিইআরসি সূত্র জানায়, ৪ অক্টোবরের মধ্যে ১১টি কোম্পানি জবাব দিলেও এনবিআরের আমদানির হিসাবের সঙ্গে তাদের বিক্রির তথ্যে বড় ধরনের গরমিল পাওয়া যায়। কয়েকটি কোম্পানি আমদানির তুলনায় বাজারে বিক্রির পরিমাণ অনেক কম দেখিয়েছে। এ ঘটনায় আমদানি করা গ্যাস বাজারে না ছেড়ে মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ওঠে। পরে হিসাবের গরমিলের ব্যাখ্যা চেয়ে চারটি কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিইআরসি।

কমিশনের এই নজরদারির পর সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দাম নেওয়া কয়েকটি কোম্পানি এলপিজির দাম কমাতে বাধ্য হয় বলে সূত্র জানায়।
এদিকে বাজারে সরবরাহ বাড়াতে অপারেটরদের আমদানি বাড়ানোর নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ। গত ৯ নভেম্বর মন্ত্রণালয়ে ২৪টি অপারেটরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ফেব্রুয়ারির আগেই প্রতি মাসে অন্তত দুই থেকে আড়াই লাখ টন এলপিজি আমদানির প্রস্তুতি নিতে বলা হয়।

আমদানি-সরবরাহে কয়েক প্রতিষ্ঠানের আধিপত্য
দেশে ৩৫টি প্রতিষ্ঠানের এলপিজি ব্যবসার লাইসেন্স রয়েছে। এর মধ্যে ২৩টির আমদানির অনুমতি ও অবকাঠামো রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে আমদানি করে ১৬টি প্রতিষ্ঠান। বিইআরসির তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে মোট আমদানি হয়েছে ১৭ লাখ ৪৩ হাজার ৬৯৫ টন। এর মধ্যে পাঁচ প্রতিষ্ঠান ইউনাইটেড আইগ্যাস, মেঘনা ফ্রেশ এলপিজি, ওমেরা পেট্রোলিয়াম, বিএম এনার্জি ও যমুনা স্পেসটেক আমদানি করেছে প্রায় ১২ লাখ ৩১ হাজার টন। অর্থাৎ মোট আমদানিতে তাদের অংশ প্রায় ৭১ শতাংশ। বিইআরসির আরেক হিসাব বলছে, সাত প্রতিষ্ঠানের হাতে রয়েছে মোট আমদানির ৮৬ শতাংশ। অর্থাৎ আমদানির বড় অংশই অল্প কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে।

দেশে মাসিক চাহিদা গড়ে দেড় লাখ টনের বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, আগস্টে দেশে এলপিজি আমদানি হয়েছিল এক লাখ ৫৭ হাজার ৭৬০ টন এবং সেপ্টেম্বরে এক লাখ ৫৬ হাজার টন।

প্রতিবেশীদের চেয়ে দাম বেশি
নভেম্বরে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ১৭১ টাকা ৬৮ পয়সা। প্রকাশিত তুলনামূলক হিসাবে ভারতে প্রতি কেজি প্রায় ৮৭ টাকা, পাকিস্তানে প্রায় ১৩২ টাকা, শ্রীলঙ্কায় ১৩০ টাকা এবং নেপালে ১১৯ টাকা। অর্থাৎ এসব দেশের প্রকাশিত দরের তুলনায় বাংলাদেশে এলপিজির দাম ৩০ থেকে ৪৫ শতাংশ বেশি। তবে দেশভেদে কর, ভর্তুকি, আমদানির পরিমাণ ও দীর্ঘমেয়াদি চুক্তির পার্থক্য রয়েছে।
ভারতে দাম কম হওয়ার বিষয়ে লোয়াব জানিয়েছে, ভারতের নিজস্ব শোধনাগারে এলপিজির চাহিদার প্রায় ৫০ শতাংশ উৎপাদিত হয়। দেশটির বাজার বাংলাদেশের তুলনায় প্রায় ২০ গুণ বড় এবং তারা বড় পরিমাণে আমদানির কারণে পাইকারি সুবিধা পায়। ভারত সরকার ২০২৫-২৬ অর্থবছরে এলপিজি খাতে প্রায় ৩০ হাজার কোটি রুপি ভর্তুকি দিচ্ছে। বাংলাদেশে এ খাতে কোনো সরকারি ভর্তুকি নেই। এ ছাড়া ভারতে বড় জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে পারলেও বাংলাদেশের গভীর সমুদ্রে ছোট জাহাজে এলপিজি খালাস করতে হয়। এতে প্রায় ২৫ দিন সময় লাগে। সংগঠনটির দাবি, বড় জাহাজের দৈনিক পরিচালন ব্যয় প্রায় দুই লাখ ডলার হওয়ায় এ প্রক্রিয়ায় আমদানি ব্যয় অনেক বেড়ে যায়।

বিইআরসির চেয়ারম্যানের মতে, ভারতসহ বড় আমদানিকারক দেশগুলো বেশি পরিমাণে পণ্য কেনে এবং দীর্ঘমেয়াদি চুক্তির সুবিধা পায়। কোনো কোনো দেশে গৃহস্থালি এলপিজিতে ভর্তুকিও রয়েছে। এসব সুবিধার কারণে দেশগুলোর দামে পার্থক্য তৈরি হয়।

বেড়েছে আমদানি ব্যয়
এলপিজি আমদানির উৎস বদলে যাওয়ায় পরিবহন খরচ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিইআরসির তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে দেশে আমদানি করা এলপিজির ২৭ দশমিক ৪ শতাংশ এসেছিল যুক্তরাষ্ট্র থেকে। চলতি বছরের সেপ্টেম্বরে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫ শতাংশে। একই সময়ে ওমান, ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি বন্ধ ছিল।
ব্যবসায়ীদের দাবি, মধ্যপ্রাচ্য থেকে জাহাজে এলপিজি আনতে যেখানে সাধারণত দুই সপ্তাহ লাগে, সেখানে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল থেকে পণ্য আনতে সময় লাগে ৪০ থেকে ৪৫ দিন। দীর্ঘ এই সমুদ্রপথের কারণে জাহাজ ভাড়া ও বীমা খরচ বাড়ছে। পাশাপাশি পণ্য পৌঁছাতে বেশি সময় লাগায় অর্থায়ন ব্যয়ও বাড়ছে।

লোয়াবের দাবি, যুক্তরাষ্ট্র থেকে এলপিজি পরিবহনে আগে টনপ্রতি জাহাজ ভাড়া ছিল প্রায় ৮২ ডলার। এখন জাহাজ মালিকরা ২৫০ ডলার পর্যন্ত ভাড়া চাইছেন। এ ছাড়া সৌদি আরামকোর ঘোষিত চুক্তিমূল্যের চেয়ে টনপ্রতি ৩০০ থেকে ৩৫০ ডলার বেশি প্রিমিয়াম দিয়ে এলপিজি কিনতে হচ্ছে। জাহাজের সংকট ও ব্যাংকিং জটিলতার কারণে নতুন উৎস থেকে দীর্ঘমেয়াদি আমদানি চুক্তি করাও কঠিন হয়ে পড়েছে।
আমদানি ব্যয়ের ওপর আন্তর্জাতিক বাজারের উচ্চমূল্যেরও প্রভাব রয়েছে। বিইআরসি প্রতি মাসে সৌদি আরামকোর ঘোষিত চুক্তিমূল্য (সিপি) এবং প্রোপেন-বিউটেনের নির্ধারিত অনুপাত ধরে এলপিজির দাম নির্ধারণ করে। নভেম্বরে সৌদি আরামকো প্রোপেনের দাম টনপ্রতি ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার নির্ধারণ করেছে। গত বছরের একই মাসের তুলনায় এ দুই পণ্যের দাম যথাক্রমে ৫১ দশমিক ৬ ও ৬৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

বিপিসির উদ্যোগেও এলপিজি আসেনি
বেসরকারি খাতের ওপর নির্ভরতা কমাতে চলতি বছরের জানুয়ারিতে সরাসরি এলপিজি আমদানির উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত পাঁচ দফায় দরপত্র আহ্বান করেও সংস্থাটি গ্রহণযোগ্য সরবরাহকারী পায়নি।

পরে সরাসরি ক্রয় পদ্ধতিতে স্পিড মার্কেটিং করপোরেশন থেকে পাঁচ হাজার টন এলপিজি অনুমোদন করে মন্ত্রিসভা কমিটি। প্রতিষ্ঠানটি দুই কোটি টাকা পারফরম্যান্স গ্যারান্টিও জমা দেয়। তবে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি এক কেজি এলপিজি সরবরাহ করেনি।
এদিকে বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত প্লান্ট কেনা বা চুক্তির মাধ্যমে পরিচালনার বিষয়টিও বিবেচনা করছে বিপিসি।

সরকারের প্রতিক্রিয়া
এলপিজির বর্তমান পরিস্থিতি নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দুদিন ধরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
তবে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে হাসান মাহমুদ বলেন, সরকার এলপিজি আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বিইআরসির মাধ্যমে দাম নির্ধারিত হয়। এখানে সরকারের সরাসরি ভূমিকা নেই।

এলপিজি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় বিক্রির বিষয়টি স্বীকার করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও। গত মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, কোথাও কোথাও ১২ কেজির সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সরবরাহ ব্যবস্থায় কিছুটা ঘাটতি থাকলেও এর অজুহাতে অতিরিক্ত দাম নেওয়ার সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল

চার ঘণ্টার মতো স্থগিত থাকার পর চালু হয়েছে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে টেলিকম বা অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় হঠাৎ গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় দেশজুড়ে অভ্যন্তরীণ ও বহির্গামী ফ্লাইট উড্ডয়ন স্থগিত (গ্রাউন্ড স্টপ) ঘোষণা করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এরপর স্থানীয় সময় শুক্রবার ফ্লাইট চলাচলের ওপর দেশব্যাপী স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানান যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।

তিনি জানান, শুক্রবার বহির্গামী ফ্লাইটের ওপর জারি করা দেশব্যাপী স্থগিতাদেশ প্রত্যাহার করেছে এফএএ। তবে কর্মকর্তারা এখনও এর কারিগরি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন।

হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে শন ডাফি জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে। এয়ারলাইনগুলোর নিয়মিত কার্যক্রম পুরোপুরি চালু করতে কিছুটা সময় লাগবে।

সাংবাদিকদের তিনি বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলছে। এমন বিপর্যয়ের পেছনে ‘পুরানো হার্ডওয়্যার’ এর কথা উল্লেখ করে বিভ্রাটের জন্য অতিরিক্ত চাপের মুখে পড়া সুইচ এবং রাউটারকে দায়ী করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের আধুনিকায়নের জন্য দেশটির আইন প্রণেতাদের কাছে ৫ হাজার কোটি ডলার বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই সমস্যাটি ‘এলথ্রিহ্যারিস’ (L3Harris) পরিচালিত একটি টেলিযোগাযোগ নেটওয়ার্কের সাথে সম্পর্কিত, যা এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিও ফ্রিকোয়েন্সি পরিচালনা করে। এই ঘটনায় প্রায় ৪ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন স্থগিতের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফ করেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন স্থগিতের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফ করেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি

সিস্টেম বিভ্রাটের কারণ স্পষ্ট 
পরিবহন মন্ত্রী শন ডাফি বলেছেন, এ ঘটনার পেছনে সিস্টেম বিভ্রাটের কারণটি স্পষ্ট। তার মতে, সিস্টেমটি অনেক পুরনো এবং এতে পুরনো রাউটার ব্যবহার করা হয়েছে, যা ‘জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি।

মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোতে টেলিকম যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটায় ‘অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে’ নজিরবিহীন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা চলছে। পুরোনো প্রযুক্তি ও সরঞ্জামের ঘাটতির কারণে যোগাযোগব্যবস্থার ত্রুটি এবং নিয়ন্ত্রককর্মীর সংকটে এ খাত চাপে রয়েছে। এসব অবকাঠামো আধুনিক করার জন্য ২০২৫ সালে ১২৫০ কোটি ডলার বরাদ্দ দেয় কংগ্রেস। তবে তা যথেষ্ট নয় জানিয়ে শুক্রবার দেশটির আইনপ্রণেতাদের কাছে আরও ৩০১০ কোটি ডলারের বড় বাজেট সহায়তা চেয়েছে এফএএ।

রয়টার্স জানিয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের পুরো আকাশসীমায় সব ধরনের ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখা হলো। ২০২৩ সালের জানুয়ারিতেও সিস্টেম ত্রুটির কারণে অভ্যন্তরীণ ফ্লাইট কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল।

শিকাগো ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর (ছবি-রয়টার্স)

শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর (ছবি-রয়টার্স)

এর আগে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এফএএ। এতে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল কিংবা মারাত্মক বিলম্বের শিকার হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। এতে তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেছেন, এই ঘটনার পেছনে কোনো হামলার সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। আকাশে থাকা সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে।

ফ্লাইট উড্ডয়ন বন্ধের ঘোষণার পর ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর খবরের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা (ছবি-এএফপি)

ফ্লাইট উড্ডয়ন বন্ধের ঘোষণার পর ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর খবরের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা (ছবি-এএফপি)

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, এই অচলাবস্থা পুরো দিন ধরে চলতে পারে। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, গ্রাউন্ডস্টপ বলবৎ থাকা অবস্থায় কোনো অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন করবে না।

এস্টেরিয়া ফ্রেন্ডস সোসাইটির নব নির্বাচিত কমিটির অভিষেক

জন্মভূমি প্রতিবেদকঃ পবিত্র কোরান তেলায়াত এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্টানের সুচনা হয়। অনুষ্টানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ভুঁইয়া, এম এন জিন্নাহ ও আহসানুল হক শিমুল ।
অনুষ্টানের সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি জনাব আবুল বাশার মিলন।নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু এবং আজহারুল ইসহাক খোকা সভাপতি, ফেরদৌস আলম ভুঁইয়া সাধারণ সম্পাদক, মনিরুল ইসলাম সিঃ ভাইস চেয়ারম্যান সহ ১৫ সদস্যের কমিটি ঘোষণা করেন।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আজহারুল ইসহাক খোকা। প্রধান অথিতির আসন অলংকৃত করেন কমিউনিটির পরিচিত মুখ এবং বিশিষ্ট সমাজ সেবক সাপ্তাহিক নবযুগ সম্পাদক জনাব সাহাব উদ্দিন সাগর। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি একটিভিস্ট বিশিষ্ট ব্যবসায়ী জনাব মফিজুর রহমান দুলাল,নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর, বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুর রহমান, কুমিল্লা সোসাইটির প্রধান উপদেষ্টা আবুল খায়ের আখন্দ,বাংলাদেশ সোসাইটির ট্রেজারার জনাব মফিজুল ইসলাম রুমী, কুমিল্লা সোসাইটির সভাপতি জাকির হোসেন, বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক মাসুম বেপারী,নরসিংদী কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি ফিরোজ আহমেদ, রায়পুরা সমিতির সভাপতি ইকবাল এ ভূঁইয়া, কমিউনিটি একটিভিস্ট জনাব টি মোল্লা, নরসিংদী জেলা সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা। মঞ্চে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,সাউথ এশিয়ান রিয়েলটর অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ বেলাল হোসেন, যশোর সোসাইটির সাবেক সভাপতি শাউন বাবলা,সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, গাজীপুর জেলা সমিতির সভাপতি মোমেন সরকার, গোপালগঞ্জ সমিতির সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি শহিদুল ইসলাম সহিদ, আমিনুল খান, ফারুক রফিকী, শহীদ উদ্দিন, এম আর সেলিম,সাইফুর রহমান সাইফুল, মুরাদ, শফিক, তাহমিনা নুপুর,ওয়ারেশ আলী, বিপ্লব, সেন্টু, মামুন, আনোয়ার হোসেন,সুমনা হক, শারমিন আহমেদ সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে এস্টেরিয়া ফ্রেন্ডস সোসাইটির বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন এবং নতুন কার্যকরী কমিটির সফলতা কামনা করেন।
গেস্ট অব অনার ইঞ্জিঃ আব্দুল খালেক এস্টোরিয়া বাসীর সার্বাঙিন মঙ্গলকামনা করেন এবং তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে দির্ঘদিন সাংগঠনিক বিশেষ অবদানের জন্য নেতৃবৃন্দের মাঝে লাইফ মেম্বারের সার্টিফিকেট প্রদান করা হয়। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পি বিন্দুকনা, সজীব ও বুলা আফরোজ মনেজ্ঞ্য সংগীত পরিবেশন করেন। এর আগে সবাইকে হেলো বাংলাদেশের মুখরোচক এপিটাইজার ও ডিনারে স্পেশাল কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হয়। নব নির্বাচিত সভাপতি আজহারুল ইসহাক খোকা তার বক্তব্যে তাদের নির্বাচিত করায় এস্টোরিয়া বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিস্যতে সমিতিকে আরো গতিশীল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ভুঁইয়া তাকে পুনরায় নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জানান। বিদায়ী সভাপতি আবুল বাশার মিলন তার বক্তব্যে এই সুন্দর অনুষ্টানের জন্য আয়োজক কমিটি, কার্যকরী কমিটি এবং অতিথি বৃন্দ ও উপস্থিত এস্টোরিয়া বাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে অভিষেক অনুষ্টানের সফল সমাপ্তি।

হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন ট্রাম্পের

জন্মভূমি প্রতিবেদকঃ ওভাল অফিসে নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন ট্রাম্প। সেই অনুষ্ঠানে আরও দু’জন উপস্থিত ছিলেন— বিদেশসচিব মার্কো রুবিও ও সোশ্যাল সিকিওরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদী।
নিজের দফতরে দীপাবলি উদ্যাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন তাঁর প্রশাসনের উচ্চপদ’ আধিকারিকেরা। ছিলেন মাইক্রন টেকনোলজি কোম্পানির কর্ণধার সঞ্জয় মেহরোত্রা-সহ বহু নামী কোম্পানির ভারতীয় কর্মকর্তারা।
উৎসবে যোগ দেন আমেরিকায় নিযুক্ত ভারতের দূত বিনয় মোহন কোয়াত্রা, বিখ্যাত রন্ধনশিল্পী বিকাশ খন্না, উদ্যোগপতি বিশাল গোণ্ডল, আইবিএমের কর্ণধার অরবিন্দ কৃষ্ণ, এফবিআই-র (মার্কিন গোয়েন্দা সংস্থা) পরিচালক কাশ পটেল ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থের পরিচালক জয় ভট্টাচার্য।
‘আরও রদবদল হবে’, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ বদল করে ট্রাম্পের বার্তা! কার কার উপর পড়তে পারে ‘কোপ’?
ওভাল অফিসে নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন ট্রাম্প। সেই অনুষ্ঠানে আরও দু’জন উপস্থিত ছিলেন— বিদেশসচিব মার্কো রুবিও ও সোশ্যাল সিকিওরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদী। ট্রাম্পের সঙ্গে দীপাবলি উদ্যাপনের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করে বিশাল বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীপাবলির পবিত্র মুহূর্ত কাটিয়ে নিজেকে ধন্য মনে করছি। উপহার হিসেবে তাঁর হাতে তুলে দিলাম একটি ‘হনুমান চালীসা’। তিনি যখন প্রদীপ জ্বালাচ্ছিলেন, আমি মনে মনে প্রার্থনা করছিলাম, আমেরিকা ও ভারতের সুসম্পর্ক যেন বজায় থাকে।’’